
বৈশ্বিক মুদ্রাবাজারে ডলারের দর আজ সোমবার সকালে কিছুটা কমেছিল। কিন্তু তাতে আপাতত উন্নয়নশীল দেশগুলোর খুশি হওয়ার কারণ নেই। কারণ, গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যস্ফীতির হার প্রত্যাশার চেয়ে বেশি ছিল। ধারণা করা হচ্ছে, এ পরিস্থিতিতে ফেডারেল রিজার্ভ নীতি সুদহার বৃদ্ধি না করলেও কমাবে না।
সম্প্রতি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ডলারের সাপেক্ষে মার্কিন মুদ্রা ডলারের মান কিছুটা বৃদ্ধি পায়। তবে আজ সকালে কিছুক্ষণের জন্য মার্কিন ডলারের দর ব্রিটিশ পাউন্ডের বিপরীতে শূন্য দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পায়। বিষয়টি হচ্ছে, অক্টোবরে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর নভেম্বরে দেশটির অর্থনীতি কিছুটা মাথাচাড়া দিয়ে উঠেছে। তা সত্ত্বেও দেশটির অর্থনৈতিক ভবিষ্যৎ অতটা উজ্জ্বল নয়। খবর রয়টার্সের।
এ সপ্তাহে বিশ্বের চারটি বড় দেশের কেন্দ্রীয় ব্যাংক বছরের শেষ মুদ্রানীতি কমিটির বৈঠক করছে। ফলে মুদ্রানীতির জগতে এ সপ্তাহে বড় কিছু পরিবর্তন আসছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচকের তথ্য পাওয়া গেছে—নীতি সুদহার নির্ধারণে এটিও বড় ভূমিকা পালন করবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, ব্যাংক অব ইংল্যান্ড ও সুইস ন্যাশনাল ব্যাংক এ সপ্তাহে নীতি সুদহার ঘোষণা করবে।
ধারণা করা হচ্ছে, ফেডারেল রিজার্ভ আগের মুদ্রানীতির ঘোষণার অনুসরণে ৭৫ ভিত্তি পয়েন্ট নীতি সুদহার বৃদ্ধি করবে। নভেম্বরে দেশটির ভোক্তা মূল্যসূচক এখনো প্রকাশিত হয়নি। তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, জ্বালানি ও খাদ্য ব্যতীত মৌলিক ভোক্তা মূল্যসূচক দাঁড়াতে পারে ৬ দশমিক ১ শতাংশ। ফলে নীতি সুদহার নিশ্চিতভাবেই বৃদ্ধি করবে ফেড—বিশ্লেষকেরা এমনটাই ধারণা করছেন। অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকের নীতি হচ্ছে, ফেড যা করছে, তা অনুসরণ করা।
মার্কিন যুক্তরাষ্ট্রে নীতি সুদহার বৃদ্ধির অর্থ হলো, বিভিন্ন ধরনের বন্ডের সুদহার বৃদ্ধি পাওয়া এবং সারা পৃথিবীর বিনিয়োগকারীদের কাছে এসব বন্ড আরও আকর্ষণীয় হয়ে ওঠা। ফলে মার্কিন ডলারের দর যেমন চাঙা থাকবে, তেমনি উন্নয়নশীল দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ধারা কমে যাবে।
দ্য ইউএস ডলার ইনডেক্সের তথ্যানুসারে, চলতি বছর মার্কিন ডলারের বিনিময়মূল্য ২০ শতাংশ বেড়েছে। এতে উন্নয়নশীল দেশগুলোর আমদানি ব্যয় বৃদ্ধি পেয়েছে। তৈরি হয়েছে রিজার্ভ সংকট। এ বাস্তবতায় বাংলাদেশ সরকার আমদানি নিয়ন্ত্রণে নানা ধরনের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিয়েছে।