পাঁচ দিনের আবাসন মেলায় ৩০২ কোটি টাকার ব্যবসা

পাঁচ দিনের রিহ্যাব আবাসন মেলায় ৩০২ কোটি টাকার অ্যাপার্টমেন্ট, প্লট ও বাণিজ্যিক স্পেস বা জায়গা বিক্রি ও বুকিং হয়েছে। এর মধ্যে ১৬৮ কোটি টাকার অ্যাপার্টমেন্ট, ৮০ কোটি টাকার প্লট, ৫৩ কোটি ৭৩ লাখ টাকার বাণিজ্যিক জায়গা রয়েছে। এর বাইরে প্রায় ৫০ কোটি টাকার নির্মাণসামগ্রী বিক্রি ও বুকিং হয়েছে। আজ বেলা ১টা পর্যন্ত মেলায় ক্রেতা-দর্শনার্থী এসেছেন ১৬ হাজার ১৩২ জন।

তবে গতবারের তুলনায় এবারের রিহ্যাব মেলায় বিক্রি ও বুকিং এবং ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতি—দুটিই কমেছে। ২০২১ সালে রিহ্যাব মেলায় ৩৯৭ কোটি ৩৮ লাখ টাকার ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক জায়গা বিক্রি ও বুকিং হয়। এর মধ্যে ছিল ১৯৮ কোটি টাকার অ্যাপার্টমেন্ট, ১২৫ কোটি টাকার প্লট ও ৭৪ কোটি ৩৮ লাখ টাকার বাণিজ্যিক জায়গা বুকিং ও বিক্রি। সেবার মেলায় আসেন ১৯ হাজার ২৩৭ ক্রেতা-দর্শনার্থী।

রাজধানীর শের-ই-বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ বেলা দুইটায় মেলা শেষে সংবাদ সম্মেলন করেন রিহ্যাব নেতারা। এতে সংগঠনের সহসভাপতি মো. সোহেল রানা পাঁচ দিনের আবাসিক মেলায় অ্যাপার্টমেন্ট, প্লট ও বাণিজ্যিক স্পেস বা জায়গা বিক্রি ও বুকিংয়ের তথ্য দিয়ে বলেন, ‘নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে শেষ হলেও যে উদ্দেশ্য নিয়ে মেলার আয়োজন করা হয়েছে, তা সফল।’

গত বুধবার পাঁচ দিনব্যাপী রিহ্যাব মেলার উদ্বোধন করা হয়। এতে আবাসন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং ভবনের নির্মাণসামগ্রী উৎপাদন ও বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট ১২৬টি প্রতিষ্ঠানের ১৮০টি স্টল ছিল। এর মধ্যে আবাসন প্রতিষ্ঠান ছিল ৯২টি।

আগামীকাল সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে সরকারপ্রধান অংশ নেবেন। তাঁর নিরাপত্তার কারণেই রাত নয়টার পরিবর্তে বেলা দুইটায় মেলা শেষ করেন আয়োজকেরা।