উন্নত মানের ডেনিম কাপড় (জিনস) তৈরিতে বড় বিনিয়োগে যাচ্ছে দেশীয় কোম্পানি ডিবিএল গ্রুপ। তুরস্কের শিল্পগোষ্ঠী সানকো হোল্ডিংয়ের সঙ্গে যৌথভাবে এই কারখানা করবে ডিবিএল। এ জন্য ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করা হবে। প্রতি ডলারের বিনিময় মূল্য ১২৫ টাকা ধরে হিসাব করলে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় পৌনে চার হাজার কোটি টাকা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যৌথ বিনিয়োগে গড়ে তোলা এই কারখানার ৫১ শতাংশ মালিকানা থাকবে ডিবিএলের হাতে। আর ৪৯ শতাংশ মালিকানা থাকবে তুরস্কের সানকো হোল্ডিংয়ের ডেনিম উৎপাদনকারী প্রতিষ্ঠান ইসকোর হাতে। মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে হবে এই কারখানা। প্রায় ৮০ একর জমির ওপর আধুনিক এই কারখানা গড়ে তোলা হবে বলে সূত্রটি জানায়।
ডিবিএল গ্রুপ সূত্রে জানা যায়, কারখানায় উৎপাদন শুরু হলে সেখানে প্রায় ৪ হাজার ৪০০ মানুষের কর্মসংস্থান হবে। ডিবিএলের সবচেয়ে বড় বিনিয়োগ হবে এই কারখানায়। ২০২৮ সালে কারখানাটি উৎপাদনে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। গতকাল বুধবার যৌথ এই বিনিয়োগ নিয়ে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের সানকো হোল্ডিংয়ের শীর্ষ কর্মকর্তারা। বৈঠক শেষে ইনভেস্ট বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ৩০ কোটি ডলার বিনিয়োগে ডিবিএল গ্রুপের সঙ্গে যৌথ বিনিয়োগে ডেনিম কারখানা করার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রস্তাবিত কারখানাটিতে প্রতি মাসে প্রায় এক কোটি মিটার ডেনিম কাপড় উৎপাদনের সক্ষমতা থাকবে। পাশাপাশি সুতা উৎপাদনের ব্যবস্থাও থাকবে এই কারখানায়।
নতুন এই বিনিয়োগের বিষয়ে জানতে চাইলে ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ জব্বার প্রথম আলোকে বলেন, ‘ডেনিমের এই কারখানায় সবচেয়ে আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করা হবে। উৎপাদিত কাপড় স্থানীয় রপ্তানিকারকদের কাছে বিক্রির পাশাপাশি বিদেশেও রপ্তানি হবে। এই কারখানায় যে বিনিয়োগ করতে যাচ্ছি, সেটি গত কয়েক বছরের মধ্যে আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে বড় বিনিয়োগ। এই কারখানার জন্য যেসব কর্মী নিয়োগ করা হবে, তাঁদের বড় অংশই থাকবে নতুন। তাঁদের মধ্যে একটি অংশকে তুরস্কে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে। আশা করছি কারখানাটি চালু হলে ডেনিম কাপড় তৈরি ও রপ্তানিতে ইতিবাচক প্রভাব পড়বে।’
এদিকে ইনভেস্ট বাংলাদেশ জানিয়েছে, তুরস্কের সানকো হোল্ডিংয়ের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ফাতিহ কোনুকোগ্লু ও পর্ষদ সদস্য হাকান কোনুকোগ্লুর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে গতকাল সংস্থাটির চেয়ারম্যান আশিক চৌধুরীর সাক্ষাৎ ও বৈঠক হয়। এ সময় তাঁরা বাংলাদেশে তাঁদের বড় অঙ্কের বিনিয়োগের প্রতিশ্রুতির কথা জানান। এ সময় সানকো হোল্ডিংয়ের প্রধান আর্থিক কর্মকর্তা মুস্তাফা গুনবুলুত, প্রধান কৌশল কর্মকর্তা চাগাতায় আবরাস ও আঞ্চলিক প্রধান ব্যবস্থাপক তেজকান বালতাস উপস্থিত ছিলেন।
এ ছাড়া ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, ট্রেজারিপ্রধান জাকারিয়া চৌধুরী, গ্রুপ রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান জুয়েল জাব্বার এবং ইনভেস্ট বাংলাদেশের সদস্য (বিনিয়োগ উন্নয়ন) নাহিয়ান রহমানও উপস্থিত ছিলেন।
তুরস্কের প্রতিষ্ঠান সানকো হোল্ডিং ১৯০৪ সাল থেকে বস্ত্র খাতের ব্যবসার সঙ্গে জড়িত। বর্তমানে বস্ত্রের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণ, প্যাকেজিং ও অর্থায়ন খাতে ব্যবসা রয়েছে প্রতিষ্ঠানটির। সানকো হোল্ডিংয়ের ডেনিম বিভাগ ইসকো বিশ্বের অন্যতম বৃহৎ ডেনিম কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান। বছরে ২৫ থেকে ৩০ কোটি মিটার ডেনিম কাপড় উৎপাদনের সক্ষমতা রয়েছে প্রতিষ্ঠানটির। বিশ্বের ৬০টির বেশি দেশে তাদের গ্রাহক রয়েছে।
ইনভেস্ট বাংলাদেশ জানিয়েছে, প্রস্তাবিত কারখানাটি হবে রপ্তানিমুখী। এ বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতের পশ্চাৎ–সংযোগ (ব্যাকওয়ার্ড লিংকেজ) শিল্প আরও শক্তিশালী হবে এবং রপ্তানি আয় বাড়বে।