
জাপানের সঙ্গে বাংলাদেশের হয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) হবে, অথবা হবে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ)। উভয় দেশই এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে। এফটিএ বা ইপিএ করার লক্ষ্যে ইতিমধ্যে যৌথ সম্ভাব্যতা সমীক্ষার কাজ শুরু হয়েছে।
ঢাকায় নিযুক্ত জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইতো নাওকির সঙ্গে আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন। বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান এ সময় উপস্থিত ছিলেন।
টিপু মুনশি বলেন, বাংলাদেশের অন্যতম বাণিজ্য ও উন্নয়ন সহযোগী জাপান। ৫০ বছর ধরে দেশটি বিভিন্নভাবে বাংলাদেশকে সহযোগিতা দিয়ে আসছে। জাপান এখন বাংলাদেশের বড় রপ্তানি বাজারও। উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য দিন দিন বাড়ছে।
বাংলাদেশে জাপানের অনেক বিনিয়োগ রয়েছে, এই মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, অতি সম্প্রতি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জাপানি বিনিয়োগকারীরা ১৫০ কোটি ডলার বিনিয়োগ করেছে।
২০২৬ সালে বাংলাদেশ যে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে—এ জন্য বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ করে সুবিধা নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান টিপু মুনশি। বলেন, জাপানের সঙ্গে এফটিএ বা ইপিএর মতো চুক্তি করে সহযোগিতা নেওয়ার দরকার হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ গড়ে তোলার জন্য পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ অগ্রযাত্রায় জাপানকে পাশে চায় বাংলাদেশ।
জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক লম্বা সময়ের। সেই সুবাদে বাণিজ্য আরও বাড়ানোর সুযোগ রয়েছে এবং সুযোগটিকে কাজে লাগাতে হবে। ইপিএ করে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও বৃদ্ধি করতে চায় জাপান। বাংলাদেশের উন্নয়ন যাত্রায় জাপান পাশে থাকবে।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০২১-২২ অর্থবছরে জাপানে ১ হাজার ৩৫৪ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। একই সময়ে দেশটি থেকে আমদানি করা হয়েছে ১ হাজার ৪১০ কোটি ডলারের পণ্য।