
জাপানের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড ও মডেলের রিকন্ডিশন্ড গাড়ি প্রদর্শনী শুরু হয়েছে ঢাকায়। এতে রয়েছে টয়োটা প্রিয়াস, করোলা ক্রস, হ্যারিয়ার, নোয়া, ভক্সি, আলফার্ডসহ আরও অনেক আকর্ষণীয় মডেলের গাড়ি।
রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বারভিডা কার এক্সপোতে এই রিকন্ডিশন্ড গাড়ি প্রদর্শিত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার তিন দিনের এই প্রদর্শনী শুরু হয়। কাল শনিবার প্রদর্শনী শেষ হবে। গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা) এই প্রদর্শনীর আয়োজন করেছে।
প্রদর্শনীতে আগত দর্শনার্থীরা সরাসরি বিভিন্ন গাড়ি দেখার পাশাপাশি মডেল ভেদে বৈশিষ্ট্য, প্রযুক্তি, সুযোগ-সুবিধা ও দাম তুলনা করতে পারছেন। একই জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানের গাড়ি দেখার মাধ্যমে ক্রেতারা নিজেদের বাজেট ও পছন্দ অনুযায়ী সঠিক গাড়ি বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন।
গতকাল প্রদর্শনীর উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বারভিডার সভাপতি আবদুল হক। আরও বক্তব্য দেন বারভিডার সাবেক সভাপতি আবদুল মান্নান চৌধুরী খসরু, মো. হাবিব উল্লাহ ডন ও বারভিডার সাবেক মহাসচিব মাহাবুল হক চৌধুরী। সভা সঞ্চালনা করেন বারভিডার মহাসচিব রিয়াজ রহমান।
নীতি প্রণয়নকালে জাপানি রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি প্রত্যাহারের আহ্বান জানিয়ে বারভিডার সাবেক ও বর্তমান নেতারা বলেন, ৬৬০ সিসির জাপানি কে কার নামে পরিচিত ছোট আকৃতির কার আমদানিতে সুবিধা দেওয়া হলে শহরের জঞ্জাল নামে পরিচিত ব্যাটারিচালিত রিকশার ভয়াবহতা থেকে নগরকে মুক্তি দেওয়া সম্ভব হবে।
আয়োজকেরা জানান, শনিবার বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা বিনা মূল্যে প্রদর্শনীতে প্রবেশ করতে পারবেন।