
চ্যাটজিপিটি—সারা বিশ্বেই প্রযুক্তির এই উদ্ভাবন নিয়ে এখন মাতামাতি চলছে। আগেও তার কাছাকাছি মানের কাজ করতে পারে এমন প্রযুক্তি ছিল, কিন্তু তা চ্যাটজিপিটির মতো এমন জনপ্রিয়তা পায়নি। তার কিছু সমস্যা ছিল বলেই মুখ থুবড়ে পড়েছে। তবে চ্যাটজিপিটি যেভাবে আগের প্রযুক্তি থেকে এগিয়ে গেল, তার যেমন প্রযুক্তিগত উৎকর্ষ আছে, তেমনি অন্ধকার দিকও আছে।
চ্যাটজিপিটির পূর্বসূরি ছিল জিপিটি-৩। প্রযুক্তি বিশারদেরা বলেন, এটির সামর্থ্য চ্যাটজিপিটির কাছাকাছি ছিল, কিন্তু তা সহিংস, বর্ণবাদী ও যৌন বৈষম্যমূলক কনটেন্ট আধেয় তৈরি করত। বিষয়টি হচ্ছে, অন্তর্জালের গলি ঘুপচিতে ছড়িয়ে থাকা মানুষের মনের বিষ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকেও বিষিয়ে তুলেছিল। সেই বিষই কাল হয়েছিল জিপিটি-৩–এর।
চ্যাটজিপিটি ঠিক এখানেই নিজের অনন্যতা তুলে ধরেছে। কিন্তু বিষয়টি নিছক প্রযুক্তিগতভাবে সমাধান করা যায়নি। প্রযুক্তিবিদদের ভাষ্য, এ ধরনের সমস্যা থেকে মুক্তির জন্য নির্দিষ্ট ধরনের ডেটা লেবেলিং বা চিহ্নিত করা প্রয়োজন পড়ে, অর্থাৎ সেগুলো যে ভালো ডেটা নয়, তা চিহ্নিত করা। যাতে এআই এ ধরনের শব্দ কিংবা ছবি পেলেই বাতিল করে দেয়। কাজটা মানুষকেই করতে হয়েছে। সে জন্য বিপুলসংখ্যক মানুষকে নিয়োগ দিয়েছিল চ্যাটজিপিটির মূল কোম্পানি ওপেন এআই। এ ক্ষেত্রে এআই কিন্তু মানুষের কাজ কেড়ে নিল না বরং এক অর্থে কাজ ‘তৈরি’ করল।
কিন্তু এ ধরনের কাজ কে করবে, তা বড় প্রশ্ন হয়ে ওঠে। সিলিকন ভ্যালির কর্মীদের জন্য এ কাজ মানানসই নয়। তাই আমাদের মতো দরিদ্র বা উন্নয়নশীল দেশে তা পাঠানো হয়—ভদ্র ভাষায় যাকে বলে আউটসোর্সিং। ওপেনএআই এ ক্ষেত্রে ফেসবুকের পথ অনুসরণ করে।
বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন জানিয়েছে, এ কাজের জন্য ওপেন এআই কেনিয়ার একটি ‘এথিক্যাল এআই’ কোম্পানিকে নিয়োগ দেয়। প্রযুক্তি বিশারদেরা বলেন, এ কাজ কতটা ভয়াবহ, তা কল্পনার অতীত। যেমন শিশুর যৌন হয়রানি, হত্যা, খুন, ধর্ষণ, আত্মহত্যা, সামাজিকভাবে অস্বীকৃত যৌন সম্পর্ক এ–সংক্রান্ত টেক্সট ও ছবি ঘণ্টার পর ঘণ্টা ধরে পড়তে হবে আর সহিংস বা অযথাযথ হিসেবে চিহ্নিত করতে হবে। বিষয়টি অনেকটা বাংলাদেশের সিনেমা সেন্সর বোর্ডের কাজের মতো, যাদের ঘণ্টার পর ঘণ্টা ভালো-মন্দ সব ধরনের চলচ্চিত্র দেখতে হয়। তবে চ্যাটজিপিটির এই প্রশিক্ষণ আরও ভয়াবহ, কারণ, এ জন্য শুধু মন্দ জিনিসই পড়তে ও দেখতে হয়েছে কেনিয়ার সেই কর্মীদের। যাঁরা এসব করেছেন, তাঁদের মানসিক স্বাস্থ্যে এর কী প্রভাব পড়েছে, তা কিন্তু ওপেন এআই ভেবে দেখেনি।
সামা নামের সেই এথিক্যাল এআই কোম্পানির কয়েকজন কর্মীর সঙ্গে টাইম ম্যাগাজিন কথা বলেছে। তাঁরা জানিয়েছেন, কর্মীদের তিনটি ভাগে বিভক্ত করে কাজ করানো হয়েছে। একদলের কাজ ছিল যৌন নির্যাতনের বিবরণ চিহ্নিত করা, বাকি দুই দলের কাজ ছিল ঘৃণা ভাষ্য ও সহিংসতামূলক বিবরণ চিহ্নিত করা। সে জন্য তাঁদের দিনে ১৫০ থেকে ২০০ প্যারাগ্রাফ পড়তে হতো। যেগুলোর দৈর্ঘ্য ছিল ১০০ থেকে ১ হাজার শব্দ। মজুরি তো কম ছিলই, এ কাজ করতে গিয়ে অনেক কর্মী রীতিমতো মানসিক রোগীতে পরিণত হন, যাঁদের খেয়াল কেউ রাখেনি।
ঘণ্টাপ্রতি সর্বোচ্চ দুই ডলার পেয়েছেন কেনিয়ার এই কর্মীরা। খেয়াল করা দরকার, কেনিয়ার মতো দেশে ন্যূনতম মজুরির বালাই নেই বলেই কাজটা সেখানে পাঠানো হয়েছে। সেই অর্থে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তি কলোনিয়াল বা ঔপনিবেশিক কায়দায় শ্রম শোষণের ওপর দাঁড়িয়ে আছে।
এ বিষয়ে ফেসবুক পোস্টে বিস্তারিত বলেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এআই ল্যাবে কাজ করা বাংলাদেশি তরুণ সাফির আবদুল্লাহ। তিনি লিখেছেন, ‘এটিই কিন্তু বর্তমানের একমাত্র ভয়ের বিষয় নয়। যেমন এ ধরনের প্রযুক্তি পরিবেশের যে বিপুল ক্ষতি করছে, তা নিয়ে বলতে গেলে আরও অনেক কথা বলার প্রয়োজন পড়বে। গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, আগামী দিনে মানুষ চাকরি হারাবে কি না, এ নিয়ে চিন্তা করার আগে আমাদের মতো দেশগুলোর ভাবতে হবে, আমাদের ভাগ্য কি টেকনোলজি বা প্রযুক্তির ময়লা ফেলার জায়গা হওয়া কি না? মনে রাখতে হবে, প্যারিস ফ্যাশন উইকে জামাকাপড় যতই চকমকে হোক, তাতে আমাদের গার্মেন্টসকর্মীদের কিছুই যায় আসে না। আমরা কেবল-ই পশ্চিমের সোয়েট হাউস। তাই এআই যতই ফ্যান্সি লাগুক, তাকেও সতর্কতার সঙ্গে গ্রহণ করতে হবে।’
কেমব্রিজের যে কৃত্রিম বুদ্ধিমত্তা পরীক্ষাগারে সাফির আবদুল্লাহ কাজ করেন তার অন্যতম লক্ষ্য হলো, এআই প্রযুক্তিকে সমস্যামুক্ত করে সমগ্র মানবজাতির জন্য কীভাবে উপকার বয়ে আনা যায়, তার পথ বাতলানো। ২০১৬ সালে এই কেন্দ্রের উদ্বোধন করেন বিশ্বখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং, যিনি দীর্ঘসময় কেমব্রিজে কাটিয়েছেন। তখন তিনি এআই নিয়ে সাবধান বাণী দিয়ে গেছেন: এআই হতে পারে ‘বেস্ট’ কিংবা ‘ওর্স্ট’, অর্থাৎ সবচেয়ে ভালো বা সবচেয়ে খারাপ।
অর্থাৎ এআই কীভাবে কাজে লাগানো হবে, সেই প্রশ্নের মীমাংসা করা ভীষণ জরুরি ও মূল্যবান কাজ।