১০ম চায়না–সাউথ এশিয়া এক্সপো এবং ৩০তম চায়না কুনমিং আমদানি-রপ্তানি মেলা–২০২৬–এ থিম কান্ট্রি হিসেবে অং নিয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের দিয়ানছি আন্তর্জাতিক কনভেনশন ও প্রদর্শনী কেন্দ্রে প্রদর্শনী দুটির উদ্বোধন হয়।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ব্যবস্থাপনায় এবং কনস্যুলেট জেনারেল, কুনমিংয়ের সহযোগিতায় চীনের দুই প্রদর্শনীতে বাংলাদেশের ১০১টি প্রতিষ্ঠানের ১৭৫ জন প্রতিনিধি অংশ নিয়েছেন। সব মিলিয়ে বিশ্বের ৬৮টি দেশের ২ হাজার ৩০০ প্রদর্শক এবার অংশ নিয়েছে। আগামী ১৬ জুন পর্যন্ত প্রদর্শনীটি চলবে।
চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউ বো–এর সভাপতিত্বে প্রদর্শনী দুটির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। এতে আরও বক্তব্য দেন চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার, শ্রীলঙ্কার বাণিজ্যমন্ত্রী, নেপালের ডেপুটি স্পিকার, মালদ্বীপের বাণিজ্যমন্ত্রী প্রমুখ।
বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী বলেন, এই প্রদর্শনীতে অংশগ্রহণের ফলে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা ও সংযোগ বৃদ্ধিতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের স্বীকৃতি পেয়েছে। প্রদর্শনীটি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, বিনিয়োগ সম্ভাবনা, রপ্তানিযোগ্য পণ্য এবং শিল্প খাতের বিকাশে সহায়তা করবে। একই সঙ্গে উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার, নতুন বাজার অনুসন্ধান এবং বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও উদ্ভাবনে নতুন অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ সৃষ্টি করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, সংসদ সদস্য আখতার হোসেন, মো. খালেদ হোসেন মাহবুব, সুলতানা জেসমিন, চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম, ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ইয়ান ডং বাংলাদেশের সফররত বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁদের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।