বাংলাদেশের দ্রুত পরিবর্তনশীল নগরজীবনে আবাসন এখন আর কেবল বসবাসের জায়গা তৈরির বিষয় নয়। আধুনিক জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়ে প্রয়োজন হচ্ছে পরিকল্পিত আবাসিক এলাকা, মানসম্মত কন্ডোমিনিয়াম, ব্যবসায়িক অবকাঠামো এবং এমন নগরপরিসর; যেখানে বসবাস ও কর্মজীবনের প্রয়োজনগুলো সমন্বিতভাবে পূরণ করা যায়। এই পরিবর্তিত বাস্তবতাকে সামনে রেখে আবাসিক ও বাণিজ্যিক—দুই ক্ষেত্রেই কাজ করে আসছে ‘রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড’।
১৯৯৮ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি দুই দশকের বেশি সময়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও মিশ্র ব্যবহারের প্রকল্প বাস্তবায়ন করেছে। প্রতিষ্ঠানটির প্রকল্পগুলোতে আধুনিক স্থাপত্যের সঙ্গে ব্যবহারিক প্রয়োজন, নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের জীবনযাত্রার বিষয়গুলোকে বিবেচনায় নেওয়া হয়। দেশের অভিজ্ঞ ও স্বনামধন্য স্থপতিদের সম্পৃক্ততার মাধ্যমে প্রকল্পের নকশা ও স্থাপত্য পরিকল্পনায় নান্দনিকতার পাশাপাশি কার্যকারিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোর মধ্যে বসুন্ধরা আবাসিক এলাকা রূপায়ণের কার্যক্রমের একটি উল্লেখযোগ্য কেন্দ্র। এখানে আবাসিক প্রকল্পের পাশাপাশি একাধিক বাণিজ্যিক উন্নয়নেও প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে। এর মধ্যে রূপায়ণ শপিং স্কয়ার, রূপায়ণ বিজনেস পার্ক, রূপায়ণ প্যারামাউন্ট উল্লেখযোগ্য। আধুনিক নিরাপত্তাব্যবস্থা, স্বয়ংক্রিয় ফায়ার অ্যালার্ম সিস্টেম, পার্কিং, এক্সক্লুসিভ ল্যান্ডস্কেপ গার্ডেন এবং অন্যান্য সুবিধার সমন্বয়ে প্রকল্পগুলো ব্যবসায়িক পরিসরের প্রয়োজনকে বিবেচনায় রেখে পরিকল্পিত।
অন্যদিকে আবাসিক উন্নয়নের ক্ষেত্রে বসুন্ধরায় ‘রূপায়ণ লেক ক্যাসেল’ একটি উল্লেখযোগ্য প্রকল্প। বসুন্ধরা আবাসিক এলাকায় ১০৭ কাঠা জমির ওপর গড়ে ওঠা এই প্রিমিয়াম কন্ডোমিনিয়াম প্রকল্পে পাঁচটি আবাসিক ভবনের পাশাপাশি কমিউনিটি সুবিধার জন্য আলাদা ভবন রয়েছে। প্রকল্পটির প্রায় ৫০ শতাংশ জায়গা খোলা রাখা হয়েছে। জিমনেসিয়াম, সুইমিংপুল, শিশুদের খেলার জায়গা, সুপার শপ, প্রেয়ার হলসহ বিভিন্ন সুবিধা সমন্বিত এই প্রকল্পে আবাসনের সঙ্গে জীবনযাপনের প্রয়োজনীয় পরিসর তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তবে রূপায়ণের কার্যক্রম শুধু ঢাকার একটি নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ নয়। উত্তরা, গুলশান-বনানীসংলগ্ন গুরুত্বপূর্ণ অঞ্চলসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে (প্রাইম লোকেশনে) প্রতিষ্ঠানটির আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প রয়েছে। ঢাকার বাইরে চট্টগ্রামে আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প বাস্তবায়ন করেছে রূপায়ণ। নারায়ণগঞ্জের ভূঁইগড়ে রূপায়ণ টাউন প্রথম স্যাটেলাইট টাউনশিপ প্রজেক্ট ফেজ-১ ও ২-এর মতো প্রকল্পও আবাসন উন্নয়নের বিস্তৃত পরিধিকে তুলে ধরে।
রূপায়ণের সবচেয়ে আলোচিত উদ্যোগগুলোর একটি ‘রূপায়ণ সিটি উত্তরা’, যা দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি। প্রায় ১৫০ বিঘা জমির ওপর গড়ে ওঠা এই প্রকল্পে প্রায় ৬৩ শতাংশ জায়গা খোলা রাখা হয়েছে। আবাসিক ভবনের পাশাপাশি শপিং, শিক্ষা, ধর্মীয় ও অন্যান্য কমিউনিটি সুবিধা রাখার মাধ্যমে এখানে একটি সমন্বিত জীবনব্যবস্থার ধারণাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
এই ধারাবাহিকতার পরবর্তী ভাবনাতেও রয়েছে বৃহত্তর পরিসরে পরিকল্পিত নগরজীবনের ধারণা। বসুন্ধরা ৩০০ ফিট এলাকায় রূপায়ণ নর্থ সাউথ সিটি নিয়ে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সেই ধারারই অংশ। অর্থাৎ একটি নির্দিষ্ট ভবন বা আবাসিক প্রকল্পের পরিবর্তে মানুষের বসবাস, কর্মসংস্থান, সামাজিক যোগাযোগ ও দৈনন্দিন প্রয়োজনকে কেন্দ্র করে সমন্বিত নগরপরিসর তৈরির দিকেই এগোচ্ছে প্রতিষ্ঠানটির প্রকল্প পরিকল্পনা।
রূপায়ণের প্রকল্পগুলোর বৈচিত্র্যও এ পরিবর্তনের প্রতিফলন। কোথাও প্রিমিয়াম কন্ডোমিনিয়াম, কোথাও গেটেড কমিউনিটি; আবার কোথাও বাণিজ্যিক ভবন কিংবা কমার্শিয়াল-রেসিডেনশিয়াল মিশ্র প্রকল্প। যেখানে প্রতিটি ক্ষেত্রেই স্থানীয় প্রয়োজন, অবস্থান ও ব্যবহারকারীর চাহিদাকে বিবেচনায় নেওয়ার চেষ্টা রয়েছে।
ভবিষ্যতের নগর শুধু ইট-কংক্রিটের সমষ্টি নয়। এটি হবে মানুষের বসবাস, কাজ, সামাজিকতা ও স্বাচ্ছন্দ্যের সমন্বিত পরিসর। সেই বাস্তবতাকে সামনে রেখে আধুনিক স্থাপত্য, দক্ষ প্রকৌশল, মানসম্মত নির্মাণ এবং গ্রাহকসেবাকে একসূত্রে রেখেছে প্রতিষ্ঠানটি। আর এভাবেই আবাসিক ও বাণিজ্যিক উন্নয়নের মাধ্যমে দেশের নগরায়ণে দীর্ঘমেয়াদি অবদান রাখার লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড।