দায়িত্ব নেওয়ার পর সদস্যদের স্বার্থে কাজ করার পরিবর্তে অর্থের সংযোগ রয়েছে, এমন কাজেই বেশি উৎসাহ দেখা যায় দুই শীর্ষ নেতার।
দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের প্রয়োজনীয় সরঞ্জাম ও মোড়ক পণ্য সরবরাহকারী কারখানামালিকদের সংগঠন বিজিএপিএমইএ। নেতাদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ও মামলার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের দেওয়া নির্দেশে বাণিজ্য মন্ত্রণালয় ৫ সেপ্টেম্বর এই সংগঠনের সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে অপসারণ করেছে। এর ৯ দিন পর সংগঠনটিতে প্রশাসক বসিয়েছে মন্ত্রণালয়। এ ছাড়া সমিতিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মন্ত্রণালয়।
দুই বছর আগে প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে সভাপতি হন মোয়াজ্জেম হোসেন। সেই কমিটিতে প্রথম সহসভাপতি হন মোহাম্মদ বেলাল। এক বছর দায়িত্ব পালনের পর তাঁরা দ্বন্দ্বে জড়ান। সভাপতির অভিযোগ, চট্টগ্রাম অঞ্চলে প্রতি ইউপির বিপরীতে অনৈতিকভাবে দুই হাজার টাকা করে নিচ্ছেন প্রথম সহসভাপতি। আর প্রথম সহসভাপতির অভিযোগ, গত নির্বাচনে মিথ্যা তথ্য দিয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছিলেন সভাপতি।
অতীতে যাঁরা নেতা হয়েছেন, তাঁরা প্রত্যেকে সংগঠনকে এগিয়ে নিতে কাজ করেছেন। বর্তমান পর্ষদের ব্যাপ্তিকালে সংগঠনের কার্যক্রমে একধরনের স্থবিরতা তৈরি হয়েছে। এটি খুবই দুঃখজনক।আবদুল কাদের খান, সাবেক সভাপতি, বিজিএপিএমইএ
খোঁজ নিয়ে জানা যায়, সভাপতিকে দায়িত্ব থেকে সরাতে প্রথম সহসভাপতির পক্ষের একজন সদস্য উচ্চ আদালতে মামলা করেন। মন্ত্রণালয়েও অভিযোগ দেন। আগামী নির্বাচনের ভোটার তালিকা নিয়েও মামলা করেন মোহাম্মদ বেলালের পক্ষের একজন পরিচালক। আবার সংগঠনের সচিবকে হঠাৎ এক মাসের বাধ্যতামূলক ছুটি দেওয়া নিয়েও জটিলতা তৈরি হয়।
সংগঠনটির কয়েকজন সদস্য অভিযোগ করেন, শুরু থেকেই সদস্যদের স্বার্থে কাজ করার পরিবর্তে অর্থের সংযোগ রয়েছে, এমন কাজেই বেশি উৎসাহী ছিলেন দুই শীর্ষ নেতা। প্রয়োজন না থাকলেও সভাপতির নেতৃত্বে বাংলামোটরের সোনার তরী টাওয়ারে নিজেদের কেনা জায়গা থেকে দক্ষিণ মানিকদির একটি ভাড়া ভবনে সংগঠনের কার্যালয় স্থানান্তর করা হয়। আবার সোনার তরী টাওয়ারের অফিস স্পেস ভাড়া দিতে মোটা অঙ্কের টাকা খরচ করে দালাল নিয়োগ করা হয়। অন্যদিকে প্রথম সহসভাপতির নির্দেশে চট্টগ্রাম অঞ্চলে প্রতিটি ইউপি ইস্যুর বিপরীতে দুই হাজার টাকা সংগ্রহ করা হয়। সেই অর্থ সমিতির ব্যাংক হিসাবে জমা হয়নি।
সংগঠনটির সাবেক সভাপতি আবদুল কাদের খান প্রথম আলোকে বলেন, বিজিএপিএমইএর তিন দশকের ইতিহাসে এমন বিব্রতকর অবস্থা আগে দেখা যায়নি। অতীতে যাঁরা নেতা হয়েছেন, তাঁরা প্রত্যেকে সংগঠনকে এগিয়ে নিতে কাজ করেছেন। বর্তমান পর্ষদের ব্যাপ্তিকালে সংগঠনের কার্যক্রমে একধরনের স্থবিরতা তৈরি হয়েছে। এটি খুবই দুঃখজনক।
১৯৯১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) সদস্য কারখানা ১ হাজার ৯০০টি। বর্তমানে সচল আছে ১ হাজার ২০০টি। সংগঠনটির সদস্যরা ৭০০-৮০০ কোটি ডলারের প্রচ্ছন্ন রপ্তানি করেন।
প্রশ্নবিদ্ধ নির্বাচনে সভাপতি
২০২১-২৩ মেয়াদের নির্বাচনের আগে সভাপতি হওয়ার আগ্রহ দেখান ক্ল্যাসিক কার্টন ইন্ডাস্ট্রির প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন ও বিসমিল্লাহ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোজাহারুল হক শহিদ। ঢাকার ১৬ পদের বিপরীতে দুই পক্ষের ৪২ জন ব্যবসায়ী মনোনয়নপত্র কেনেন। আর চট্টগ্রামের ৫ পদের বিপরীতে ছিলেন ১১ জন প্রার্থী।
একপর্যায়ে সংগঠনের সাবেক তিন সভাপতি মিলে মোয়াজ্জেম হোসেন ও মোজাহারুল হককে সমঝোতায় রাজি করান। সমঝোতা হয়, ঢাকার ১৬ পদের মধ্যে মোয়াজ্জেম হোসেনের পক্ষ ৭টি ও মোজাহারুল হকের পক্ষ ৯টি পদ পাবে। আর সভাপতি হবেন মোজাহারুল হক। সমঝোতার পর ঢাকা অঞ্চলের ২৬ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তাতে ঢাকার ১৬ পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। যদিও চট্টগ্রাম অঞ্চলে সমঝোতা হয়নি। সেখানে মোহাম্মদ বেলাল ভোটের দাবিতে অনড় থাকেন। ভোটের প্রচারণাও চালান।
নিয়ম অনুযায়ী, সব ভোটারের ভোটে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক নির্বাচিত হন। তবে নির্বাচন কমিশনের ভুলে চট্টগ্রাম অঞ্চলের ৫ পরিচালক নির্বাচনে শুধু ওই অঞ্চলের ভোটাররা ভোট দেওয়ার সুযোগ পান। ভোটে জয়ী হন মোহাম্মদ বেলালসহ তাঁর পক্ষের পাঁচজন। তখন আগের সমঝোতা ভেঙে মোয়াজ্জেম হোসেন নতুন করে বেলালের সঙ্গে সমঝোতা করেন। সঙ্গে মোট ১২ জন পরিচালক থাকায় কমিটি গঠন করেন মোয়াজ্জেম ও বেলাল।
মোয়াজ্জেম হোসেন ক্ল্যাসিক কার্টন ইন্ডাস্ট্রির প্রতিনিধি হিসেবে ভোটার হয়েছিলেন। কিন্তু ক্ল্যাসিক কার্টনের চেয়ারম্যান অভিযোগ করেন, মোয়াজ্জেম হোসেন তাঁর প্রতিষ্ঠানের প্রতিনিধি নন। ২০১৪ সালে প্রতিষ্ঠানটি বন্ধ হয়েছে। পরবর্তী সময়ে মোহাম্মদ বেলালের সঙ্গে মোয়াজ্জেমের দ্বন্দ্ব তৈরি হলে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। পাঁচ সদস্যের তদন্ত কমিটি সত্যতা পায়, ক্ল্যাসিক কার্টনের ভুয়া ট্রেড লাইসেন্স দিয়ে মোয়াজ্জেম হোসেন সভাপতি হয়েছেন।
গত মাসে ইহসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাহমুদ উদ্দিন সভাপতির অপসারণ চেয়ে উচ্চ আদালতে মামলা করেন এবং মন্ত্রণালয়েওলিখিত অভিযোগ দেন। পরে উচ্চ আদালতের নির্দেশে বাণিজ্য মন্ত্রণালয় মোয়াজ্জেম হোসেনকে অপসারণ করে।
আগামী নির্বাচন নিয়ে জটিলতা
আগামী ১৮ নভেম্বর বিজিএপিএমইএর পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এক মাস আগে তফসিল ঘোষণা হয়েছে। নির্বাচন বোর্ড ভোটার হওয়ার জন্য হালনাগাদ ট্রেড লাইসেন্স, আয়কর রিটার্ন দাখিলের প্রত্যয়নপত্র ও কোম্পানির প্রত্যয়নপত্র জমা দিতে বলেছে। কিন্তু বর্তমান কমিটির পরিচালক মোহাম্মদ ইকবাল পারভেজ ভোটার হতে ৯ ধরনের কাগজপত্র বাধ্যতামূলক চেয়ে উচ্চ আদালতে মামলা করেন। মন্ত্রণালয়েও আবেদন করেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে একজন পরিচালক প্রথম আলোকে বলেন, আগামী নির্বাচন পিছিয়ে দিতে মোহাম্মদ বেলাল উদ্দেশ্যমূলকভাবে পরিচালক দিয়ে মামলাটি করান এবং কোনো কারণ ছাড়াই সংগঠনের সচিবকে এক মাসের ছুটিতে পাঠান।
সংগঠনের প্রথম সহসভাপতি মোহাম্মদ বেলাল বলেন, ‘প্রশাসক বসানোর বিরুদ্ধে আপিল করব।’ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সমিতিতে শৃঙ্খলা আনা ও ঋণখেলাপি ব্যবসায়ীদের ভোটার হওয়া বন্ধ করতে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে সদ্য অপসারিত সভাপতি মোয়াজ্জেম হোসেনের দাবি, তাঁকে বেআইনিভাবে অপসারণ করেছে মন্ত্রণালয়। তিনি মামলা করবেন।
বিজিএপিএমইএর পরিচালক মো. শাহরিয়ার গত রাতে প্রথম আলোকে বলেন, সংগঠনের বর্তমান পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছে, সেখান থেকে উত্তরণের জন্য প্রশাসক নিয়োগ দরকার ছিল। এখন প্রশাসকের অধীন গ্রহণযোগ্য ভোটার তালিকা তৈরির পর সুষ্ঠু নির্বাচন হোক। এ ছাড়া বর্তমান পর্ষদের শীর্ষ দুই নেতার বিরুদ্ধে যেসব আর্থিক অভিযোগ আছে, সেগুলোর সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।