‘এগিয়ে যাই এগিয়ে দেই’ স্লোগান নিয়ে কুমিল্লা টাউন হল মাঠে চলছে পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা মেলা। ভিক্টোরিয়া ই-কমার্স ফোরামের উদ্যোগে আয়োজনে মেলার দ্বিতীয় দিনে মঙ্গলবার দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। প্রতিটি স্টলে তরুণ উদ্যোক্তাদের তৈরি নানা ধরনের পণ্য কিনছেন ক্রেতারা। মেলা উপলক্ষে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মঙ্গলবার বিকেলে ফোরামের অ্যাডমিন ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক কাজী আপন তিবরানীর সভাপতিত্বে এক আলোচনা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. রুহুল আমিন ভূঁইয়া। আলোচক হিসেবে ছিলেন সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের ( বিএমএ) সাধারণ সম্পাদক আতাউর রহমান জসীম ও কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়।
পাঁচ দিনের এই মেলায় ৫২টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। ৩০ সেপ্টেম্বর মেলা শেষ হবে। সোমবার সন্ধ্যায় বেগম রোকেয়া পদকপ্রাপ্ত নারীনেত্রী পাপড়ি বসু বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।
ফোরামের অ্যাডমিন কাজী আপন তিবরানী বলেন, ‘ছোটবেলায় আমার জটিল অসুখ হয়। তখন মনে করেছিলাম, আমি আর স্মৃতিশক্তি ফিরে পাব না। ওই সময়ে আমার চিকিত্সা চলছিল। একপর্যায়ে আমি সুস্থ হতে থাকি। তখন ভেবেছিলাম, উদ্যোক্তা হব। এরই মধ্যে বিসিএস পরীক্ষা দিয়ে শিক্ষা ক্যাডারে চাকরি হয়ে যায়। আমি আর ওই পথে এগোতে পারিনি। ২০২০ সালে করোনাভাইরাস সংক্রমণের সময় সবকিছু বন্ধ হয়ে যায়। তখন অনলাইনে ক্যাম্পেইন করে উদ্যোক্তা তৈরির পথ দেখাই আমার শিক্ষার্থীদের। একে একে যুক্ত হতে থাকে হাজারো শিক্ষার্থী। তাদের বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা বানানো হয়। এ রকম উদ্যোক্তাদের নিয়েই এই মেলা।’
প্রসঙ্গত, ২০২০ সালের ১১ আগস্ট অনলাইনে ভিক্টোরিয়া ই-কমার্স ফোরামের যাত্রা শুরু হয়।