
পবিত্র রমজান মাস সামনে রেখে চিনির বাজারে অস্থিরতা কমাতে অবশেষে শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
চিনি আমদানিতে নিয়ন্ত্রণ শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করেছে এনবিআর। এই সুবিধা আগামী ৩০ মে পর্যন্ত বলবৎ থাকবে। এনবিআর আজ রোববার এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। এ ছাড়া প্রতি টন অপরিশোধিত চিনি আমদানিতে তিন হাজার টাকা ও পরিশোধিত চিনি আমদানিতে ছয় হাজার টাকা আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে।
এদিকে কয়েক মাস ধরেই দেশে চিনির বাজারে অস্থিরতা চলছে। সরবরাহ–সংকটের কারণে বাজারে দেখা দিয়েছে চিনির ঘাটতি। চিনির বাজারের অস্থিরতা কমাতে সরকার দাম বেঁধে দিলেও সেই দামে চিনি পাওয়া যাচ্ছে না বাজারে। বাজারে বর্তমানে প্যাকেটজাত চিনি বলতে গেলে পাওয়াই যাচ্ছে না। খোলা চিনি কিনতে হচ্ছে ভোক্তাদের। আবার প্যাকেটজাত ও খোলা চিনি পাওয়া গেলেও সরকারের বেঁধে দেওয়া দামে তা বিক্রি হচ্ছে না। এ অবস্থায় বাজারে চিনির সরবরাহ বাড়াতে শুল্ক কমানোর সুপারিশ করে গত মাসে এনবিআরকে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আজ বাজারদরের তালিকায় দেখা গেছে, ঢাকার বাজারে এখন প্রতি কেজি চিনির দাম ১১০ থেকে ১২০ টাকা, যা এক বছর আগে ছিল ৭৫ থেকে ৮০ টাকা। অর্থাৎ গত এক বছরে চিনির দাম ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। চিনির শুল্ক কমানো না হলে সামনে দাম আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করছিলেন ব্যবসায়ীরা। এ অবস্থায় শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে এনবিআর। এখন দেখার পালা বাজারে তার কোনো প্রভাব পড়ে কি না।