বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

জাতীয় পরিকল্পনায় সংস্কারকে প্রাধান্য দেওয়া প্রয়োজন

বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার। তিনি বলেছেন, বাংলাদেশের সবুজ, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য সহায়তা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক।
আজ বুধবার তিন দিনের বাংলাদেশ সফর শেষে ফিরে যাওয়ার আগে এক বিবৃতিতে মার্টিন রেইজার এ কথা বলেছেন। জুলাই মাসে দায়িত্ব নেওয়ার পর এবারই তিনি প্রথম বাংলাদেশে আসেন।

মার্টিন রেইজার বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হলো একটি উন্নয়ন সাফল্যের গল্প। ৫০ বছর ধরে বাংলাদেশের উন্নয়নযাত্রায় সঙ্গী হতে পেরে বিশ্বব্যাংক গর্বিত। তিনি আরও বলেন, বাংলাদেশের প্রবৃদ্ধির আকাঙ্ক্ষা অর্জনে সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। সরকারি প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা, প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করা, জলবায়ু পরিবর্তনে টেকসই হওয়া নিশ্চিতকরণ, আর্থিক খাত শক্তিশালী করার বিষয়ে সময় উপযোগী নীতি পদক্ষেপ প্রয়োজন।

সফরকালে মার্টিন রেইজার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ বিষয়ে মার্টিন রেইজার বিবৃতিতে বলেন, বর্তমান প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখা, অনিশ্চয়তার মধ্যে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা সম্প্রসারণ করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে জাতীয় পরিকল্পনাগুলোর মধ্যে সংস্কারকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

সফরকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া তিনি সুশীল সমাজের প্রতিনিধি ও ঢাকায় কার্যরত উন্নয়ন সহযোগী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সভা করেন।

বাংলাদেশের জন্য ২০২৩-২৭ মেয়াদের জন্য নতুন কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক (সিপিএফ) তৈরি করছে বিশ্বব্যাংক। সরকারি পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে ২০৩১ সালের মধ্যে উচ্চমধ্যম আয়ের দেশে উন্নীত হতে কীভাবে বাংলাদেশকে আরও বেশি সহায়তা করা যায়, তা নিয়ে মার্টিন রেইজার আলোচনা করেন। তিনি বলেন, অন্য দেশগুলো বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতার বিষয়ে শিখতে পারে। টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য বাংলাদেশকে সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।