
শিল্পকারখানায় অধিক পরিমাণে ভূগর্ভস্থ পানির ব্যবহার পরিবেশের জন্য উদ্বেগজনক। তাই পানি সরবরাহে দীর্ঘ মেয়াদে টেকসই ব্যবস্থা নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
‘শিল্প খাতে বৃষ্টির পানি সংগ্রহ ও সংরক্ষণ—পানি ব্যবস্থাপনায় টেকসই পদক্ষেপ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার এ গোলটেবিলের আয়োজন করে ওয়াটারএইড বাংলাদেশ এবং তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
ওয়াটারএইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বলেন, ভূগর্ভস্থ পানি কমে যাওয়ায় আসন্ন সংকট সমাধানে বৃষ্টির পানি সংগ্রহ ও সংরক্ষণ নিয়ে কাজ করা উচিত। শিল্প খাতের ক্ষেত্রে কারখানাগুলোর ছাদের ওপরে পর্যাপ্ত জায়গা রয়েছে। সেখানে সহজেই বৃষ্টির পানি সংগ্রহ ও সংরক্ষণ করা যায়।
বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, বিজিএমইএ টেকসই পানি ব্যবস্থাপনার ব্যাপারে বৃষ্টির পানি সংগ্রহ ও সংরক্ষণে কারখানাগুলোকে উৎসাহিত করছে। ব্যবসায়িকভাবে শিল্প খাতগুলোর বৃষ্টির পানির ব্যাপারে গুরুত্বারোপ করার পাশাপাশি ভূগর্ভস্থ পানিনিষ্কাশন ও সেটির ওপর নির্ভরতা কমাতে প্রয়োজনীয় সহায়তা করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডারস অ্যাসোসিয়েশনের (বায়লা) সভাপতি আবরার হোসেন সায়েম বলেন, টেকসই ব্যবস্থাপনা ও পানি সংরক্ষণ প্রক্রিয়ায় অনেক স্মার্ট শিল্পকারখানা কাজ শুরু করেছে। ভবিষ্যৎ বিপর্যয় প্রতিহতে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমাতে কারখানায় বৃষ্টির পানি সংগ্রহ ও সংরক্ষণ ব্যবস্থাপনা পদ্ধতি গ্রহণ করা হচ্ছে।