ওয়ালটন ছাড়লেন গোলাম মুর্শেদ

গোলাম মুর্শেদ
গোলাম মুর্শেদ

ওয়ালটন ছাড়লেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলেম মুর্শেদ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর ভেরিফায়েড পেজে নিজেকে ওয়ালটনের সাবেক এমডি ও সিইও হিসেবে উল্লেখ করেছেন।

গোলাম মুর্শেদ প্রথম আলোকে জানিয়েছেন, ৮ অক্টোবর ওয়ালটনের এমডি ও সিইও হিসেবে তাঁর মেয়াদ শেষ হয়। এরপর ওই মেয়াদ আর বাড়ানো হয়নি। তিনি নতুন কিছু করার পরিকল্পনা করছেন।

কোম্পানিটির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বা এএমডি থেকে গোলাম মুর্শেদকে তিন বছরের জন্য এমডি পদে নিয়োগ দেওয়া হয়েছিল। ওই মেয়াদ ৮ অক্টোবর শেষ হয়েছে। তবে এ বিষয়ে কোম্পানিটির কর্মকর্তারা নাম প্রকাশ করে কোনো মন্তব্য করতে রাজি হননি।

কোম্পানির একটি সূত্র জানায়, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির এমডির মতো গুরুত্বপূর্ণ পদের বিষয়ে আগামী শনিবার পর্ষদ সভায় আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে। নতুন করে কাউকে এ পদে নিয়োগের বিষয়ে ওই সভায় সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।
কোম্পানিটির একটি সূত্র জানিয়েছে, ওয়ালটনের মালিকদের মধ্য থেকে যেকোনো একজন এ পদে আসতে পারেন।