ঈদ সামনে, জমেনি বৈশাখের পোশাকের ব্যবসা

ফাইল ছবি
ফাইল ছবি

আগামীকাল বৃহস্পতিবার পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ। কয়েক দিন পরেই আবার রোজার ঈদ। সে জন্য বৈশাখকেন্দ্রিক অর্থনীতি আগের মতো পুরোপুরি জমে ওঠেনি। কাছাকাছি সময়ে দুটি বড় উৎসব হওয়ায় ক্রেতাসাধারণ কেনাকাটায় কিছুটা সতর্ক ও সাশ্রয়ী হয়েছেন। অবশ্য মূল্যস্ফীতির চাপও ক্রেতাদের কেনাকাটায় সাশ্রয়ী হওয়ার আরেক কারণ। তবে বিষয়টি ব্যবসায়ীদের মাথায়ও ছিল। তাই পোশাকপণ্যের ডিজাইন তথা নকশায় বৈশাখকেন্দ্রিক না থেকে বৈচিত্র্য আনার কৌশল নিয়েছেন তাঁরা। একাধিক উৎসবে–পার্বণে পরা যায় এমন পোশাকপণ্য তৈরি ও বেচাকেনা করছেন ব্যবসায়ীরা।  

গত তিন দিনে ঢাকার শাহবাগ, নিউমার্কেট, ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, কারওয়ানবাজার প্রভৃতি এলাকার বিভিন্ন মার্কেট ও বিপণিবিতান ঘুরে এমন তথ্য জানা গেছে। বেশির ভাগ বিপণিবিতান ও মার্কেটে ক্রেতাদের পয়লা বৈশাখ বা নববর্ষের চেয়ে ঈদের পোশাক ও পণ্য বেশি কিনতে দেখা যায়।

এ বছর ঈদ ও বৈশাখ কাছাকাছি সময়ে আসায় এবং মূল্যস্ফীতির চাপ থাকায় বেচাকেনায় কিছুটা প্রভাব পড়ার কথা। আশা করছি, ব্যবসায়ীরাও সেভাবেই প্রস্তুতি নিয়েছেন।
খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষণা পরিচালক, সিপিডি।

২০১৬ সাল থেকে সরকারি কর্মচারী, শিক্ষক ও সশস্ত্র বাহিনীতে কর্মরত ব্যক্তিরা বৈশাখী ভাতা পাচ্ছেন। বেসরকারি কিছু ব্যাংকও এই ভাতা দিচ্ছে। সব মিলিয়ে মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বৈশাখকেন্দ্রিক অর্থনীতির আকার বড় হচ্ছিল। কিন্তু এবার কয়েক দিনের ব্যবধানে ঈদ থাকার কারণে আলাদাভাবে বৈশাখের বেচাকেনা কম হচ্ছে।

ঈদের কারণে বৈশাখ নিয়ে আলাদা করে খুব বেশি অনুষ্ঠান হচ্ছে না। তাই গত বছরের মতো এবারও বৈশাখের পোশাকের আয়োজনটা ছোট রাখা হয়েছে।
শাহীন আহম্মেদ, সভাপতি, এফইএবি।    

ফ্যাশন প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ফ্যাশন উদ্যোক্তা সমিতি (এফইএবি বা ফ্যাশন উদ্যোগ) উৎসবের বেচাকেনা নিয়ে ২০১২ সালে একটি জরিপ করেছিল। সেই তথ্য অনুযায়ী, সারা দেশের ফ্যাশন হাউসগুলোতে সারা বছরের মোট বিক্রির ৫০ শতাংশ হয় রোজার ঈদে। ২৫ শতাংশ হয় পয়লা বৈশাখে। তবে এবার দুই উৎসব এক সময়ে হওয়ায় পহেলা বৈশাখের বেচাকেনা তুলনামূলক কম বলে জানান সমিতির নেতারা।

জানতে চাইলে এফইএবির সভাপতি শাহীন আহম্মেদ প্রথম আলোকে বলেন, ঈদের কারণে বৈশাখ নিয়ে আলাদা করে খুব বেশি অনুষ্ঠান হচ্ছে না। তাই গত বছরের মতো এবারও বৈশাখের পোশাকের আয়োজনটা ছোট রাখা হয়েছে। তবে আগ্রহী ক্রেতাদের কথা ভেবে বিশেষ নকশায় বৈশাখকেন্দ্রিক কিছু শাড়ি, পাঞ্জাবি ও বাচ্চাদের পোশাক বানিয়েছে ফ্যাশন ব্র্যান্ডগুলো। সব মিলিয়ে বৈশাখ ও ঈদের পোশাক বেচাকেনা প্রত্যাশা অনুযায়ী হবে বলে আশা করেন তিনি।  

পোশাকের পাশাপাশি মিষ্টি এবং ইলিশের কেনাবেচাও আগের বছরগুলোর তুলনায় কম হচ্ছে বলে পণ্য দুটির বিক্রেতারা।

এবার প্রাধান্য ঈদের কেনাকাটায়

বিভিন্ন বিপণিবিতান ও মার্কেট ঘুরে দেখা গেছে, অল্প কিছু পোশাকের ব্র্যান্ড ছাড়া অন্যান্য জায়গায় পহেলা বৈশাখকেন্দ্রিক আলাদা নকশার পোশাক বানানো হয়নি। বিশেষ করে সাদা কাপড়ের ওপর লাল নকশার পোশাক খুব কম দেখা গেছে। অধিকাংশ পোশাকের নকশা এমনভাবে করা হয়েছে যা ঈদ ও বৈশাখ—উভয় উৎসবে পরা যাবে। সার্বিকভাবে ঈদের পোশাকই কিনছেন বেশির ভাগ ক্রেতা।

রাজধানীর মিরপুর–১০ এলাকার পোশাকের দোকান ‘গ্রামীণ সম্ভার’ আগে পহেলা বৈশাখ উপলক্ষে পোশাক বিক্রি করত। তবে  দুই বছর ধরে তা হচ্ছে না। গ্রামীণ সম্ভারের ব্যবস্থাপক ইমরান হোসেন প্রথম আলোকে জানান, ঈদের মৌসুম থাকায় এ বছর পহেলা বৈশাখ উপলক্ষে তাঁদের বিশেষ কোনো পোশাকের সংগ্রহ নেই। এবার মূলত ঈদের পোশাকই বিক্রি হচ্ছে। তবে এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার তুলনায় ২০ শতাংশ কম বেচাকেনা হয়েছে বলে জানান তিনি।

নিউমার্কেটের জাহানারা এন্টারপ্রাইজের বিক্রয়কর্মী মো. সীমান্ত বলেন, ক্রেতারা ঈদের কেনাকাটা বেশি করছেন। আলাদা করে পহেলা বৈশাখের বেচাকেনা হচ্ছে না।  

ইজি ব্র্যান্ডের মিরপুর–১০ শাখার ব্যবস্থাপক রাকিবুল ইসলামেরও একই ভাষ্য, ঈদের কেনাকাটায় ক্রেতা ভালোই মিলছে। তবে তাঁরা এবারে আগের তুলনায় কম পরিমাণে কেনাকাটা করছেন।  

পোশাকের মূল্যবৃদ্ধির কথা জানান ব্যবসায়ীরা। নিউমার্কেটে ছোটদের পোশাক বিক্রি করেন মো. রনি নামের এক বিক্রেতা। তিনি জানান, এক বছর পর্যন্ত বয়সী বাচ্চাদের প্রতিটি পোশাকের দাম এবার ৮০ থেকে ১০০ টাকা বেড়েছে। আর বড় বাচ্চাদের পোশাকে ১০০ থেকে ২০০ টাকা করে দাম বেড়েছে।

বৈচিত্র্য আনা হয়েছে নকশায়

শাহবাগ আজিজ সুপার মার্কেটের ‘কাপড়–ই–বাংলা’ দোকানে বৈশাখকেন্দ্রিক গ্রামীণ ঐতিহ্যের ও বিশেষ নকশায় তৈরি বেশ কিছু পোশাক দেখা গেল। এর মধ্যে রয়েছে নারীদের থ্রি–পিস, ওড়না, বাচ্চাদের টপস ও পাঞ্জাবি। এ ছাড়া মেটাল (ধাতব) ও কাপড়ের গহনা বিক্রি হচ্ছে এই দোকানে। কাপড়–ই–বাংলার এক মালিক নওশীন তাবাসসুম বলেন, পহেলা বৈশাখ রোজার মধ্যে হওয়ায় বেচাকেনায় প্রভাব পড়বে, এটা অনুমিতই ছিল। সে জন্য দুটি উৎসবেই ব্যবহার করা যাবে—এমন চিন্তা থেকে আমাদের বেশ কিছু পোশাকের নকশা করা হয়েছে। অনেকেই এসব পোশাক কিনছেন।

নওশীন তাবাসসুম আরও বলেন, মানুষ এখন শুধু একটা উৎসবে পরবে— এমন পোশাক কিনতে চান না। তাই পোশাকের নকশাও সেভাবে করা হচ্ছে।

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ব্র্যান্ডগুলোতেও পোশাকের নকশায় এমন বৈচিত্র্য দেখা গেছে।

বৈশাখের হালখাতা

বৈশাখে হালখাতার চল অনেকটা কমে গেলেও মিষ্টি-নিমকি দিয়ে ক্রেতা ও পরিচিতদের আপ্যায়ন করার ঐতিহ্য এখনো টিকে আছে। ব্যবসায়ী ছাড়াও বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানেও মিষ্টি খাওয়ার চল শুরু হয়েছে। তবে এ বছর রোজার কারণে মিষ্টির ব্যবসায়ে কিছুটা ভাটা পড়েছে।

প্রাণ গ্রুপের প্রতিষ্ঠান বঙ্গ বেকারসের মিষ্টির ব্র্যান্ড মিঠাইয়ের হেড অব বিজনেস কাজী সাইফুল ইসলাম জানান, বৈশাখে এ বছর তাঁদের করপোরেট ক্রয়াদেশ খুব একটা আসেনি। গত বছর খুচরা পর্যায়ে ৯–১০ টন মিষ্টি বিক্রি করেছিল মিঠাই। এ বছর ১২ থেকে ১৪ টন মিষ্টি বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে তাঁদের।

ইলিশের চাহিদা কম

রোজার কারণে এ বছরও পান্তা-ইলিশের উৎসব হবে না। তাই আগে যেভাবে বৈশাখের আগে ইলিশ কেনার ধুম পড়ে যেত এবার সে তুলনায় চাহিদা অনেক কম। তবে বাজারে মাছটির দাম বেশ চড়া।  

রাজধানীর কারওয়ান বাজারের ব্যবসায়ীরা গতকাল চট্টগ্রাম অঞ্চল থেকে আসা এক কেজি ওজনের একেকটি ইলিশ বিক্রি করেছেন ১২০০–১৫০০ টাকায়। আর আগে থেকে সংরক্ষণ করে রাখা বরিশাল ও চাঁদপুর অঞ্চলের ইলিশ বিক্রি করেছেন ১৭০০–১৮০০ টাকায়।

কারওয়ান বাজারের মাছবিক্রেতা মো. সুমন ইসলাম বলেন, ‘রোজার কারণে বড় ধরনের বৈশাখী অনুষ্ঠানের আয়োজন তেমন নেই। এ কারণে ক্রেতা কম। তাই  ইলিশ কেনার অর্ডার আগের মতো পাচ্ছি না।’

জানতে চাইলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘বৈশাখ আমাদের একটি বড় উৎসব। মানুষের ক্রয়ক্ষমতা আগের তুলনায় বৃদ্ধি পাওয়ায় উৎসবের অর্থনীতির আকারও বাড়ছে। শুধু শহরেই নয়, শহরতলিতেও তা ছড়িয়ে পড়েছে। তবে এ বছর ঈদ ও বৈশাখ কাছাকাছি সময়ে আসায় এবং মূল্যস্ফীতির চাপ থাকায় বেচাকেনায় কিছুটা প্রভাব পড়ার কথা। আশা করছি, ব্যবসায়ীরাও সেভাবেই প্রস্তুতি নিয়েছেন।’