এপেক্সের লোগো
এপেক্সের লোগো

এপেক্স ফুটওয়্যার

জন্মদিনের একটি আয়োজন যেভাবে ব্যবসায়িক সাফল্যের ‘বড় মুকুট’ হয়ে গেল

জুতার বাজারের দেশীয় কোম্পানি এপেক্স ফুটওয়্যারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর জন্মদিন ২৬ সেপ্টেম্বর। উনি জীবিত থাকা অবস্থায় তাঁর প্রতিষ্ঠিত কোম্পানি এপেক্স ফুটওয়্যার এদিনটিকে বিশেষভাবে উদ্‌যাপনের উদ্যোগ নেয়। এ জন্য প্রতিবছর ২৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি দিনটিকে ‘ফাউন্ডার্স ডে’ হিসেবে উদ্‌যাপন শুরু করে। সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুর পরও দিনটিকে বিশেষ আয়োজনে পালন করে আসছে প্রতিষ্ঠানটি। আর উদ্‌যাপন এখন এপেক্সের ব্যবসার বড় ‘সুযোগ’–এ পরিণত হয়েছে। যেটিকে কোম্পানিটি বলছে সাফল্যের ‘বড় মুকুট’।

কোম্পানি সূত্রে জানা যায়, প্রতিবছর ‘ফাউন্ডারস ডে’ উপলক্ষে ২৬ সেপ্টেম্বর এপেক্সের সব ধরনের পণ্যে গ্রাহকদেরও জন্য দেওয়া হয় বিশেষ মূল্যছাড়। আর তাতে ওই দিন অন্য সাধারণ দিনগুলোর তুলনায় কয়েক গুণ বেশি ব্যবসা করে প্রতিষ্ঠানটি। আর ‘ফাউন্ডারস ডে’র সেই ব্যবসার বড় প্রভাব পড়ে কোম্পানিটির বিক্রি ও মুনাফায়ও। এবারও তার ব্যতিক্রম হয়নি।

এপেক্স ফুটওয়্যার চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) ৫৫১ কোটি টাকার ব্যবসা করেছে। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪৮৩ কোটি টাকা। সেই হিসাবে গত অর্থবছরের প্রথম প্রান্তিকের চেয়ে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ব্যবসা বেড়েছে ৬৮ কোটি টাকা বা ১৪ শতাংশের বেশি। যেখানে ২৬ সেপ্টেম্বরের ‘ফাউন্ডারস ডে’–এর বিক্রির বড় প্রভাব রয়েছে। এ বছর ২৬ ও ২৭ সেপ্টেম্বর দুদিনব্যাপী ফাউন্ডারস ডে পালিত হয়। আর এই দুই দিনেই এপেক্স প্রায় ৭০ কোটি টাকার ব্যবসা করেছে বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ রায়হান কবীর।

কোম্পানিটির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, ২০২১ সালে সৈয়দ মঞ্জুর এলাহীর জন্মদিনকে ভিন্নভাবে উদ্‌যাপনের চিন্তা থেকে ‘ফাউন্ডারস ডে’ ধারণাটি চালু করা হয়। এই উদ্‌যাপনের মূল উদ্দেশ্য ছিল কোম্পানির প্রতিষ্ঠাতার জন্মদিনে ক্রেতাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা। যাঁরা সারা বছর কোম্পানির পণ্য ক্রয় করে পাশে থাকেন। তাঁদের এদিনে কৃতজ্ঞতা জানানোর জন্য ২৬ সেপ্টেম্বরের সব ধরনের পণ্যে ২৬ শতাংশ মূল্যছাড় দেওয়া হয়।

কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বছরের অন্য দিনগুলোতে দিনে তিন থেকে চার কোটি টাকার জুতাসহ অন্যান্য পণ্য বিক্রি করে এপেক্স ফুটওয়্যার। ফাউন্ডার ডের আয়োজনে এক দিনে সেই বিক্রি ১০–১২ গুণ বেড়ে যায়। এ বছর দুদিনব্যাপী ফাউন্ডার ডে পালিত হওয়া এই দুদিনে যে বিক্রি হয়েছে, তা কোম্পানিটির এক মাসের বিক্রির কাছাকাছি। ফলে ফাউন্ডারস ডের বিক্রিকে কেন্দ্র করে কয়েক বছর ধরে জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকের বিক্রি ও মুনাফাও বাড়ছে কোম্পানিটির।

কোম্পানিটির গত কয়েক বছরের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই তথ্যের সত্যতা পাওয়া গেছে। ২০২১–২২ অর্থবছরের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটি ব্যবসা করেছিল ২৮২ কোটি টাকার। তার বিপরীতে মুনাফা করে প্রায় ৩ কোটি টাকা। ২০২২–২৩ অর্থবছরের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে ব্যবসা করে ৪২৫ কোটি টাকার। তার বিপরীতে মুনাফা করেছিল ৩ কোটি টাকা। ২০২৩–২৪ অর্থবছরের একই সময়ে ব্যবসা করে ৩৫১ কোটি টাকার। তার বিপরীতে মুনাফা ছিল প্রায় সোয়া ২ কোটি টাকা। আর ২০২৪–২৫ অর্থবছরে ৪২৩ কোটি টাকার। তার বিপরীতে মুনাফা হয়েছিল প্রায় ৩ কোটি টাকা। গত ২০২৫–২৬ অর্থবছরের জুলাই–সেপ্টেম্বরে কোম্পানিটি ব্যবসা করে ৪৮৪ কোটি টাকার, মুনাফা ছিল প্রায় আড়াই কোটি টাকা। এ বছর প্রথমবারের মতো জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির ব্যবসা বা বিক্রি ছাড়ায় ৫০০ কোটি টাকা। আর তার বিপরীতে মুনাফা করে ৫ কোটি টাকার বেশি। সেই হিসাবে গত বছরের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকের চেয়ে চলতি বছরের একই প্রান্তিকে এপেক্সের মুনাফা দ্বিগুণের বেশি বেড়েছে। যার পেছনে ফাউন্ডার্স ডের বড় অবদান রয়েছে।

এপেক্সের কর্মকর্তারা বলছেন, প্রতিষ্ঠাতার জন্মদিনের উদ্‌যাপনের আয়োজনটি এখন তাঁদের ব্যবসার জন্য সাফল্যের ‘বড় মুকুট’ হয়ে উঠেছে। এই আয়োজনের বিক্রির ওপর ভর করে পুরো এক প্রান্তিকের বিক্রি ও মুনাফায় বড় ধরনের ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। যতই দিন যাচ্ছে, ততই ফাউন্ডার্স ডের ব্যবসায়িক সাফল্য বড় হচ্ছে।

জানতে চাইলে এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সৈয়দ মঞ্জুর এলাহীর ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর প্রথম আলোকে বলেন, ‘পাঁচ বছর আগে আমাদের ভোক্তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপনের জন্য আমরা প্রতিষ্ঠাতার জন্মদিনটিকে বেছে নিয়েছিলাম। উদ্দেশ্য ছিল সারা বছর যেসব ভোক্তা আমাদের ব্যবসায় সহায়তা করেন, তাঁদের ধন্যবাদ জানানো। এ জন্য আমরা সব ধরনের পণ্যে ২৬ শতাংশ মূল্যছাড় দিয়ে আসছি। কয়েক বছরের ব্যবধানে এই উদ্‌যাপনই আমাদের ব্যবসায়িক সাফল্যের “বড় মুকুট” হয়ে দাঁড়িয়েছে। এ জন্য আমরা আমাদের ক্রেতাদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।’

জানা যায়, যুক্তরাষ্ট্রে খুচরা বিক্রির জন্য ‘ব্ল্যাক ফ্রাইডে’ বিশ্বজুড়ে কেনাকাটার বড় দিন বা উৎসব হিসেবে পরিচিত লাভ করেছে। প্রতিবছরের নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার থ্যাংকসগিভিং ডের পরদিন ব্ল্যাক ফ্রাইডে হিসেবে পালিত হয়। এদিন দেশটি জুড়ে সব ধরনের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানে ক্রেতাদের জন্য নানা ধরনের মূল্যছাড় দেওয়া হয়। তাতে প্রতিষ্ঠানগুলোর বিক্রি বেড়ে যায় কয়েক গুণ। এপেক্সের ফাউন্ডার্স ডে প্রতিষ্ঠানটির জন্য যুক্তরাষ্ট্রে ‘ব্ল্যাক ফ্রাইডের’ মতো উৎসবের বিক্রিতে রূপ নিতে শুরু করেছে।

এপেক্সের কোম্পানি সচিব ওমর ফারুক জানান, ‘গত কয়েক বছরে ফাউন্ডার্স ডে আমাদের ব্যবসায়িক সাফল্যের বড় আয়োজনে পরিণত হয়েছে। এই আয়োজনের জন্য আমাদের অনেক ক্রেতা বছরজুড়ে অপেক্ষায় থাকেন। ক্রেতাদের এই আগ্রহ আমাদের ব্যবসায়ও ইতিবাচক প্রভাব ফেলছে।’