যুক্ত হচ্ছে নতুন চারটি জাহাজ

সমুদ্রগামী জাহাজ পরিচালনায় শীর্ষে এখন এমজিআই

পণ্য পরিবহনক্ষমতার বিচারে এত দিন শীর্ষে ছিল কেএসআরএম গ্রুপ। প্রতিষ্ঠানটিকে পেছনে ফেলে এখন শীর্ষে উঠে গেল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।

আড়াই বছর আগে করোনার সময় চীনে নতুন চারটি জাহাজ বানানোর কার্যাদেশ দিয়েছিল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ বা এমজিআই। এই চার জাহাজ এখন যুক্ত হয়েছে গ্রুপটির বহরে। নতুন চারটি জাহাজ দিয়েই এক দশক ধরে সমুদ্রগামী জাহাজে শীর্ষে থাকা কেএসআরএম গ্রুপকে টপকে গেল এমজিআই।

নতুন চারটি জাহাজ যুক্ত হওয়ার ফলে এমজিআইয়ের বহরে সমুদ্রগামী জাহাজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২টিতে। পণ্য পরিবহনক্ষমতা উন্নীত হয়েছে ১২ লাখ ২০ হাজার টনে। এত দিন শীর্ষস্থানে থাকা কেএসআরএম গ্রুপ নেমে গেছে দ্বিতীয় স্থানে। জাহাজের সংখ্যা এমজিআইয়ের চেয়ে একটি বেশি হলেও তাদের পণ্য পরিবহনক্ষমতা ১১ লাখ ৭৭ হাজার টন। তৃতীয় স্থানে রয়েছে আকিজ গ্রুপ। তাদের বহরে থাকা ১০টি জাহাজের পণ্য পরিবহনক্ষমতা ৫ লাখ ৬০ হাজার টন।

জাহাজে বিনিয়োগের সুফল বেশি। নিজেদের পণ্য পরিবহন করে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে, তেমনি বিদেশি পণ্য পরিবহন করে বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে।
মোস্তফা কামাল, চেয়ারম্যান, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ

সমুদ্রগামী জাহাজমালিকদের সংগঠন সমুদ্রগামী জাহাজ মালিক সমিতি ও নৌপরিবহন কার্যালয়ের হিসাবে, বর্তমানে দেশীয় ১৪টি গ্রুপের ১৭ প্রতিষ্ঠানের বহরে জাহাজের সংখ্যা ৯৫। সরকারি খাতে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) সাতটি জাহাজ ছাড়া বাকি সবগুলোই বেসরকারি খাতের। সব মিলিয়ে দেশে বিদ্যমান জাহাজে পণ্য পরিবহনক্ষমতা এখন প্রায় ৪৫ লাখ টন।

জাহাজ ব্যবসায় এমজিআইয়ের পথচলা শুরু হয় ২০১১ সালে। তবে ২০১৯ থেকে একের পর এক জাহাজ পানিতে ভাসাতে থাকে গ্রুপটি। প্রতিষ্ঠানটির বহরে যুক্ত হওয়া নতুন চারটি জাহাজের উদ্বোধন হচ্ছে আজ রোববার। আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে জাহাজ পরিচালনা শিল্পে শীর্ষে উঠে যাচ্ছে গ্রুপটি।

বর্তমানে গ্রুপটির বহরে থাকা দুটি তেল পরিবহনকারী জাহাজ ছাড়া সবগুলোর পণ্য পরিবহনক্ষমতা গড়ে ৬০ হাজার টন। এই খাতে গ্রুপটির বিনিয়োগ দাঁড়িয়েছে ৪৫ কোটি ডলারে। বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ডলারে ১০৬ টাকা) স্থানীয় মুদ্রায় এ বিনিয়োগের পরিমাণ প্রায় ৪ হাজার ৭৭০ কোটি টাকা।

জানতে চাইলে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, ‘জাহাজে বিনিয়োগের সুফল বেশি। নিজেদের পণ্য পরিবহন করে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে, তেমনি বিদেশি পণ্য পরিবহন করে বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে। দেশের দক্ষ নাবিকদেরও কর্মসংস্থান হচ্ছে। এসব বিষয় বিবেচনা করে বিনিয়োগ অব্যাহত রেখেছি আমরা।’

মেঘনা গ্রুপের নতুন চারটি জাহাজ প্রতিটি লম্বায় ২০০ মিটার। প্রতিটি জাহাজ ৬৬ হাজার টন পণ্য পরিবহনে সক্ষম। চারটি জাহাজের একটি এমভি মেঘনা ভিক্টরি কানাডা থেকে ৬২ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১৭ ফেব্রুয়ারি। মেঘনা প্রেস্টিজ নামের আরেকটি জাহাজ এখন আছে মোংলায়। আর মেঘনা হোপ ও মেঘনা প্রগ্রেস চীনের উপকূলে সাগরে নতুন যাত্রার জন্য অপেক্ষা করছে। এ চার জাহাজেই উড়ছে লাল-সবুজের পতাকা।

এদিকে শীর্ষস্থান থেকে দ্বিতীয় অবস্থানে নেমে আসা কেএসআরএম গ্রুপের এসআর শিপিং লিমিটেডের বহরে দুই বছরে কোনো জাহাজ যুক্ত হয়নি। ২০০৪ সালে জাহাজ পরিচালনায় নাম লেখানো গ্রুপটি এক দশকের বেশি সময় ধরে শীর্ষস্থানে ছিল। জানতে চাইলে কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম প্রথম আলোকে বলেন, ‘কেএসআরএমের বহরে নতুন করে জাহাজ যুক্ত করার বিষয়টি পরিকল্পনাধীন রয়েছে।’

তৃতীয় অবস্থানে থাকা আকিজ গ্রুপ সমুদ্রগামী জাহাজ পরিচালনায় যুক্ত হয় ২০১১ সালে। গ্রুপটির বহরে থাকা ১০টি জাহাজের পণ্য পরিবহনক্ষমতা ৫ লাখ ৬০ হাজার টন। সবচেয়ে বেশি পণ্য পরিবহনক্ষমতার বাল্ক জাহাজটি আকিজ গ্রুপের হাতে। এমভি আকিজ গ্লোরি নামের জাহাজটির পণ্য পরিবহনক্ষমতা প্রায় ৭৬ হাজার টন।

পণ্য পরিবহনক্ষমতা অনুযায়ী চতুর্থ অবস্থানে বিএসএ গ্রুপ এবং পঞ্চম অবস্থানে কনটেইনার জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান কর্ণফুলী লিমিটেডের এইচআর লাইনস। এ ছাড়া বসুন্ধরা গ্রুপের তিনটি আলাদা প্রতিষ্ঠানের বহরে রয়েছে সাতটি জাহাজ। বড় গ্রুপগুলোর মধ্যে ওরিয়ন গ্রুপ ও এমজেএলের বহরে একটি করে জাহাজ রয়েছে। গত দুই বছরে সমুদ্রগামী জাহাজ পরিচালনায় নামছে নতুন নতুন প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সানশাইন নেভিগেশন লিমিটেড, পিএনএন শিপিং লাইনস, পিএইচ নেভিগেশন, দরিয়া শিপিং লিমিটেড ও ডরিন শিপিং লাইনস।

বাংলাদেশের বহরে ৯৫টি জাহাজের মধ্যে ৭৪টি খোলা পণ্য পরিবহনকারী বাল্ক জাহাজ। এ ছাড়া তেল পরিবহনকারী ট্যাংকার রয়েছে ১০টি, এলপিজি পরিবহনকারী ট্যাংকার তিনটি এবং কনটেইনার পরিবহনকারী আটটি জাহাজ রয়েছে।

জাহাজ নিবন্ধনকারী সংস্থা নৌবাণিজ্য অফিসের মুখ্য কর্মকর্তা ক্যাপ্টেন সাব্বির মাহমুদ প্রথম আলোকে বলেন, ২০১৯ সালের পর থেকে জাহাজ নিবন্ধন বাড়ছে। সরকারি নীতি সহায়তা, ব্যবসায় সুরক্ষা দিতে নতুন আইন ও উদ্যোক্তারা এগিয়ে আসায় বাংলাদেশের জাহাজের বহর বড় হচ্ছে।