
দেশের রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি সমন্বয়ের জন্য দ্রুততম সময়ের মধ্যে নিম্নতম মজুরি বোর্ড গঠনসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। তাঁদের অন্য দাবিগুলো হচ্ছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য শ্রমিকের ক্রয়ক্ষমতার মধ্যে নামিয়ে আনা, মিরপুর-উত্তরাসহ বিভিন্ন অঞ্চলে মজুরির দাবিতে আন্দোলন করা শ্রমিকদের ওপর হামলা মামলা গ্রেপ্তার বন্ধ করা, শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকায় নির্ধারণ, নতুন মজুরি কার্যকর হওয়ার আগে পর্যন্ত মহার্ঘ ভাতা ও শ্রমিকদের জন্য রেশনিংয়ের ব্যবস্থা এবং জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের উদ্যোগ গ্রহণ।
ছয় দফা দাবি আদায়ের দাবিতে আজ শুক্রবার বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপ্রধান তাসলিমা আখ্তার, সাধারণ সম্পাদক জুলহাস নাইন, সহসাধারণ সম্পাদক অঞ্জন দাস, কেন্দ্রীয় নেতা বাবুল হোসেন প্রমুখ। সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
সমাবেশে শ্রমিকনেতারা বলেন, লাগামছাড়া পণ্যমূল্য বৃদ্ধি দেশবাসীর জীবন বিপর্যস্ত করে তুলেছে। এই অবস্থায় পোশাকশ্রমিকসহ শ্রমজীবী মানুষ সবচেয়ে দুর্ভোগের মধ্যে আছেন। মালিকদের ক্রয়াদেশ, পণ্য রপ্তানি ও আয় বাড়ছে। কিন্তু শ্রমিকের শ্রমের দাম বাড়ছে না। তাই সময়ের জরুরি দাবি হিসেবে মজুরি বোর্ড গঠন অনিবার্য হয়ে পড়েছে। এই দাবিকে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই।
শ্রমিকনেতারা আরও বলেন, শ্রমিক বাঁচলে পোশাক খাতে অগ্রগতিও অব্যাহত থাকবে। তা না হলে শ্রমিকের বিক্ষুব্ধ হওয়া স্বাভাবিক। এর মধ্যে ‘উন্নয়নবিরোধী’ বা ‘ষড়যন্ত্রের থিওরি’ চাপানোর অর্থ শ্রমিকদের ন্যায্য দাবিকে অগ্রাহ্য করা। বর্তমান বাজারের লাগামহীন অবস্থায় ২০১৮ সালে ঘোষিত ৮ হাজার টাকা বেতনে পোশাক শ্রমিকদের বেঁচে থাকা অসম্ভব। তাই দ্রুততম সময়ের মধ্যে ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে মজুরি ২০ হাজার টাকা নির্ধারণের দাবি জানান তাঁরা।