সোনার দাম কমেছে
সোনার দাম কমেছে

পরপর দুদিন কমল সোনার দাম, ঈদের পর কমেছে ১৯,৭৭১ টাকা

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। বিশ্ববাজারে সোনা ও রুপার দাম কমায় দেশের বাজারেও সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

আজ বৃহস্পতিবার দেশের বাজারে ২২ ক্যারেট বা ভালো মানের প্রতি ভরি সোনার দাম কমেছে ৪ হাজার ৪৩২ টাকা। আজ বুধবার সকাল ১০টায় সোনার নতুন দাম কার্যকর করা হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ সকালে আনুষ্ঠানিকভাবে সোনা ও রুপার দাম কমানোর এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর আগে ৬ জুন সকালে দেশে সোনার দাম সমন্বয় করা হয়। ওই দিন প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়। তার আগে ২ জুন সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল।

অর্থাৎ দেখা যাচ্ছে, ঈদের পর সোনার দাম ভরিতে কমল ১৯ হাজার ৭৭১ টাকা।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা; ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা টাকা; ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা।

এদিকে আজ রুপার দাম কমেছে ৫৮ টাকা। এখন ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৮৪১ টাকা। ২১ ক্যারেটের ভরি ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৩ হাজার ৯৬৬ টাকা ও সনাতন পদ্ধতির রুপার ভরি ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববাজারে ২০২৫ সালে সোনার দাম ৭০ শতাংশ বেড়েছে। চলতি বছরের জানুয়ারিতে সোনার দাম সর্বকালের রেকর্ড উচ্চতায় ওঠে। তবে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধে সোনার দাম বাড়েনি; বরং কমেছে। গত ৩০ দিনে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ৫৮৭ ডলার কমেছে। এর মধ্যে কেবল আজ কমেছে ২৪ ডলার।

বিশ্ববাজারে সোনার দাম এখন আউন্সপ্রতি ৪ হাজার ৮৯ ডলার। যদিও চলতি বছরের শুরুতে সোনার দাম ৫ হাজার ডলারের ওপরে ছিল। জানুয়ারি মাসে সোনার দাম ৫ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে সর্বকালীন রেকর্ড স্পর্শ করে।