আইএলওর প্রতিবেদন

পাঁচ কোটি মানুষ বাধ্যতামূলক শ্রম ও বিয়ের শিকার হচ্ছে

সাম্য, মৈত্রী ও স্বাধীনতা—সেই ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের মূল মর্মবাণী ছিল এই তিনটি ধারণা। ফরাসি লেখক জঁ-জাক রুশোকে ফরাসি বিপ্লবের মূল কারিগর মনে করা হয়। তিনিই প্রথম উল্লেখ করেন, ‘মানুষ জন্মগতভাবে স্বাধীন, কিন্তু সমাজ তাকে শৃঙ্খলিত করে।’ এরপর মানুষের এই স্বাধীনতার ধারণা বিশ্বব্যাপী গৃহীত হয়, দাসশ্রমের অবসান হয়।

কিন্তু বাস্তবতা হচ্ছে, এখনো মানুষ জোর করে দাসশ্রমে বাধ্য হচ্ছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), ওয়াক ফ্রি ও আইওএমের এক যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে প্রায় পাঁচ কোটি মানুষ বাধ্যতামূলক শ্রম অথবা জোর করে বিয়ের সম্পর্কে যেতে বাধ্য হচ্ছে। নিজেদের ইচ্ছার বিরুদ্ধে বাধ্যতামূলক শ্রম অথবা বিয়ের হার সাম্প্রতিক বছরগুলোয় নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদনে বাংলাদেশের প্রসঙ্গও উঠে এসেছে। বলা হয়েছে, যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগের মতো সংকটের কারণে শিশু পাচারের সুযোগ বৃদ্ধি পায়। মূলত রোহিঙ্গা শিশুদের প্রসঙ্গে এ কথা বলা হয়েছে। পাচারকারীরা কক্সবাজারের শিবির থেকে রোহিঙ্গা শিশুদের গৃহশ্রমিক হিসেবে কাজ করতে বিভিন্ন স্থানে পাঠিয়ে দিচ্ছে।
কোভিড-১৯–এর কারণে বিশ্বের প্রায় সব অঞ্চলে জোর করে বিয়ের সংখ্যা বেড়েছে। বলা হয়েছে, যেসব দেশের তথ্য-উপাত্ত পাওয়া যায়, সেসব দেশে গত দুই বছরে বাল্যবিবাহ ও জোর বিয়ে অনেকটা বেড়েছে। দেশগুলোর মধ্যে আছে আফগানিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, সুদান, মিসর, ইয়েমেন, জর্ডান, সেনেগাল, উগান্ডা ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো।

আইএলওর প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘ ২০৩০ সালের মধ্যে সব ধরনের আধুনিক দাসপ্রথা নির্মূলের লক্ষ্য নির্ধারণ করলেও ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে বিশ্বে বাধ্যতামূলক শ্রম অথবা জোর করে বিয়েতে আটকে পড়া মানুষের সংখ্যা এক কোটি বেড়েছে।

গত বছরের শেষ দিকে বিশ্বজুড়ে ২ কোটি ৮০ লাখ মানুষ বাধ্যতামূলক শ্রমে নিয়োজিত ছিলেন। এ ছাড়া ওই সময়ে ২ কোটি ২০ লাখ মানুষ ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করে একসঙ্গে বসবাস করতে বাধ্য হচ্ছিলেন।

বিশ্বের প্রতি ১৫০ জনের মধ্যে প্রায় একজন আধুনিক দাসত্বের বেড়াজালে আটকা পড়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। আইএলওর প্রধান গাই রাইডারের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক, আধুনিক দাসত্ব পরিস্থিতির উন্নতি হচ্ছে না। মানবাধিকারের এই মৌলিক লঙ্ঘন কোনো বিচারেই ন্যায্যতা পেতে পারে না।’

আইএলওর প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারির কারণে আধুনিক দাসত্ব পরিস্থিতির আরও অবনতি হয়েছে এবং অনেক শ্রমিকের ঋণ এবং জীবনযাত্রার ঝুঁকি বেড়েছে।

এসব সমস্যা দীর্ঘমেয়াদি হতে পারে বলে প্রতিবেদনে সতর্ক করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, বাধ্যতামূলক শ্রম দীর্ঘমেয়াদি হতে পারে এবং জোর করে বিয়ে প্রকৃত অর্থে ‘আজীবন কারাদণ্ডের’ মতোই। বলা নিষ্প্রয়োজন, এই সংকটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী ও শিশুরা। বাধ্যতামূলক শ্রমে নিয়োজিত প্রতি পাঁচজনের মধ্যে অন্তত একজন শিশু—এই শিশুদের অর্ধেকেরও বেশি বাণিজ্যিক যৌন শোষণের শিকার।

বিশ্বের প্রায় সব দেশেই আধুনিক দাসত্ব আছে। এ ছাড়া বাধ্যতামূলক শ্রমের প্রায় অর্ধেকেরও বেশি এবং জোর করে বিয়ের এক–চতুর্থাংশই বিশ্বের উচ্চমধ্যম আয়ের অথবা উচ্চ আয়ের দেশের নাগরিক। উত্তর আমেরিকার উদাহরণ দিয়ে বলা হয়েছে, এই মহাদেশের রক্ষণশীল ধর্মীয় গোষ্ঠীর মধ্যে জোর করে বিয়ের নজির দেখা যায়। এমনকি যুক্তরাষ্ট্রের মতো দেশের কিশোরীরা ১৫ বছরের আগেই অন্তঃসত্ত্বা হলে বিচারক বিয়ের নিবন্ধন দিতে পারেন।

বলা হয়েছে, জোর করে বিয়ের শিকার কিশোরী ও তরুণীরা স্বামী ও বাবা-মার কাছ থেকে দূরে সরে যেতে অভিবাসন করেন। আবার এই অভিবাসনের কারণে নারীরা অরক্ষিত হয়ে পড়েন। উচ্চ আয়ের দেশে দেখা যায়, নারী ও কিশোরীরা সাংস্কৃতিক কারণে অথবা অন্য দেশ থেকে আসা অভিবাসীদের সেই দেশে থাকা নিশ্চিত করতে বিদেশি নাগরিকদের বিয়ে করতে বাধ্য হন। প্রতিবেদনের তথ্যানুসারে, ৭৩ শতাংশ ক্ষেত্রে নারী ও কিশোরীরা বাবা-মায়ের চাপে বিয়ে করতে বাধ্য হন।

২০১৬ সালে জাতিসংঘ সর্বশেষ আধুনিক দাসত্বের যে প্রতিবেদন প্রকাশ করেছিল, সেই সময়ের তুলনায় বর্তমানে জোর করে বিয়ের ঘটনা অনেকটাই বেড়েছে। ২০১৬ সালের তুলনায় গত পাঁচ বছরে বিশ্বে জোর করে বিয়েতে আটকা পড়া মানুষের সংখ্যা, যাদের বেশির ভাগই নারী এবং তরুণী—প্রায় ৬৬ লাখ বৃদ্ধি পেয়েছে।

জাতিসংঘের এসডিজি বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার স্লোগান হচ্ছে, কাউকে পেছনে রাখা যাবে না—সবাইকে নিয়ে এগোতে হবে। বিশ্বের সিংহভাগ দেশ এসডিজি বাস্তবায়ন করছে, যদিও কোভিডের কারণে তা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। দারিদ্র্য পুরোপুরি নিরসনের পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নের কথাও এসডিজিতে বলা হয়েছে। তবে জোর করে বিয়ের ক্ষেত্রে উন্নত দেশের যে পরিস্থিতি প্রতিবেদনে দেখা গেল, তাতে জীবনমানের উন্নয়নের পাশাপাশি সাংস্কৃতিক পরিবর্তনের প্রয়োজনীয়তাও আছে বলে প্রতীয়মান হয়।