দেশের বাজারে সোনার দাম কমেছে। এ দফায় ভরিতে দাম কমেছে ১ হাজার ৯২৫ টাকা। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ রোববার সন্ধ্যায় সোনার দাম কমানোর ঘোষণা দেয়। নতুন এ দাম আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে।
গত শনিবার সন্ধ্যায় জুয়েলার্স সমিতি সোনার দাম ভরিতে ৪ হাজার ৮২ টাকা বাড়িয়েছিল। তাতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা। আজ রাত পর্যন্ত এ দামেই সোনা বিক্রি হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার দেশে সোনার দাম ভরি প্রতি সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বেড়েছিল। তাতে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে হয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকা। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।
করোনার পর গত পাঁচ বছরে দেশে-বিদেশে সোনার দাম দ্রুতগতিতে বেড়েছে। এর মধ্যে দেশের বাজারে ২০২৩ সালের ২১ জুলাই প্রতি ভরি সোনার দাম প্রথম এক লাখ টাকায় ওঠে। তা গত বছরের ফেব্রুয়ারিতে দেড় লাখ ও অক্টোবরে দুই লাখ টাকার মাইলফলক স্পর্শ করে। গত সপ্তাহে আড়াই লাখ টাকা পেরিয়ে যায়।
আজ সন্ধ্যায় দাম কমার কারণে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা। একইভাবে ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি কমেছে যথাক্রমে ১ হাজার ৮৬৬ ও ১ হাজার ৬৩৩ টাকা। তাতে প্রতি ভরি ২১ ক্যারেটের দাম ২ লাখ ৪৬ হাজার ৫২ টাকা ও ১৮ ক্যারেটের দাম ২ লাখ ১০ হাজার ৮৮৫ টাকা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরি ১ হাজার ৩৪১ টাকা কমে ১ লাখ ৭২ হাজার ৫৬৯ টাকায় নেমেছে।
এদিকে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।