
দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে একসঙ্গে বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে ১৪ শিল্পকারখানা। একই সঙ্গে আরও ২৯ কারখানার নির্মাণকাজ শুরু হচ্ছে। আগামী বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব শিল্পকারখানা ও অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
গতকাল রোববার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) যৌথভাবে আয়োজিত মতবিনিময় সভায় এই ঘোষণা দেন বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। ইআরএফ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বেজার কার্যক্রম ও অগ্রগতিবিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন প্রকল্পের পরিচালক আবদুল্লাহ আল মাহমুদ ফারুক।
বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী ২৯টি শিল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছেন। এই শিল্পের কারখানা স্থাপনে বিনিয়োগ হয়েছে প্রায় ৬১ কোটি মার্কিন ডলার।
ইআরএফের সভাপতি শারমীন রিনভীর সভাপতিত্বে অনুষ্ঠানে বেজার মহাব্যবস্থাপক (প্রশাসন) হাসান আরিফসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইআরএফের সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম।