পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত মজুরি বাড়ল

নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় প্রায় ১০ ঘণ্টা আলোচনায় তিনটি গ্রেডের মজুরি সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়। তবে বোর্ড সদস্যদের ভোটাভুটিতে ন্যূনতম গ্রেডের মজুরি নির্ধারণ হয় ১৭ হাজার টাকা। এ ক্ষেত্রে মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা।

সবচেয়ে বেশি ৬ হাজার ৪৬৫ টাকা মজুরি বেড়েছে সিনিয়র অপারেটর পদের প্রথম গ্রেডে। এই গ্রেডের মোট মজুরি হতে যাচ্ছে ২১ হাজার ৫০০ টাকা। আগে যা ছিল ১৫ হাজার ৩৫ টাকা।

এ ছাড়া অপারেটর পদের দ্বিতীয় গ্রেডে মজুরি বেড়েছে ৫ হাজার ৭২৭ টাকা। এই গ্রেডের মোট মজুরি হতে যাচ্ছে ২০ হাজার টাকা। আগে যা ছিল ১৪ হাজার ২৭৩ টাকা।

অন্যদিকে জুনিয়র অপারেটর পদের তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে। এই গ্রেডে আগে মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। মজুরি বেড়েছে ৫ হাজার ৬৫০ টাকা।

রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে গতকাল মঙ্গলবার বেলা সোয়া ৩টায় চতুর্থ দিনের সভা শুরু হয়।

মজুরি বোর্ডের চতুর্থ সভা দিবাগত রাত দেড়টার দিকে শেষ হয়। তারপর বিষয়টি নিশ্চিত করে জানান মজুরি বোর্ডের একাধিক সদস্য। শ্রমিকদের নতুন এই মজুরিকাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

গতকাল মজুরি বোর্ডের সভায় একপর্যায়ে মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার সংশোধিত প্রস্তাব দেয়। উভয়পক্ষ নিজেদের অবস্থান অনড় থাকলে শেষ পর্যন্ত মালিকপক্ষ তাদের প্রস্তাব কমিয়ে ১৬ হাজার টাকা করে। তখন ভোটাভুটির সিদ্ধান্ত নেন নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি। বোর্ডের ছয় সদস্য ভোট দেন। শ্রমিকদের দুজন প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। অন্য চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে শেষ পর্যন্ত ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি চূড়ান্ত হয়।

বৈঠক শেষে ভোররাত চারটায় মজুরি বোর্ডের চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, মোট মজুরির মধ্যে মূল মজুরি কত কিংবা বাড়ি ভাড়া কত হবে, সেগুলো চূড়ান্ত করতে আজ বুধবার মজুরি বোর্ডের বৈঠক হবে।