মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ (সংরক্ষণকারী রাসায়নিক) ব্যবহারের দায়ে তিনটি প্রতিষ্ঠানের কাস্টার্ড কেক ও ব্রেড (পাউরুটি) বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। একই সঙ্গে সর্বসাধারণকে এসব পণ্য কেনা ও খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশের কথা জানায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সংস্থাটি বলেছে, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে ল্যাব পরীক্ষায় উল্লিখিত তিনটি পণ্যে ক্ষতিকর মাত্রায় অতিরিক্ত প্রিজারভেটিভের উপস্থিতি পাওয়া গেছে। এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুততম সময়ের মধ্যে এসব পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিন কোম্পানির মধ্যে ইস্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডকে তাদের ‘ইষ্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ প্রত্যাহার করে নিতে হবে। আর ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডকে ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ তুলে নিতে বলা হয়েছে। এ ছাড়া আরবোটিং ফুড কোম্পানি লিমিটেডের ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ প্রত্যাহার করে নিতে বলা হয়েছে।
বাজার থেকে তুলে নেওয়ার পাশাপাশি কোম্পানি তিনটিকে খাদ্যপণ্যের বিপণন বন্ধের নির্দেশ দিয়েছে বিএফএসএ।
এর আগে ৩ জুলাই অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও অন্যান্য অনিয়মের অভিযোগে ইষ্ট বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করে গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।