পণ্য আমদানি

সংকটে আমদানিনির্ভরতা বাড়ছে ভারতের ওপর

করোনার পর আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে জাহাজভাড়া বৃদ্ধি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গম, চিনিসহ পণ্য আমদানিতে ভারতনির্ভরতা বেড়েছে। 

  • গত অর্থবছরে আমদানি হয়েছে ১ হাজার ৬৮৯ কোটি ডলারের পণ্য, আমদানি বেড়েছে ৪৩ শতাংশ।

  • ভারত থেকে গম আমদানি এক বছরের ব্যবধানে বেড়ে তিন গুণ হয়েছে।

বৈশ্বিক চলমান সংকটে বিশ্বের আমদানি বাণিজ্যের গতিপথ কিছুটা বদলে গেছে। সেই বদলের পথে হেঁটেছে বাংলাদেশও। সহজ যোগাযোগ ও কম খরচের সুবিধার কারণে গত কয়েক মাসে দেশে নানা ধরনের পণ্য আমদানির ক্ষেত্রে ভারতনির্ভরতা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। তাতে ভারত থেকে পণ্য আমদানি রেকর্ড উচ্চতায় উঠেছে।

ভারত থেকে আমদানি বেড়ে যাওয়ার তিনটি কারণের কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রথমত, দ্রুত পণ্য আমদানির সুযোগ। দ্বিতীয়ত, পণ্য আমদানিতে পরিবহন খরচ কম। তৃতীয়ত, সমুদ্রবন্দরের পাশাপাশি স্থলবন্দর দিয়ে যোগাযোগের সুবিধা।

ভারত থেকে আমদানিনির্ভরতা বেড়ে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানির বাজারে ছোট ব্যবসায়ীদের অংশীদারত্বও বেড়েছে। কারণ, ভারত থেকে ছোট ছোট চালানে স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি করা যায়।

প্রতিযোগিতামূলক দামে পণ্য আমদানির সুযোগ থাকায় বড়দের সঙ্গেও প্রতিযোগিতা করতে সমস্যা হয়নি ছোট আমদানিকারকদের। তবে ভারত নিজ দেশের সংকট কাটাতে গমসহ কিছু পণ্য রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করায় ছোটদের অংশীদারত্ব কত দিন থাকবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২০২১-২২ অর্থবছরে ভারত থেকে ১ হাজার ৬৮৯ কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি হয়েছে। ২০২০-২১ অর্থবছরে যার পরিমাণ ছিল ১ হাজার ১৮৫ কোটি ডলার। এক বছরের ব্যবধানে ভারত থেকে পণ্য আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। আমদানির এই তথ্যে বিদ্যুৎ আমদানির হিসাবও অন্তর্ভুক্ত রয়েছে।

আমদানিনির্ভরতা যেভাবে বেড়েছে

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আমদানি বাণিজ্যের ক্ষেত্রে গতিপথ বদলে যায় মূলত জাহাজভাড়া বাড়ার কারণে। করোনার ধাক্কা কাটিয়ে ওঠার পর ২০২১ সালের শুরুতে জাহাজভাড়া দ্রুতগতিতে বাড়তে থাকে। তাতে রাশিয়া-ইউক্রেন থেকে গম আমদানি খরচ বেড়ে যায়। এ অবস্থায় আমদানি খরচ কমাতে ব্যবসায়ীরা রাশিয়া-ইউক্রেনের বদলে ভারত থেকে গম আমদানি শুরু করেন। আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভারতের ওপর গমের আমদানিনির্ভরতা আরও বেড়ে যায়।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবে, দেশটি থেকে গম আমদানি এক বছরের ব্যবধানে বেড়ে তিন গুণ হয়েছে। ভারত থেকে আমদানি হওয়া পণ্যের তালিকায় তুলার পরে দ্বিতীয় শীর্ষ পণ্য এখন গম, এক বছর আগেও গম ছিল পঞ্চম অবস্থানে। গত অর্থবছরে বাংলাদেশে আমদানি হওয়া গমের ৬৩ শতাংশই এসেছে ভারত থেকে। একসময় রাশিয়া-ইউক্রেন থেকে সিংহভাগ গম আমদানি হতো।

শুধু গম নয়, এ তালিকায় রয়েছে অপরিশোধিত চিনি, চাল, ডিজেল, সুতা ও পোশাক খাতের কাঁচামাল ইত্যাদি। উল্লিখিত সব পণ্য আমদানি আগের তুলনায় বেড়েছে।

চিনির বাজারের উদাহরণ দেওয়া যাক। দেশের অপরিশোধিত চিনির বাজার পুরোপুরি ছিল ব্রাজিলনির্ভর। জাহাজভাড়া বেড়ে যাওয়ায় চিনি আমদানিতেও উৎসস্থল পরিবর্তন হয়ে ভারতনির্ভর হয়ে পড়ে। দেশের পরিশোধন কারখানাগুলো গত অর্থবছরে ভারত থেকে সাড়ে ১০ লাখ টন অপরিশোধিত চিনি আমদানি করেছে, যা মোট আমদানির ৪৪ শতাংশ। এক বছর আগে মোট আমদানি হওয়া চিনির মাত্র ৪ শতাংশ এসেছিল ভারত থেকে।

জানতে চাইলে বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী প্রথম আলোকে জানান, দ্রুত ও কম খরচে যেখান থেকে আমদানির সুযোগ তৈরি হবে, ব্যবসায়ীরা সেখান থেকেই আমদানি করবেন। ভারত থেকে সমুদ্রপথে পণ্য আমদানিতে যেমন অন্য দেশের তুলনায় খরচ কম, তেমনি স্থলবন্দর দিয়ে পরিবহনের ক্ষেত্রে খরচ আরও কম পড়ে। এতে ভারতের ওপর আমদানিতে নির্ভরতা বেড়েছে।

ছোটদের অংশীদারি বেড়েছে

নিত্যপ্রয়োজনীয় বাজার থেকে প্রায় উধাও হওয়ার পথেই ছিল ছোট আমদানিকারকেরা। বড় গ্রুপগুলো একসঙ্গে ৫০-৬০ হাজার টন করে পণ্য আমদানি করে। তাতে তাদের খরচ কম পড়ে। সে তুলনায় যারা কয়েক হাজার টন পণ্য আমদানি করে, তাদের আমদানি খরচ বেশি। ফলে বাজারে টিকে থাকতে পারেনি ছোট আমদানিকারকেরা। বৈশ্বিক সংকট ছোটদের জন্য ব্যবসার পথ খুলে দিয়েছে।

এ ক্ষেত্রে গমের উদাহরণই ধরা যাক। গত অর্থবছর ভারত থেকে গম আমদানি করেছে ৫২২টি প্রতিষ্ঠান। অথচ ২০২০-২১ অর্থবছরে আমদানি করেছিল ২২১টি প্রতিষ্ঠান। অর্থাৎ গম আমদানির বাজারে নতুন যুক্ত হয়েছে ৩০০ প্রতিষ্ঠান। মোট ৫২২টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৫০ প্রতিষ্ঠানই ছোট আকারের, যারা ১০ টন থেকে ১০ হাজার টন গম আমদানি করেছে।

এমনই একজন ব্যবসায়ী খাতুনগঞ্জের নুরুল ইসলাম অ্যান্ড ব্রাদার্সের কর্ণধার মো. মুসলিম উদ্দিন। তিনি সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘বড় ব্যবসায়ীরা এক জাহাজেই ৫০-৬০ হাজার টন গম আমদানি করেন। তাঁদের সঙ্গে ব্যবসায় প্রতিযোগিতায় পেরে ওঠা কঠিন। তাই ভারতের দরজা খুলে যাওয়ার পর আমরাও আমদানি শুরু করতে পেরেছি।’

বেড়েছে বাণিজ্যঘাটতিও

আমদানির পাশাপাশি ভারতে রপ্তানিও বেড়েছে। এরপরও বাণিজ্যঘাটতি বেড়েছে। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাবে, গত অর্থবছর ভারতে ১৯৯ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আর ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবে, গত অর্থবছর (জুলাই-জুন) দুই দেশের মধ্যে বাণিজ্যঘাটতি ১ হাজার ৪৯০ ডলারে উন্নীত হয়েছে।

জানতে চাইলে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বৈশ্বিক সংকট ও নানা বিধিনিষেধের কারণে আমদানি প্রতিস্থাপন হয়েছে। প্রতিযোগিতাসক্ষম মূল্যের কারণে বেসরকারি খাতে আমদানি বেড়েছে, যা স্থানীয় বাজার স্থিতিশীল রাখার জন্য গুরুত্বপূর্ণ। ভারত পণ্য সরবরাহের ক্ষেত্রে ভৌগোলিক সুবিধা পুরো মাত্রায় নিলেও বাংলাদেশ রপ্তানিতে তা নিতে পারছে না।’