সোনা
সোনা

আবার কমল সোনার দাম, আজ ভরিতে ১৬৯১ টাকা

আজ সোমবার দেশের বাজারে সোনার দাম আবার কমেছে। আজ সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা কমেছে। নতুন দর সকাল ১০টায় কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার মূল্যহ্রাসের বিষয়টি জানিয়েছে। তারা বলেছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় সোনার দাম সমন্বয় করা হয়েছে; যদিও মূল বিষয় হলো বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়া। তবে রুপার দাম অপরিবর্তিত আছে।

দাম সমন্বয়ের কারণে ২২ ক্যারেটের প্রতি ভরি ভালো মানের সোনার দাম হয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।

আজ মূল্যবৃদ্ধির আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। ২১ ক্যারেটের ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা; সনাতন পদ্ধতির ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর ভালো মানের সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়। এর আগে তিন দফায় ভালো মানের প্রতি ভরি সোনার গয়নার দাম কমে মোট ৬ হাজার ৬৫ টাকা। এরপর আজ কমল ভরিতে ১ হাজার ৬৯১ টাকা।

দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম উঠেছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়। চলতি বছরের ২৯ জানুয়ারি সোনার দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সেদিন সকালে একলাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় দাঁড়ায়। এরপর সোনার দাম প্রতি ভরি ২ লাখ ২০ হাজার টাকার নিচে নেমে এসেছিল। তারপর আবার বেড়ে যায়। সব মিলিয়ে উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে সোনার বাজার।

বিশ্ববাজারে কী পরিস্থিতি

টানা কয়েক দিন ধরে বিশ্ববাজারে সোনার দাম কমছে। ফলে গতকাল সোনার দাম সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। আজ সোনার দাম আউন্সপ্রতি প্রায় প্রায় তিন ডলার কমেছে।

গোল্ড প্রাইস ডট অর্গের তথ্যানুসারে, আজ বেলা ১১টা ৫৩ মিনিটে সোনার দাম ছিল আউন্সপ্রতি ৪ হাজার ১৩৫ ডলার। গত সপ্তাহে সোনার দাম সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন ৪ হাজার ১১০ ডলারে নেমে আসে। চলতি বছরের ৮ জানুয়ারি স্পট মার্কেটে সোনার দাম আউন্সপ্রতি ইতিহাসের সর্বোচ্চ ৫ হাজার ৫৮৯ ডলারে উঠেছিল।

সামগ্রিকভাবে গত ৩০ দিনে সোনার দাম আউন্সপ্রতি ২৭২ ডলার কমেছে। গত ছয় মাসে বিশ্ববাজারে সোনার দাম কমেছে প্রায় ৫১৭ ডলার।

সাধারণত অনিশ্চয়তার মধ্যে সোনার দাম বেড়ে যায়, কিন্তু এবার ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর সোনার দাম উল্টো কমেছে। আল–জাজিরার সংবাদে বলা হয়েছে, সোনা সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে রক্ষাকবচ হিসেবে বিবেচিত হয়। তবে সুদের হার বাড়লে সোনার আকর্ষণ কমে যায়। কেননা, তখন সুদ পাওয়া যায়—বিনিয়োগকারীরা এমন সম্পদে বিনিয়োগে বেশি আগ্রহী হন।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডভিত্তিক পোয়েজ ইনভেস্টমেন্ট অ্যাডভাইজর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শরিফ ওথমান সম্প্রতি আল–জাজিরাকে বলেন, ‘সোনা থেকে সুদ পাওয়া যায় না। তাই যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদহার বাড়লে বিনিয়োগকারীরা সোনা থেকে মুখ ফিরিয়ে নেন। এতে সোনার দামেও প্রভাব পড়ে।’