সরকারের নীতিসহায়তা পেয়ে দেশে ৯টি কারখানা হয়েছে। এখন মোটরসাইকেলের ওপর বিধিনিষেধ আরোপ করায় প্রশ্ন উঠেছে।
১৫ সেপ্টেম্বর থেকে লাইসেন্স ছাড়া মোটরসাইকেল বিক্রি ও নিবন্ধন নয়: বিআরটিএ।
বছরে মোটরসাইকেল বিক্রি ৬ লাখ, বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স দিতে পারে দেড় লাখ: বিএমএএমএ।
জাপানের অটোমোবাইল খাতের সুপরিচিত প্রতিষ্ঠান হোন্ডা মোটর করপোরেশন ২০১৮ সালে বাংলাদেশে বিনিয়োগ করে। বাংলাদেশ হোন্ডা লিমিটেড (বিএইচএল) নামের এই যৌথ উদ্যোগের কোম্পানিতে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল শিল্প সংস্থারও (বিএসইসি) মালিকানা রয়েছে।
বিএইচএলের কারখানাটি মুন্সিগঞ্জে। এতে কাজ করেন ৭০০ জনের বেশি কর্মী। ২০১৮ সালে কারখানা চালুর পর ব্যবসায় বিএইচএল ভালো করেছে। বছর বছর বিক্রি বেড়েছে। বাজার হিস্যার দিক দিয়ে তাদের অবস্থান উঠে এসেছে শীর্ষ চারে। তবে মোটরসাইকেল নিয়ে সরকারের সাম্প্রতিক কয়েকটি সিদ্ধান্তে অন্যান্য কোম্পানির মতো দুশ্চিন্তায় পড়েছে বিএইচএল।
সরকার গত ২৫ জুন পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ ঘোষণা করে। এরপর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। একটি নিষেধাজ্ঞা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। সেটি হলো লাইসেন্স প্রদর্শন ছাড়া মোটরসাইকেল বিক্রি করা ও নিবন্ধন (রেজিস্ট্রেশন) দেওয়া যাবে না।
২০১৮ সালে বাংলাদেশে মোটরসাইকেলশিল্পের যাত্রা শুরু। সরকার নীতিসহায়তা দিয়েছে, বলেছে যে ১০ বছরে নীতি পাল্টাবে না। তারপর কারখানা করা হয়েছে। এখন বিধিনিষেধ আরোপ করা তো সরকারের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।মতিউর রহমান, বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স ও ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএমএএমএ) সভাপতি ও উত্তরা মোটরসের চেয়ারম্যান
এত দিন শিক্ষানবিশ লাইসেন্স নিয়ে মোটরসাইকেল কিনে নিবন্ধন নেওয়া যেত। মোটরসাইকেল কিনে চালানো শেখার পর চূড়ান্ত লাইসেন্স নিতেন গ্রাহকেরা। এদিকে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা জোরদার করা ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ বাস্তবায়নে গঠিত টাস্কফোর্স গত মাসে আন্তজেলা ও মহাসড়কে মোটরসাইকেল চলাচল বন্ধের সুপারিশ করেছে।
মোটরসাইকেলকেন্দ্রিক এসব বিধিনিষেধ শুধু বিএইচএল নয়, পুরো মোটরসাইকেল খাতকেই দুশ্চিন্তায় ফেলেছে। তাদের আশঙ্কা, লাইসেন্স প্রদর্শনের বাধ্যবাধকতা মোটরসাইকেল কেনাবেচায় ধস নামবে। কারণ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বছরে দেড় লাখের মতো লাইসেন্স দিতে পারে। ওদিকে মোটরসাইকেল বিক্রি হয় প্রায় ছয় লাখ।
উদ্যোক্তারা বলছেন, পরিস্থিতি অনেকটা ‘গাছে উঠিয়ে মই কেড়ে নেওয়া’র মতো। একদিকে সরকার নানা ধরনের নীতিসহায়তা দিয়ে মোটরসাইকেল খাতে দেশি-বিদেশি বিনিয়োগ নিশ্চিত করেছে, অন্যদিকে বিধিনিষেধ দিয়ে এ খাতের গতি থামিয়ে দেওয়া হচ্ছে। কোম্পানিগুলো আরও বলছে, সড়ক দুর্ঘটনা কমাতে যে পদক্ষেপ নেওয়া দরকার, সে বিষয়ে তারাও একমত। তবে তারা চায়, কোম্পানিগুলোকে সঙ্গে নিয়ে সমস্যা চিহ্নিত করে দুর্ঘটনা কমানোর উদ্যোগ নেওয়া হোক। লাইসেন্স দেখানো ছাড়া মোটরসাইকেল বিক্রি করা যাবে না—এই বিধিনিষেধ আরোপের আগে বিআরটিএর সক্ষমতা বাড়ানো জরুরি।
যানবাহনের সংখ্যা বিবেচনা করলে দেখা যাবে, মোটরসাইকেল দুর্ঘটনা আনুপাতিক হারে বেশি নয়। বাংলাদেশের সমস্যা সড়ক দুর্ঘটনা। শুধু মোটরসাইকেল দুর্ঘটনাকে বড় করে সামনে আনা হয় ভিন্ন উদ্দেশ্যে। দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক ও আরোহীর মৃত্যু হলে ধরেই নেওয়া হয়, দায় মোটরসাইকেলের।সুব্রত রঞ্জন দাস, জাপানের ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেল উৎপাদক ও বিপণনকারী প্রতিষ্ঠান এসিআই মোটরসের নির্বাহী পরিচালক
বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স ও ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএমএএমএ) সভাপতি ও উত্তরা মোটরসের চেয়ারম্যান মতিউর রহমান প্রথম আলোকে বলেন, ২০১৮ সালে বাংলাদেশে মোটরসাইকেলশিল্পের যাত্রা শুরু। সরকার নীতিসহায়তা দিয়েছে, বলেছে যে ১০ বছরে নীতি পাল্টাবে না। তারপর কারখানা করা হয়েছে। এখন বিধিনিষেধ আরোপ করা তো সরকারের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। তিনি বলেন, ‘বিআরটিএ আমাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই নির্দেশ জারি করেছে। এ নির্দেশ কার্যকর হলে কারখানা বন্ধের উপক্রম হবে।’
বিএমএএমএর হিসাব অনুযায়ী, দেশে মোটরসাইকেল উৎপাদনে ৯টির মতো কারখানা স্থাপিত হয়েছে। এর মধ্যে রয়েছে জাপানের হোন্ডা, ইয়ামাহা ও সুজুকি এবং ভারতের উত্তরা মোটরস, টিভিএস অটো ও হিরোর মতো প্রতিষ্ঠান। এ খাতে বিনিয়োগ করা হয়েছে প্রায় আট হাজার কোটি টাকা। মোটরসাইকেল উৎপাদন, বিক্রি ও মেরামতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত দুই লাখের বেশি মানুষ।
মোটরসাইকেলশিল্প প্রতিষ্ঠার পেছনেও ছিল সরকারি নীতি। শুরুর দিকে সরকার বাজার বড় করার জন্য মোটরসাইকেল আমদানিতে শুল্ক কমিয়ে দেয়। পরে দেশে উৎপাদনের শর্তে কর ছাড়ও দেওয়া হয়। ২০১৮ সালে সরকার জাতীয় মোটরসাইকেলশিল্প উন্নয়ন নীতি ঘোষণা করে, যার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে ২০২৭ সালের মধ্যে ১০ লাখ মোটরসাইকেল উৎপাদনের সক্ষমতা অর্জনের কথা বলা হয়।
বিআরটিএর জনবল প্রয়োজনের তুলনায় কম, সেটা ঠিক। তাই বলে কেউ তো লাইসেন্স করতে গিয়ে ফেরত যায়নি। হয়তো দেরি হয়েছে। তিনি বলেন, গ্রামাঞ্চলে অনেকে মোটরসাইকেল চালান, কিন্তু লাইসেন্সের জন্য আবেদনই করেন না। সেখানে আইনের প্রয়োগ নেই।শেখ মোহাম্মদ মাহবুব-ই রব্বানী, বিআরটিএর পরিচালক (রোড সেফটি)
দেশে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সাবেক সভাপতি রূপালী চৌধুরী প্রথম আলোকে বলেন, বিনিয়োগকারীরা সরকারের নীতিমালা পর্যালোচনা করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে বিনিয়োগ করে। হঠাৎ হঠাৎ নীতির পরিবর্তন করাটা তাদের জন্য উদ্বেগের বিষয়। তিনি বলেন, মোটরসাইকেল খাতে বিনিয়োগকারীদের সুরক্ষা দেওয়া যেমন দরকার, তেমনি দুর্ঘটনা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়া এবং লাইসেন্স দেওয়া দ্রুততর ও সহজ করা জরুরি।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পর্যাপ্ত গণপরিবহন না থাকা ও চড়া ভাড়ার কারণে মানুষ মোটরসাইকেল কিনছেন। আবার সহজে যাতায়াত ও যানজট এড়িয়ে চলার জন্য মোটরসাইকেল জনপ্রিয় হয়ে উঠছে। ঢাকার শেওড়াপাড়ার বাসিন্দা শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, সকালে অফিসে যেতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাসে ওঠা যায় না। ঈদে বাড়ি যেতে ৫০০ টাকার ভাড়া ১ হাজার টাকা নেয়। এসব যন্ত্রণা থেকে বাঁচতেই তিনি মোটরসাইকেল কিনেছেন।
তিনি বলেন, সরকারি সংস্থা ঢাকার লক্কড়ঝক্কড় বাসে বাড়তি ভাড়া নেওয়া বন্ধ করতে পারে না। সিএনজিচালিত অটোরিকশার মিটারে চলা নিশ্চিত করতে ব্যর্থ। মহাসড়কে রুট পারমিট ও ফিটনেসবিহীন বাস-ট্রাক নির্বিঘ্নে চলাচল করে। এসব ঠিক না করে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হয় বাসমালিকদের স্বার্থে।
বাংলাদেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা ও মৃত্যু কমাতে সচেতনতা তৈরি করা দরকার। চালকদের নিরাপদ চালনা সম্পর্কে প্রশিক্ষণ ও সচেতনতা তৈরিতে সরকার উদ্যোগ নিলে কোম্পানিগুলো তাতে অংশীদার হতে চায়।বিপ্লব কুমার রায়, টিভিএস অটো বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)
রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে, ২০২১ সালে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬ হাজার ২৮৪ জন। বছর বছর দুর্ঘটনা বাড়ছে। মোট মৃত্যুর ৩৫ শতাংশ হয় মোটরসাইকেল দুর্ঘটনায়। বিআরটিএর হিসাবে, দেশে মোট নিবন্ধিত যানবাহনের ৭০ শতাংশ মোটরসাইকেল।
জাপানের ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেল উৎপাদক ও বিপণনকারী প্রতিষ্ঠান এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস প্রথম আলোকে বলেন, যানবাহনের সংখ্যা বিবেচনা করলে দেখা যাবে, মোটরসাইকেল দুর্ঘটনা আনুপাতিক হারে বেশি নয়। বাংলাদেশের সমস্যা সড়ক দুর্ঘটনা। শুধু মোটরসাইকেল দুর্ঘটনাকে বড় করে সামনে আনা হয় ভিন্ন উদ্দেশ্যে। দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক ও আরোহীর মৃত্যু হলে ধরেই নেওয়া হয়, দায় মোটরসাইকেলের।
কিন্তু ঘটনাগুলো বিশ্লেষণ করে কখনো বের করা হয় না যে দায় আসলে কার। তিনি একটি উদাহরণ তুলে ধরেন। সেটি হলো, পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার পর দুর্ঘটনায় একটি মোটরসাইকেলের চালক ও আরোহীর মৃত্যু হয়। ঘটনার পর পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। কিন্তু পরে ভিডিওতে দেখা যায়, রাতে পদ্মা সেতুর সড়কে শুয়ে কয়েক ব্যক্তি ছবি তুলছিলেন। তাঁদের বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি দুর্ঘটনায় পড়ে।
সুব্রত রঞ্জন দাস আরও বলেন, তরুণ মোটরসাইকেলচালকেরা বিধিনিষেধ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকে কর্মসূচিও পালন করছেন। কারণ, তরুণদের কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে এখন মোটরসাইকেল একটি জরুরি বাহন।
মোটরসাইকেলকে নিরুৎসাহিত করতে বিকল্প পরিবহনব্যবস্থা তৈরি করতে হবে। দেশে যদি ভালো গণপরিবহনব্যবস্থা না থাকে, তখন মানুষ বিকল্প ও সাশ্রয়ী, তবে ঝুঁকিপূর্ণ বাহন বেছে নেয়।মোয়াজ্জেম হোসেন, বুয়েটের এআরআইয়ের সাবেক পরিচালক অধ্যাপক
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিআরটিএর লাইসেন্স দেওয়ার সক্ষমতা কত, সেটাও একটা প্রশ্ন। সংস্থাটির জনবল কম। বিএমএএমএর একটি উপস্থাপনায় উল্লেখ করা তথ্য বলছে, ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত সময়ে বছরে এক লাখ থেকে দেড় লাখ হালকা যানবাহন চালনার লাইসেন্স (মোটরসাইকেল ও প্রাইভেট কার) দিতে পেরেছে বিআরটিএ। একটি চূড়ান্ত লাইসেন্স পেতে সময় লাগে ২৮৫ দিন।
জানতে চাইলে বিআরটিএর পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই রব্বানী প্রথম আলোকে বলেন, বিআরটিএর জনবল প্রয়োজনের তুলনায় কম, সেটা ঠিক। তাই বলে কেউ তো লাইসেন্স করতে গিয়ে ফেরত যায়নি। হয়তো দেরি হয়েছে। তিনি বলেন, গ্রামাঞ্চলে অনেকে মোটরসাইকেল চালান, কিন্তু লাইসেন্সের জন্য আবেদনই করেন না। সেখানে আইনের প্রয়োগ নেই। মোটরসাইকেল বিক্রির সঙ্গে আসলে লাইসেন্স দেওয়ার পরিমাণের সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন তিনি।
বিশ্বব্যাংকের সহায়তায় করা বুয়েটের অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের (এআরআই) একটি গবেষণা বলছে, দেশে প্রতি ১০ হাজার মোটরসাইকেলের বিপরীতে ২৮ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন। মৃত্যুর এই হার বিশ্বে সর্বোচ্চ। ভিয়েতনামে সংখ্যাটি ৪, ভারতে ৭। বুয়েটের গবেষণায় ওয়ার্ল্ড অ্যাটলাস নামের একটি ওয়েবসাইটের ২০১৯ সালের তথ্য উল্লেখ করে বলা হয়, থাইল্যান্ডে ৮৭, ভিয়েতনামে ৮৬, ইন্দোনেশিয়ায় ৮৫, মালয়েশিয়ায় ৮৩, ভারতে ৪৭ ও পাকিস্তানে ৪৩ শতাংশ পরিবারের মোটরসাইকেল রয়েছে। বাংলাদেশে হারটি ৭ শতাংশের কিছু বেশি। দেখা যাচ্ছে, মোটরসাইকেলের ব্যবহার বাংলাদেশে কম।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, যেসব দেশে মোটরসাইকেল বেশি, কিন্তু দুর্ঘটনার হার কম, তাদের অভিজ্ঞতা বিবেচনায় নিতে হবে। দেশে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর বড় কারণ চালকেরা বেশির ভাগ ক্ষেত্রে হেলমেট ব্যবহার করেন না, কিশোর ও তরুণেরা স্বজনদের মোটরসাইকেল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে এবং অনেকে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালান। বুয়েটের গবেষণা বলছে, মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তিদের ৮৮ শতাংশই দুর্ঘটনার সময় হেলমেট পরা ছিলেন না। দুর্ঘটনা কমাতে বেশ কয়েকটি পদক্ষেপের কথাও বলা হচ্ছে—১. হেলমেট পরতে মোটরসাইকেলের চালক ও আরোহীকে বাধ্য করা।
ঢাকার বাইরে এ ক্ষেত্রে শিথিলতা দেখা যায়। ২. আন্তর্জাতিক সংস্থাগুলোর ‘সার্টিফায়েড’ হেলমেট ব্যবহার নিশ্চিত করা। সারা দেশেই হেলমেটের নামে যা বিক্রি করা হয়, তা আসলে প্লাস্টিকের বাটি। ৩. অপ্রশিক্ষিত এবং লাইসেন্সহীন কিশোর ও তরুণেরা স্বজনদের মোটরসাইকেল নিয়ে যাতে বেরিয়ে পড়তে না পারে, সেদিকে নজর দেওয়া। ৪. আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্যসম্পন্ন মোটরসাইকেল ব্যবহারে উৎসাহিত করা।
টিভিএস অটো বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিপ্লব কুমার রায় প্রথম আলোকে বলেন, বাংলাদেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা ও মৃত্যু কমাতে সচেতনতা তৈরি করা দরকার। চালকদের নিরাপদ চালনা সম্পর্কে প্রশিক্ষণ ও সচেতনতা তৈরিতে সরকার উদ্যোগ নিলে কোম্পানিগুলো তাতে অংশীদার হতে চায়। তিনি বলেন, দুর্ঘটনা কমাতে হবে। তবে সড়ক দুর্ঘটনার কথা বলে শুধু মোটরসাইকেলকেন্দ্রিক বিধিনিষেধ আরোপ করলে অবশ্যই এই প্রশ্ন তৈরি হওয়ার সুযোগ আছে যে এটা কারও স্বার্থ রক্ষার জন্য করা হচ্ছে।
বুয়েটের এআরআইয়ের সাবেক পরিচালক অধ্যাপক মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, মোটরসাইকেলকে নিরুৎসাহিত করতে বিকল্প পরিবহনব্যবস্থা তৈরি করতে হবে। দেশে যদি ভালো গণপরিবহনব্যবস্থা না থাকে, তখন মানুষ বিকল্প ও সাশ্রয়ী, তবে ঝুঁকিপূর্ণ বাহন বেছে নেয়। মোটরসাইকেল বাড়লে দুর্ঘটনা বাড়ে। দেশে সড়ক দুর্ঘটনা কমাতে উদ্যোগ আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়।
জনস্বাস্থ্যবিষয়ক সাময়িকী ল্যানসেট গত ৯ জুলাই সড়ক দুর্ঘটনা ও নিরাপত্তা বিষয়ে তিনটি প্রবন্ধ প্রকাশ করে। এতে বলা হয়, ঐতিহাসিকভাবে এটা ধারণা করা হয় যে সড়কের নিরাপত্তার বিষয়টি ব্যক্তির দায়িত্ব।
ব্যক্তির আচরণের ফল সড়ক দুর্ঘটনা। চালকের বেপরোয়া আচরণ বা অসচেতন পথচারীর কারণে দুর্ঘটনা ঘটে। এ দৃষ্টিকোণ থেকে তৈরি করা নীতি-আইন ওই ব্যক্তিদেরই সাজা দেয়। এ ধারণার বদল হতে দেখা যাচ্ছে। দুর্ঘটনা শূন্য করার রূপকল্পের ধারণায় বলা হচ্ছে, দুর্ঘটনা কমিয়ে আনতে যৌথ ও বহু খাতভিত্তিক উদ্যোগ প্রয়োজন।