সোনার গয়না
সোনার গয়না

নভেম্বর মাসে সোনার দাম কমল ভরিতে ১৪ হাজার ২৮৮ টাকা

দেশের বাজারে আবার কমেছে সোনার দাম। বৈশ্বিক বাজারে দরপতনের কারণে দেশে টানা ছয় দফায় ভরিতে সোনার দাম কমেছে মোট ১৪ হাজার ২৮৮ টাকা। আজ বুধবার কমেছে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকালে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। এর আগে ৬ ও ১১ নভেম্বর দুই দফায় ভরিতে ২ হাজার ৭৪১ টাকা করে মোট ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়। এরপর গত বৃহস্পতিবার কমে ২ হাজার ২১৬ টাকা; শুক্রবার কমে ২ হাজার ১৫৮ টাকা; শনিবার কমেছে ২ হাজার ২১৬ টাকা। আজ রুপার দামও কমেছে।

টানা ছয় দফায় দাম কমায় আজ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৫ হাজার ৬৯৪ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৭৬ হাজার ৭০৯ টাকা আর সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা।

সোনার আজকের দাম ১ নভেম্বরের পর সর্বনিম্ন। তবে নভেম্বরের শুরুতে (২ থেকে ৫ নভেম্বর) সোনার দাম প্রায় ১২ হাজার টাকা বেড়ে ২ লাখ ২৯ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল।

সোনার দাম কমানোর কারণ হিসেবে বাজুস জানিয়েছে, দেশে তেজাবি সোনার (খাঁটি সোনা) দাম কমেছে। তবে এর পেছনে বৈশ্বিক বাজারে সোনার দরপতনও ভূমিকা রেখেছে। গতকাল আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম কমেছে ৬৬ ডলার। আজ সকাল ১০টা ৫০ মিনিটে প্রতি আউন্স সোনার দাম ছিল ৩ হাজার ৭৮৪ ডলার। গত এক মাসে প্রতি আউন্স সোনার দাম কমেছে ২৭৪ ডলার; গত ছয় মাসে কমেছে ৬৫৮ ডলার।

এদিকে আজ রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা কমে হয়েছে ৩ হাজার ৩৮২ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম হয়েছে ৩ হাজার ২০৭ টাকা।

বাজুস জানিয়েছে, সোনা ও রুপার নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত রয়েছে। ফলে অলংকার বিক্রির সময় জুয়েলারি প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করতে পারবে না।