দাম বেড়েছে গ্যাস, বিদ্যুৎ আর জ্বালানির। তবে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় বড় ধরনের উন্নতি লক্ষ করা যাচ্ছে না। মাঝারি ও ভারী শিল্পকারখানার অন্যতম কেন্দ্র গাজীপুর। সেখানে ব্যবসায়ী ও শিল্পমালিকেরা জ্বালানি সমস্যায় কতটা ভুগছেন, তা নিয়ে প্রথম আলো কথা বলেছে গাজীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ার সাদাত সরকারের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা।

সরকারি ঘোষণার মাধ্যমে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হয়েছে। বেশ দীর্ঘ সময় ধরেই পুরো দেশে বিদ্যুৎ আর গ্যাসের সংকট চলছিল। আপনার এলাকায় এই সংকট কতটা প্রকট?
আনোয়ার সাদাত সরকার: দু–তিন মাস আগে বেশ সংকট ছিল, আমাদের ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে হয়েছে। এখন বিদ্যুতের কিছুটা উন্নতি হয়েছে। তবে সেটি শীত ও এলএনজির একটি চালান এসেছিল, সে কারণে। এখন দেখার বিষয়, এটা কত দিন থাকে। বিদ্যুতের আসল অবস্থা বোঝা যাবে গ্রীষ্ম মৌসুমে।
সম্প্রতি গ্যাসের দাম বেড়েছে বেশ অনেকটা। এই মূল্যবৃদ্ধি আপনার এলাকায় শিল্পে কী ধরনের প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন?
আনোয়ার সাদাত সরকার: মূল্য কমানোর জন্য আমরা সরকারকে একটি চিঠি দিয়েছি। কিন্তু সেটির উত্তর এখনো আসেনি। সরকার নির্ধারিত বর্ধিত দামটি শিল্পক্ষেত্রের জন্য সহনীয় হচ্ছে না।
আপনাদের এলাকায় কোন ধরনের শিল্প ও ব্যবসা সবচেয়ে সমস্যায় রয়েছে বলে ধারণা করছেন?
আনোয়ার সাদাত সরকার: ভারী শিল্পকারখানা, যেমন ট্রান্সফরমার, স্পিনিং, নির্মাণশিল্প ও টাইলসশিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে জ্বালানিসংকটের কারণে। বিশেষ করে টাইলস কারখানার বয়লারগুলো বন্ধ করা যায় না। কোনো কারণে এসব বয়লার একবার বন্ধ হয়ে গেলে আবার তিন-চার ঘণ্টা লাগে গরম হতে। এই সময়ে তৈরির প্রক্রিয়ায় থাকা টাইলসগুলো নষ্ট হয়ে যায়।
বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মালিকেরা বলছেন যে গ্যাসের দাম যতটা বেড়েছে, তাতে করে টিকে থাকতে হলে তাঁদের হয় পণ্যের মূল্য বাড়াতে হবে কিংবা কর্মী ছাঁটাই করতে হবে। তেমন কোনো আশঙ্কা কি আপনি করেন?
আনোয়ার সাদাত সরকার: মানসম্পন্ন ও নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ যাঁদের প্রয়োজন, তাঁদের কারখানাগুলো বৃহৎ আকারের। বড় ও মাঝারি শিল্পগুলো রপ্তানিমুখী এবং এটাকেই আমরা বেশি গুরুত্ব দিই। অবশ্যই ক্ষুদ্র শিল্পের মালিকেরা চাপের মুখে পড়বেন। পণ্যের দাম বাড়ানো ছাড়া তাঁদের কোনো উপায় নেই। যেহেতু মূল্যস্ফীতি হচ্ছে, তাই দাম বাড়াটাই স্বাভাবিক।
বিদ্যুৎ আর গ্যাসের দাম বাড়ানোর আগে দাম বেড়েছিল জ্বালানি তেলের। এগুলোর মূল্যবৃদ্ধি হলো এমন সময়ে যখন শিল্পের মালিকেরা মহামারির ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন। এর বাইরে রয়েছে ডলার–সংকট, ব্যাংকের সমস্যা। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনারা মনে করছেন?
আনোয়ার সাদাত সরকার: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট সংকট নিয়ে জ্বালানি উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে। সরকার গ্যাস ও বিদ্যুৎ সেক্টরে ভর্তুকি দিচ্ছে। এই ভর্তুকি থেকে যদি সরকার বের হতে না পারে, তাহলে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে পারবে না। আমাদের আসলে ভর্তুকির দরকার নেই, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দরকার। এটাকেই আমরা বেশি প্রধান্য দিচ্ছি। সরকার আমাদের কথাটি শুনেছে। ডলার–সংকট একটি বৈশ্বিক ব্যাপার। তবে এর সঙ্গে স্থানীয় অব্যবস্থাপনাও জড়িত। আইএমএফ লোনের প্রথম কিস্তি ছাড় হয়েছে। আমরা মনে করি, এতে রিজার্ভ চাঙা হবে। কারণ, আইএমএফের লোনটা ডলারে আসছে।
বিভিন্ন ধরনের জ্বালানির দাম বাড়ার ফলে ব্যবসার ওপর যে চাপ তৈরি হয়েছে বা হচ্ছে, সেই ক্ষতি থেকে বেরিয়ে আসতে আপনারা নিজেরা কী করতে পারেন? আর এ ক্ষেত্রে সরকারের কী করার আছে? কী প্রত্যাশা আপনার?
আনোয়ার সাদাত সরকার: আমাদের যদি ক্রেতাদের পণ্য সরবরাহ করতে হয়, তাহলে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ প্রয়োজন। আমাদের প্রত্যাশা হচ্ছে, বৃহৎ ও মাঝারি শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস দেওয়া হবে। সরকার সেই পথে হাঁটছে। সরকার বলছে, ‘আমরা দিতে চাই, কিন্তু ভর্তুকি মূল্যে দিতে পারব না। আমরা যে দামে কিনি, সেই দাম দিলে দিতে পারব।’ আমাদের প্রত্যাশা এটাই ছিল। ব্যবসায়ীদের টিকে থাকার জন্যই এটা দরকার। অন্যথায় দেশের অর্থনীতিই চাপে পড়বে বলে মনে করি।