আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেডের তিন দশকের বেশি সুদীর্ঘ এ যাত্রায় ১১ হাজারের বেশি পরিবারের মানসম্মত আবাসন সুনিশ্চিত করেছে
আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেডের তিন দশকের বেশি সুদীর্ঘ এ যাত্রায় ১১ হাজারের বেশি পরিবারের মানসম্মত আবাসন সুনিশ্চিত করেছে

তিন দশকের আস্থা ও অগ্রযাত্রায় আমিন মোহাম্মদ ফাউন্ডেশন

তিন দশকের বেশি সময় ধরে দেশের আবাসন খাতে আস্থা ও গুণগত মানের নতুন মানদণ্ড স্থাপন করে আসছে ‘আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেড (এএমএফএল)’।

সুপরিকল্পিত নগর ভাবনা, আধুনিক স্থাপত্যশৈলী এবং পরিবেশবান্ধব উদ্যোগের সমন্বয়ে প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের আবাসিক ও বাণিজ্যিক স্বপ্নের ঠিকানা গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। সুদীর্ঘ এই যাত্রায় আস্থার পরিবেশ তৈরির মাধ্যমে আবাসনশিল্পে প্রতিষ্ঠানটি অর্জন করেছে এক সুদৃঢ় অবস্থান।

প্রতিষ্ঠার যাত্রা ও সুদৃঢ় অবস্থান

১৯৯৩ সালে আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল আমিন মোহাম্মদ ফাউন্ডেশন। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি আমিন মোহাম্মদ গ্রুপের প্রধান আবাসন প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম বিস্তৃত করে। তিন দশকের বেশি সময় ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে তাদের কাজের পরিধিতে যুক্ত হয়েছে—অ্যাপার্টমেন্ট, বিলাসবহুল কন্ডোমিনিয়াম, বাণিজ্যিক ভবন এবং বহুমুখী ব্যবহারের নান্দনিক স্থাপনা।

সুদীর্ঘ এই পথচলায় প্রতিষ্ঠানটি ১১ হাজারের বেশি পরিবারের মানসম্মত আবাসন সুনিশ্চিত করেছে। যেখানে আড়াই কোটি বর্গমিটারের বেশি সফল বাণিজ্যিক পরিসর যুক্ত করে গ্রাহকদের কাছে এক বিশ্বস্ত ডেভেলপার হিসেবে সুপরিচিতি লাভ করেছে।

রাজধানীজুড়ে স্থাপত্যশৈলীর বিস্তার

ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অভিজাত এলাকাগুলোতে ছড়িয়ে রয়েছে আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের কাজের ছাপ। গুলশান, বনানী, ধানমন্ডি, মহাখালী, উত্তরা, নিকেতন, সিদ্ধেশ্বরী, মোহাম্মদপুর, মালিবাগ, মগবাজার, বসুন্ধরা আবাসিক এলাকা, কাকরাইল ও মতিঝিলসহ রাজধানীর সর্বত্র বিস্তৃত রয়েছে তাদের সম্পন্ন ও চলমান নান্দনিক প্রকল্পগুলো।

আধুনিক স্থাপত্য এবং কার্যকারিতার নিখুঁত সমন্বয়ে তৈরি এসব প্রিমিয়াম আবাসিক ও মেগা বাণিজ্যিক স্থাপনা নগরের স্থাপত্যশৈলীতে নতুন মানদণ্ড স্থাপন করেছে। দীর্ঘ এই বিস্তার শুধু ভবন নির্মাণের হিসাব নয়; আবাসিক ও বাণিজ্যিক—দুই ধরনের জায়গার বদলে যাওয়া চাহিদা নিয়ে কাজ করার বহুমুখী অভিজ্ঞতা।

সবুজের ছোঁয়া ও পরিবেশবান্ধব আবাসন

যান্ত্রিক নগরজীবনে একটি অ্যাপার্টমেন্টের প্রয়োজন এখন আর ঘরের সীমানায় শেষ হয় না। ভবনে সুপরিকল্পিত প্রবেশপথ ও নির্গমন ব্যবস্থা, গাড়ি রাখার জায়গা, সার্বক্ষণিক নিরাপত্তা। এ ছাড়া জরুরি শিশুদের সময় কাটানোর পাশাপাশি মানসিক প্রশান্তির জন্য সবুজের উপস্থিতি। এই ভাবনা থেকে আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের বিভিন্ন প্রকল্পে টেকসই পরিবেশবান্ধব উপকরণ, ইনডোর ল্যান্ডস্কেপিং ও ছাদবাগান যুক্ত করা হয়। এর সঙ্গে সুবিধাজনক অবস্থান ও জমির পরিসর অনুযায়ী প্রকল্পগুলোতে থাকে বিভিন্ন সুযোগ–সুবিধা।

এর মধ্যে রয়েছে প্রশস্ত এন্ট্রান্স, খোলা নিচতলা, দ্রুতগতির লিফট, শিশুদের খেলার জায়গা, জিম, সুইমিংপুল, কমিউনিটি স্পেস ও প্রার্থনা কক্ষ। ছোট ছোট জমি একত্র করে পরিকল্পিত আবাসন গড়ে তোলার উদ্যোগও ঘনবসতিপূর্ণ শহরে পর্যাপ্ত আলো-বাতাস ও যৌথ সুবিধার নিশ্চয়তা দিচ্ছে।

নির্মাণকৌশল ও সর্বোচ্চ নিরাপত্তার গুরুত্ব

আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের প্রকল্পগুলোতে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের (বিএনবিসি) নিয়ম অনুসরণ এবং ভূমিকম্পপ্রতিরোধী কাঠামোর প্রয়োগ নিশ্চিত করা হয়। উন্নত প্রযুক্তি ও মানসম্পন্ন সামগ্রী ব্যবহারের ফলে ভবনগুলোতে শব্দদূষণ কমে এবং প্রাকৃতিক আলো-বাতাসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়।

বাসিন্দাদের দীর্ঘমেয়াদি সুরক্ষায় বিভিন্ন ভবনের পরিকল্পনায় রয়েছে আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জরুরি বহির্গমনপথ, সিসিটিভি, ইন্টারকম ও প্রশিক্ষিত বাহিনীর সার্বক্ষণিক নিরাপত্তা। আবাসিক ভবনের পাশাপাশি বাণিজ্যিক স্থাপনার ক্ষেত্রেও অগ্নিনিরাপত্তা ও কর্মপরিবেশের সর্বাত্মক উপযোগিতাকে প্রাধান্য দেওয়া হয়।

সামাজিক দায়বদ্ধতা ও আগামীর পদযাত্রা

ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি জাতীয় কল্যাণ ও সামাজিক দায়বদ্ধতায় (সিএসআর) নিয়মিত অবদান রেখে আসছে প্রতিষ্ঠানটি। দুর্যোগকালীন ত্রাণসহায়তা, মহামারিকালীন জাতীয় তহবিলে অনুদান এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো মেগা অবকাঠামো প্রকল্পে কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের দায়িত্বশীলতার স্বাক্ষর রেখেছে। ১০ হাজারের বেশি গ্রাহকের অকৃত্রিম আস্থা ও ভালোবাসাকে সম্বল করে প্রতিষ্ঠানটির সামনে এখন অনেক দায়িত্ব। তার মধ্যে রয়েছে—নতুন প্রকল্পগুলোতেও ঘোষিত নকশা, আধুনিক প্রযুক্তি, পরিবেশগত ভারসাম্য এবং নিরাপত্তার অঙ্গীকার বাস্তবে পূরণ করা। এর মাধ্যমে আবাসন খাতে আগামী দিনের মানদণ্ড নির্ধারণ করতে প্রতিশ্রুতিবদ্ধ আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেড।