
তৈরি পোশাক খাতের ১৬ জন ব্যবসায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে মন্ত্রী ও তিনজনকে প্রতিমন্ত্রী করা হয়েছে। এর বাইরে তৈরি পোশাকশিল্প খাতের একজন সদস্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন।
এসব মন্ত্রী–প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যদের তৈরি পোশাকশিল্প খাত নিয়ে সংসদে কথা বলার অনুরোধ জানিয়েছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেন, ‘আপনারা যাঁর যাঁর এলাকার উন্নয়ন ও জাতীয় সমস্যা নিয়ে জাতীয় সংসদে কথা বলবেন। পাশাপাশি আপনারা তৈরি পোশাক খাত নিয়েও কথা বলবেন। অর্থনীতির মূল চালিকা শক্তি তৈরি পোশাকশিল্প। ফলে তৈরি পোশাকশিল্পের উন্নয়ন মানেই বাংলাদেশের উন্নয়ন।’
রাজধানীর আর্মি গলফ ক্লাব মিলনায়তনে আজ বৃহস্পতিবার বিকেলে পোশাকশিল্পের সদস্য, এমন ১৭ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিলে এ কথা বলেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। বিজিএমইএ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
মাহমুদ হাসান খান বলেন, বাংলাদেশের রপ্তানি খাত এককভাবে তৈরি পোশাকশিল্পের ওপর নির্ভরশীল। এখান থেকে বেরিয়ে আসতে হবে। তার জন্য পণ্য বহুমুখীকরণের উদ্যোগ নিতে হবে। এ ছাড়া ব্যবসার খরচ যেন কমে এবং শিল্প পরিচালনা যাতে সহজ হয়, সে বিষয়ে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব তৈরি পোশাক খাত বিভিন্ন সুযোগ-সুবিধা পাবে বলে আশা প্রকাশ করেন সংসদ সদস্য মো. লুৎফর রহমান (টাঙ্গাইল-৪)। তিনি বলেন, ‘প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিভিন্ন উদ্যোগের কারণে তৈরি পোশাক খাত বিকশিত হয়েছিল। আমাদের সবাইকে বসে তৈরি পোশাক খাতের সমস্যা সমাধান করা যায়, সে পরিকল্পনা করতে হবে।’
তৈরি পোশাকশিল্প পরিবার থেকে আফরোজা খানম বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী; জাকারিয়া তাহের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী; খন্দকার আবদুল মুক্তাদির বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী; শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী; মো. শরীফুল আলম বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী; আহম্মদ সোহেল মনজুর গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং মাহদী আমিন প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন।
এ ছাড়া সংসদ সদস্য হয়েছেন জয়নুল আবদিন ফারুক, নোয়াখালী-২; এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৮; এস এম ফয়সল, হবিগঞ্জ-৪; মো. খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৩; মো. আবুল কালাম, কুমিল্লা-৯; মো. লুৎফর রহমান, টাঙ্গাইল-৪; মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৫; মো. আবদুল্লাহ, মুন্সিগঞ্জ-১; মো. আবদুল হান্নান, চাঁদপুর-৪ এবং মো. শাহাদাত হোসেন, লক্ষীপুর-১ আসন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ও উপদেষ্টা মাহদী আমিন এবং সংসদ সদস্য এরশাদ উল্লাহ, আবুল কালাম, লুৎফর রহমান, মোহাম্মদ জাকির হোসেন, মো. আবদুল্লাহ ও মো. শাহাদাত হোসেন। আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ; বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, কাজী মনিরুজ্জামান ও আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ; বিজিএমইএর বর্তমান সহসভাপতি সেলিম রহমান, ইনামুল হক খান, রেজওয়ান সেলিম, মিজানুর রহমান, ভিদিয়া অমৃত খান, শিহাব উদ্দোজা চৌধুরী প্রমুখ।