সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের সম্প্রতি চালু করা কনসেপ্ট স্টোর
সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের সম্প্রতি চালু করা কনসেপ্ট স্টোর

সিঙ্গার বাংলাদেশের নতুন কারখানা, কনসেপ্ট স্টোর ও ফ্ল্যাগশিপ স্টোর চালু

তুরস্কের কচ হোল্ডিংয়ের ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান বেকোর সহযোগী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড সম্প্রতি দেশে অত্যাধুনিক কারখানা স্থাপনের পাশাপাশি কনসেপ্ট স্টোর ও ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছে। সেই সঙ্গে পণ্য রপ্তানির কার্যক্রম শুরু করেছে ইউরোপের বাজারে। সব মিলিয়ে বাংলাদেশে একটি আধুনিক কর্মস্থল গড়ে তোলা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিঙ্গার বাংলাদেশ এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ২০২৫ সালের শুরুতে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (বিএসইজেড) অত্যাধুনিক হোম অ্যাপ্লায়েন্সেস কারখানা উদ্বোধনের মাধ্যমে সিঙ্গার বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। ৭৮ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে নির্মিত এই কারখানা উদ্ভাবন, টেকসই উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির বড় উদ্যোগ। এখানে প্রায় ৪ হাজার মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কারখানাটিতে স্থানীয় বাজারের জন্য রেফ্রিজারেটর, টেলিভিশন, এয়ার কন্ডিশনার ও ওয়াশিং মেশিনসহ বিভিন্ন গৃহস্থালি পণ্য উৎপাদন শুরু হয়েছে। মোট উৎপাদনের ৯০ শতাংশের বেশি দেশে হওয়ায় আমদানিনির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মানসম্মত পণ্য ও উৎকর্ষের প্রতি দীর্ঘদিনের প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এসব উদ্যোগ নেওয়া হয়েছে। এভাবে গত কয়েক বছরে ভোক্তাদের অভিজ্ঞতা উন্নত করতে একাধিক রূপান্তরমূলক উদ্যোগ নিয়েছে এই কোম্পানি। এতে আরও বলা হয় সিঙ্গার বাংলাদেশ নিজস্ব কারখানায় প্রথমবারের মতো এয়ার কন্ডিশনার উৎপাদন শুরু করেছে। সামাজিক ও অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মধ্যেও ২০২৫ সালে সিঙ্গার বাংলাদেশের রাজস্ব আয়ে ১৪ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

সিঙ্গার বাংলাদেশ জানায়, ভবিষ্যতে ব্যবসায়ে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে তারা ধারাবাহিকভাবে বিনিয়োগ বাড়াচ্ছে। গত কয়েক বছরে বড় অঙ্কের বিনিয়োগের ফলে স্বল্প মেয়াদে আর্থিক চাপ তৈরি হলেও এসব উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে, দীর্ঘ মেয়াদে টেকসই লাভ নিশ্চিত করা। এই বিনিয়োগ সিঙ্গার বাংলাদেশের প্রবৃদ্ধিকে শক্তিশালী করার পাশাপাশি দেশের মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।