আমদানি কমেছে ৭৪%

পুরোনো জাহাজ আসা কমেছে

রড তৈরির ছোট কারখানা ও অভ্যন্তরীণ নৌযানশিল্পে কাঁচামালের জোগান আসে পুরোনো জাহাজ থেকে।

ইস্পাতশিল্পের কাঁচামালের দ্বিতীয় প্রধান উৎস পুরোনো জাহাজ আমদানিতে ভাটা পড়েছে। চলতি ২০২২–২৩ অর্থবছরের প্রথম তিন মাসে পুরোনো জাহাজ আমদানি ৭৪ শতাংশ কমে গেছে। এ আমদানি গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম।

আমদানি কমার এই ধারা অব্যাহত থাকলে এই খাতের ওপর নির্ভরশীল শিল্পগুলো ভবিষ্যতে বিপদে পড়তে পারে বলে আশঙ্কা করছেন খাত–সংশ্লিষ্ট ব্যক্তিরা। যেমন রড ও অ্যাঙ্গেল তৈরির সনাতন ও আধা সনাতন কারখানা এবং অভ্যন্তরীণ নৌযানশিল্প সামনে কাঁচামাল–সংকটে পড়তে পারে বলে এ খাতের উদ্যোক্তারা জানিয়েছেন।

গত তিন মাসে আমদানি কমে যাওয়ার জন্য কয়েকটি কারণের কথা জানিয়েছেন এই খাতের উদ্যোক্তারা। প্রথমত, পুরোনো জাহাজের একেকটি ঋণপত্র খুলতে অর্ধকোটি থেকে কয়েক কোটি ডলারের দরকার হয়। ৩০ লাখ ডলারের বেশি ঋণপত্র খোলার আগে এখন বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হয়। ব্যাংকগুলোও ডলার–সংকটে বড় ঋণপত্র খুলতে নিরুৎসাহিত করছে।

সামনে নির্মাণ মৌসুমে সনাতন ও আধা সনাতন কারখানাগুলোতে কাঁচামালের চাহিদা তৈরি হবে। পুরোনো জাহাজ আমদানি কমে যাওয়ার প্রভাবে এসব ছোট ছোট শিল্পকারখানার কাঁচামাল জোগানে সমস্যা দেখা দিতে পারে।
মোহাম্মদ সরওয়ার আলম, পরিচালক, মোস্তফা হাকিম গ্রুপ

আবার ইউপাস ঋণপত্র খোলার আয়োজন করতে সময় বেশি লাগছে। দ্বিতীয়ত, বিশ্ববাজারে জাহাজের সহজলভ্যতা কম। তৃতীয়ত, ডলারের দামের অনিশ্চয়তার কারণে আমদানিকারকেরা ঝুঁকি নিতে চাইছেন না।

চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ১৬টি প্রতিষ্ঠান ২৭টি জাহাজ আমদানি করেছে। এসব জাহাজ ভেঙে পাওয়া যাবে ১ লাখ ২৬ হাজার টন লোহা। ২০২১–২২ অর্থবছরের প্রথম তিন মাসে ৩৬টি প্রতিষ্ঠান ৬২টি জাহাজ আমদানি করেছিল। সেসব জাহাজ ভেঙে পাওয়া গেছে ৪ লাখ ৭৭ হাজার টন লোহা। অর্থাৎ লোহার হিসাবে আমদানি কমেছে ৭৪ শতাংশ।

বড় অঙ্কের ঋণপত্র খুলতে সমস্যার কারণে ছোট জাহাজ আমদানিতে ঝুঁকেছেন আমদানিকারকেরা। যেমন গত অর্থবছরে ৪টি জাহাজ ভেঙে যে পরিমাণ লোহা পাওয়া গেছে, এবার ১৬টি জাহাজ ভেঙে পাওয়া যাবে তার চেয়ে কম পরিমাণ লোহা।

জাহাজভাঙা ইয়ার্ড মালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ডলার–সংকটসহ নানা কারণে পুরোনো জাহাজ আমদানি কমেছে। আমদানি কমায় শতাধিক জাহাজভাঙা ইয়ার্ডের জায়গায় এখন ৩০টির মতো সক্রিয় রয়েছে।

ডলার–সংকটসহ নানা কারণে পুরোনো জাহাজ আমদানি কমেছে। আমদানি কমায় শতাধিক জাহাজভাঙা ইয়ার্ডের জায়গায় এখন ৩০টির মতো সক্রিয় রয়েছে।
কামাল উদ্দিন, জ্যেষ্ঠ সহসভাপতি, শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন

আমদানিকারকেরা বলছেন, জাহাজের যত লোহা আছে, তার প্রায় সবই পুনর্ব্যবহার করা যায়। লৌহজাত পণ্য ছাড়া পুরোনো জাহাজে বড় আকারের রসুইঘর, নাবিকদের আবাসন, চিকিৎসা ও স্টেশনারি থাকে। আবার জাহাজ চালানোর জন্য থাকে জেনারেটর ও যন্ত্রপাতি। আলপিন থেকে শুরু করে নাটবল্টু, রান্নাঘরের জিনিস থেকে শিল্পকারখানার কাঁচামাল—এমন হাজারো পণ্য থাকে পুরোনো জাহাজে। যেগুলো ঘিরে বড় ধরনের বেচাকেনার বাজার গড়ে উঠেছে চট্টগ্রাম ও ঢাকায়।

জাহাজ আমদানিকারকেরা জানান, পুরোনো জাহাজের বেশির ভাগ অংশই লৌহজাত পণ্য। জাহাজের শরীরজুড়ে থাকা লোহা লম্বা প্লেট আকারে কেটে বিক্রি হয় আধা স্বয়ংক্রিয় ও সনাতন রড তৈরির কারখানায়। জাহাজভেদে এ হার মোট লৌহজাত পণ্যের কমবেশি ৫০ শতাংশ। এ ছাড়া সনাতন কারখানায় ব্যবহৃত হয় ১০ শতাংশ লোহার ভারী টুকরা। আবার অভ্যন্তরীণ নৌপথের জন্য নির্মিত হওয়া অনেক জাহাজে ব্যবহৃত হয় ভাঙা জাহাজের লোহার প্লেট। এ হার বড়জোর ৫ থেকে ১০ শতাংশ। এ রকম অন্তত সাতটি শিল্পকারখানার কাঁচামালের জোগান আসে জাহাজভাঙা শিল্প থেকে।

জাহাজ কাটাকুটির পর ছোটখাটো লোহার টুকরা ও লোহার যন্ত্রাংশ পাওয়া যায়। এসব লোহার টুকরা সহজেই চুল্লিতে গলানো যায়। স্বয়ংক্রিয় রড তৈরির কারখানায় কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় লোহার এসব টুকরা। এর পরিমাণ জাহাজের মোট লোহার ২০–২৫ শতাংশ। বছরে পাঁচ–সাত লাখ টন লোহার টুকরার জোগান আসে জাহাজভাঙা ইয়ার্ড থেকে। ফলে আমদানি কমলে জাহাজভাঙা শিল্পের ওপর নির্ভরশীল খাতগুলোতে কাঁচামালের জোগান কমবে বলে জানান খাত–সংশ্লিষ্ট ব্যক্তিরা। যদিও স্বয়ংক্রিয় কারখানাগুলোর বেশির ভাগই সরাসরি লোহার টুকরা আমদানি করে রড উৎপাদন করে।

চট্টগ্রামে জাহাজভাঙা ইয়ার্ড ও রড তৈরির কারখানা রয়েছে মোস্তফা হাকিম গ্রুপের। গ্রুপটির পরিচালক মোহাম্মদ সরওয়ার আলম প্রথম আলোকে বলেন, সামনে নির্মাণ মৌসুমে সনাতন ও আধা সনাতন কারখানাগুলোতে কাঁচামালের চাহিদা তৈরি হবে।

পুরোনো জাহাজ আমদানি কমে যাওয়ার প্রভাবে এসব ছোট ছোট শিল্পকারখানার কাঁচামাল জোগানে সমস্যা দেখা দিতে পারে। আবার স্বয়ংক্রিয় কারখানাগুলোও তাৎক্ষণিক কাঁচামাল পাওয়ার জন্য জাহাজভাঙা ইয়ার্ডের ওপর নির্ভরশীল ছিল। তারাও বিপদে পড়ার আশঙ্কা রয়েছে।