নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ এবং বিমা কোম্পানির মালিকদের সমিতি বিআইএ এখানে একমত।

দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় বিমা খাতের প্রিমিয়াম আয় এখনো ১ শতাংশের কম। জিডিপির আকার যেভাবে বাড়ছে, তার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না বিমা খাত।
নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এবং বিমা কোম্পানিগুলোর মালিকপক্ষের সমিতি বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন—দুজনই বিমা খাতের বর্তমান দুরবস্থার কথা স্বীকার করেন। দুজনেরই মত হচ্ছে, শক্তিশালী আইডিআরএ বা নিয়ন্ত্রক সংস্থা গঠন এখন জরুরি। এ ছাড়া বিমা খাতকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।
মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘বেশিসংখ্যক মানুষকে বিমার আওতায় আনতে আমরা ব্যাংকান্স্যুরেন্স বাস্তবায়নে নজর দিচ্ছি। ব্যাংকে রয়েছে প্রায় ১০ কোটি হিসাবধারী। তাদের অর্ধেককেও বিমার আওতায় আনা গেলে প্রিমিয়াম আয় কয়েক গুণ বাড়বে। তখন পলিসি বাতিলের আশঙ্কাও কমবে।’ এ ছাড়া অনলাইনের মাধ্যমে বিমা পণ্য বিক্রি, করপোরেট এজেন্ট এবং ব্রোকার পদ্ধতি চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
আন্তর্জাতিক পর্যায়ে বিমার প্রথম বছরের ব্যবসা থেকে ১৫ শতাংশ বাদ হয়, ৮৫ শতাংশ টিকে থাকে। এ ছাড়া দ্বিতীয় বছরে ৫ থেকে ১০ এবং তৃতীয় বছরে ৫ শতাংশ বাতিল হয়। কিন্তু আমাদের দেশে প্রথম বছরেই ৫৫ থেকে ৬০ শতাংশ বাতিল হয়ে যায়, পলিসির বিপরীতে জমা হওয়া টাকাও কেউ ফেরত পায় না।
এ জন্য একটা উপায় বের করা হয়েছে জানিয়ে মোশাররফ হোসেন বলেন, প্রথম বছরে এজেন্টরা যে কমিশন পাবেন, তার ১০ শতাংশ কেটে রাখা হবে। এই ১০ শতাংশ পাবেন তাঁরা দ্বিতীয় বছরের ১০ শতাংশ কমিশনের সঙ্গে। এর ফলে দ্বিতীয় বছরে গ্রাহকদের ধরে রাখার ব্যাপারে এজেন্টদের মনোযোগ বেড়েছে।
বিমার আওতা বাড়ানোর কথা বললেও তৃতীয় পক্ষের বিমা (থার্ড পার্টি ইনস্যুরেন্স) পদ্ধতি বাতিল করে দিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা। এর ফলে এখন পলিসি ছাড়াই গাড়ি চলছে রাস্তায়। এ ব্যাপারে জানতে চাইলে মোশাররফ হোসেন বলেন, তৃতীয় পক্ষের বিমা ছিল নামকাওয়াস্তে। রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরলে ‘বিমা করা আছে’ বলে যাতে পার পাওয়া যায়, সেটাই ছিল এ বিমার উদ্দেশ্য। গাড়ির বিমা বাধ্যতামূলক হওয়া উচিত। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইডিআরএর দুর্বলতা প্রসঙ্গে নিয়ন্ত্রক সংস্থার প্রধান বলেন, ‘সংস্থাটি শুধু দুর্বল নয়, দুর্বলতম।’
এদিকে বিমা কোম্পানিগুলোর মালিকদের সংগঠন বিআইএ সভাপতি শেখ কবির হোসেন প্রথম আলোকে বলেন, ‘আর্থিক খাতের মধ্যে বিমা একটা গুরুত্বপূর্ণ খাত। জিডিপির আকার যেভাবে বড় হচ্ছে, তার সঙ্গে তাল মিলিয়ে বড় হতে পারছে না এ খাতটি। তবে দিন আসছে। একদিন বিমা খাতই হবে আর্থিক খাতের ভবিষ্যৎ। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে আমরা উন্নয়নশীল দেশের কাতারে যাচ্ছি। উন্নয়নশীল দেশের জন্য উন্নয়নশীল মানের বিমা খাত তৈরির জন্যও আমাদের প্রস্তুতি নিতে হবে।’ তাঁর মতে, নিয়ন্ত্রক সংস্থা দুর্বল থাকলে একটি খাত বেশি দূর এগোতে পারে না। তাই বিমা নিয়ন্ত্রক সংস্থাকে শক্তিশালী করতে হবে। সংস্থাটির যেসব কর্মকর্তার নিয়োগ নিয়ে অনিশ্চয়তা রয়েছে, যত দ্রুত সম্ভব সেই অনিশ্চয়তা দূর করতে হবে।
বিআইএ সভাপতি বলেন, সবকিছু বিমার আওতায় আনতে হবে এবং এগুলো যথাযথ নজরদারির মধ্যেও রাখতে হবে। সরকারি সম্পত্তির বিমা করার বাধ্যবাধকতা আছে। অনেকেই তা করেন না। ভবন নির্মাণের আগে যেমন রাজউক থেকে নকশা অনুমোদন, মাটি পরীক্ষা ও ফায়ার সার্ভিসের অনুমোদন নিতে হয়, তেমনি বিমাও করতে হবে।
অর্থনীতিতে অবদানের দিক থেকে আর্থিক খাতের মধ্যে বিমা খাত একসময় ব্যাংক খাত পুঁজিবাজারকেও ছাপিয়ে যাবে, তবে তার আগে আইডিআরএকে শক্তিশালী করতে হবে বলে মনে করেন বিআইএ সভাপতি শেখ কবির হোসেন।