পণ্যের সরবরাহ শৃঙ্খলের ক্রমবর্ধমান ব্যয় বৃদ্ধি এখন বিশ্বব্যাপী ব্যবসা–বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। পরিবর্তনশীল বাণিজ্যনীতি, উচ্চ শুল্ক, পণ্য পরিবহনে বিলম্ব ও কাঁচামাল–সংকটের কারণে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর খরচ বাড়ছে। খরচ বেড়ে যাওয়ায় তাতে বিশ্বজুড়ে বিভিন্ন খাতের কোম্পানির আয়ও কমে যাচ্ছে।
বিশ্বের বিভিন্ন কোম্পানির শীর্ষ পর্যায়ের ৫ হাজার ৭০০ কর্মকর্তা জানিয়েছেন, খরচ বেড়ে যাওয়ায় তাঁদের গড় আয় ১৮ শতাংশ কমে যাবে। বাংলাদেশে এই হার বৈশ্বিক গড়ের চেয়ে বেশি। বাংলাদেশের ২৫০টি প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৈশ্বিক গড় আয়ের চেয়ে ৫ শতাংশ বেশি হারে তাঁদের আয় কমবে।
সম্প্রতি বহুজাতিক ব্যাংক এইচএসবিসির ‘বৈশ্বিক ট্রেড পালস’ জরিপে অংশ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় কোম্পানির শীর্ষ কর্মকর্তারা এই আশঙ্কার কথা তুলে ধরেন। সম্প্রতি এই জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে ব্যাংকটি। এইচএসবিসি বাংলাদেশের পক্ষ থেকে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপে উঠে আসা বিভিন্ন তথ্যের কথা জানানো হয়। এইচএসবিসি জানিয়েছে, চলতি বছরের ৩০ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত জরিপটি পরিচালনা করা হয়। এতে বিশ্বের ১৩টি দেশের ৫ হাজার ৭০০টি কোম্পানির থেকে তথ্য নেওয়া হয়েছে, যার মধ্যে বাংলাদেশের প্রতিষ্ঠান রয়েছে ২৫০টি।
জরিপের তথ্য অনুযায়ী, পণ্য পরিবহনে দেরি বা সরবরাহব্যবস্থায় বাধা সৃষ্টি হলে তাতে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বেশি ক্ষতির (আয় কমার) আশঙ্কায় রয়েছে। যদিও পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশি কোম্পানিগুলো নিজেদের দীর্ঘমেয়াদি কৌশল পুনর্গঠন করছে।
এইচএসবিসির জরিপে উঠে এসেছে, শুল্ক–কর ও বাণিজ্যিক অনিশ্চয়তার কারণে আয় ও ব্যয় উভয় দিক থেকেই চাপে রয়েছে কোম্পানিগুলো। জরিপে অংশ নেওয়া দুই-তৃতীয়াংশ প্রতিষ্ঠান ইতিমধ্যে শুল্ক ও বাণিজ্য অনিশ্চয়তার কারণে ব্যয় বৃদ্ধির সম্মুখীন হয়েছে। প্রায় ৭০ শতাংশ কোম্পানি জানিয়েছে, খরচের এই চাপ নিকট ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান বলেন, বাংলাদেশি ব্যবসায়ীরা এই পরিবর্তনশীল পরিস্থিতি মানিয়ে নিচ্ছেন। এ বিষয়ে তাঁদের আশাবাদী মনোভাবই জরিপে প্রতিফলিত হয়েছে।