
ভরা মৌসুমেও ঢাকার বাজারে শীতের সবজির দাম চড়া। তবে গত সপ্তাহের তুলনায় ব্রয়লার ও সোনালি জাতের মুরগির দাম কিছুটা কমেছে।
গতকাল বৃহস্পতিবার প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৫৫ টাকায় বিক্রি হয়েছে। এক সপ্তাহ আগে বিক্রি হয়েছিল ১৬০ টাকায়। আর ৩১০ টাকা কেজি দরে বিক্রি হওয়া সোনালি জাতের মুরগি বিক্রি হয়েছে ২৯৫ থেকে ৩০০ টাকায়।
দাম কমেছে ফার্মের মুরগির ডিমেরও। হাতিরপুল বাজারে এক ডজন ডিম ১২০ টাকায় বিক্রি হয়েছে। গত সপ্তাহে ছিল ১২৫-১৩০ টাকা। তবে হাঁসের ডিম প্রতি ডজনে ১০ টাকা বেড়ে ২২০ টাকায় বিক্রি হয়।
বাজারে মৌসুমি সবজির সরবরাহ অন্যান্যবারের তুলনায় কম। এ জন্য এখনো দাম কিছুটা বেশি। তবে গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে।জামাল মিয়া, কারওয়ান বাজারের পাইকারি সবজি বিক্রেতা
হাতিরপুল বাজারের ডিম বিক্রেতা মো. সালেহ আহম্মদ বলেন, ফার্মের মুরগির দাম কমলেও হাঁসের ডিমের দাম হালিতে ২-৩ টাকা বেড়েছে। দেশি মুরগির ডিম প্রতি হালি ৬০ টাকা।
রাজধানীর নিউমার্কেটের বনলতা কাঁচাবাজার, হাতিরপুল কাঁচাবাজার ও কারওয়ান বাজারে গিয়ে এমন চিত্র দেখা গেছে। তবে শীতের সবজির দাম বেশ চড়া। মাঝারি আকারের মিষ্টিকুমড়া ৭০-৮০ টাকা, লাউ ৫০-৬০ টাকা, বরবটি, গাজর ও কাঁচা মরিচ কেজিপ্রতি ৭০ টাকা, শিম ও শালগম ৪০ টাকা, টমেটো (ভারতীয়) ১২০ টাকা, দেশি টমেটো ১১০ টাকায় বিক্রি হয়েছে। কিছুটা কমেছে ফুলকপি, বাঁধাকপি, পেঁপে ও মুলার দাম।
কারওয়ান বাজারের পাইকারি সবজি বিক্রেতা জামাল মিয়া প্রথম আলোকে বলেন, বাজারে মৌসুমি সবজির সরবরাহ অন্যান্যবারের তুলনায় কম। এ জন্য এখনো দাম কিছুটা বেশি। তবে গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে।
এক সপ্তাহ আগে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে প্রতি কেজি শিম ৬০ টাকা, মানভেদে বেগুন ৬০ টাকা, গাজর ৬০-৮০ টাকা, টমেটো ১০০-১২০ টাকায় বিক্রি হয়েছিল। আর আকার হিসেবে প্রতিটি ফুলকপি ৪০-৬০ টাকা, বাঁধাকপি ৪০-৫০ টাকায় বিক্রি হয়েছিল।
নিউমার্কেট বনলতা কাঁচাবাজারে গৃহিণী আসমাউল আরা প্রথম আলোকে বলেন, সবাজারে সব নিত্যপণ্যের দামই বাড়তি। শীত মৌসুমের সবজিও এ বছর তুলনামূলক বেশি দামে বিক্রি হচ্ছে। কোনো কিছুতেই স্বস্তি নেই।