পরিবার কার্ড

কাল মঙ্গলবার থেকে টিসিবির পণ্য বিক্রি

টিসিবির পণ্য বিক্রি
ফাইল ছবি

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আগামীকাল মঙ্গলবার সারা দেশে এক কোটি পরিবার কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করবে। নতুন বছরে এই প্রথম পণ্য বিক্রি করবে তারা। টিসিবি প্রতি মাসে একবার পণ্য বিক্রি করে থাকে।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, জানুয়ারি মাসের পণ্য বিক্রি কার্যক্রম আগামীকাল থেকে ঢাকা মহানগরসহ সারা দেশে শুরু হবে। এক কোটি পরিবার কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে কয়েকটি নিত্যপণ্য বিক্রি করে থাকে টিসিবি।

ক্রেতারা টিসিবির মসুর ডাল কিনতে পারবেন প্রতি কেজি ৭০ টাকায়। চিনি কিনতে পারবেন প্রতি কেজি ৬০ টাকায়। লিটারপ্রতি সয়াবিন তেল বিক্রি হবে ১১০ টাকা দরে।
এই দফায় একজন ক্রেতার কাছে এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি। সরকারের ভর্তুকি মূল্যের এসব পণ্য ৪২০ টাকার প্যাকেজে নিতে পারবেন পরিবার কার্ডধারীরা।

টিসিবির এবারের পণ্য বিক্রি কার্যক্রম ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের সরকারি কর্ম কমিশনের উত্তর ফটক–সংলগ্ন এলাকায় উদ্বোধন করা হবে। সেখানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিতি থাকবেন বলে টিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে।