মাইক্রোসফট

ছাঁটাই হচ্ছে প্রকৌশল ও মানবসম্পদ বিভাগের কর্মীরা

মাইক্রোসফট কার্যালয়
ছবি: রয়টার্স

যে ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট, তার বেশির ভাগই কোম্পানির প্রকৌশল ও মানবসম্পদ বিভাগের কর্মী।

কোম্পানির প্রধান নির্বাহী সত্য নাদেলা এ প্রসঙ্গে বলেছেন, করোনা মহামারির সময় মানুষের প্রযুক্তিনির্ভরতা বেড়েছিল। ফলে তখন এই খাতের অনেক বাড়বাড়ন্ত হয়। কিন্তু অনেকেই মনে করছেন, বিশ্ব অর্থনীতি এখন মন্দার কাছাকাছি। ফলে মানুষ খরচের বিষয়ে কিছুটা সতর্ক। আবার একই সঙ্গে কম্পিউটিংয়ের জগতে নতুন দ্বার উন্মোচিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এই খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।

গত বছর, অর্থাৎ ২০২২ সালেও কর্মী ছাঁটাই করেছিল মাইক্রোসফট। সেবার হাজারখানেক কর্মী কাজ হারান। কোম্পানির কর্মীসংখ্যা ছিল তখন ২ লাখ ২১ হাজার। সেই হিসাবে চাকরি হারিয়েছিলেন ১ শতাংশেরও কম। তবে এবারের মতো আগে কখনো এত বড় পরিসরে কর্মী ছাঁটাই করেনি মাইক্রোসফট।

মহামারির সময় বিশ্বের বিপুলসংখ্যক মানুষ ঘর থেকে কাজ করেছেন। ফলে হঠাৎ তখন চাহিদা বেড়ে যায়। অতিরিক্ত চাহিদা মেটাতে ২০২১ সালের জুন মাস থেকে ২০২২ সালের জুন মাসের মধ্যে প্রায় ৪০ হাজার কর্মী নিয়োগ দিয়েছিল মাইক্রোসফট। যার বেশির ভাগই ছিলেন প্রকৌশল ও ব্যবস্থাপনা বিভাগের। কিন্তু এখন চাহিদা কমে যাওয়ায় কর্মীদের বিদায় করা হচ্ছে।

গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলো বিপুল কর্মী ছাঁটাই করেছে। যুক্তরাষ্ট্রের তথ্য বিশ্লেষণকারী কোম্পানি ক্রাঞ্চবেসের তথ্যানুসারে, ২০২২ সালে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলো ৮৮ হাজার কর্মী ছাঁটাই করেছে। শুধু প্রযুক্তি কোম্পানি নয়, সরকারি খাতের বড় বড় ব্যাংকও কর্মীদের দরজা দেখিয়ে দিচ্ছে। ওয়েলস ফারগো বন্ধকি ঋণ বিভাগের কয়েক শ কর্মী ছাঁটাই করেছে। নভেম্বর মাসে বার্কলে প্রায় ২০০ কর্মী ছাঁটাই করেছে। ওয়াল স্ট্রিটের মহিরুহ হিসেবে পরিচিত গোল্ডম্যান স্যাকস ও সিটি গ্রুপও ছাঁটাই করেছে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যানুসারে, প্রধান কার্যালয়ের কয়েক শ কর্মী ছাঁটাই করেছে পেপসিকো।

উচ্চ পদের কর্মীরা ছাঁটাই

যুক্তরাজ্যের অর্থনীতিবিষয়ক সাময়িকী দ্য ইকোনমিস্ট অবশ্য এই উচ্চ বেতনের শোভন কাজ করা কর্মীদের ছাঁটাইয়ের পেছনে ভিন্ন গল্প হাজির করেছে। তারা বলছে, যুক্তরাষ্ট্রের অর্থনীতি এমনিতেই যথেষ্ট মাথাভারী। ফলে সেখানে কাঁচি চালানোর যথেষ্ট সুযোগ আছে। যুক্তরাষ্ট্রের ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকসের তথ্যানুসারে, যুক্তরাষ্ট্রের সামগ্রিক কর্মসংস্থানের ৪৪ শতাংশ জায়গায় আছে ব্যবস্থাপক ও উচ্চ দক্ষতাসম্পন্ন পেশাদারেরা, যা ২০০০ সালে ছিল ৩৪ শতাংশ। এর অর্থ হলো, প্রযুক্তি ও আর্থিক খাতের বাড়বাড়ন্ত হয়েছে। সে জন্য এ ধরনের উচ্চ দক্ষতাসম্পন্ন পেশাদারদের প্রয়োজন হয়েছে। তথ্যানুসারে, দেশটির উৎপাদন খাতের উঁচু পদে কর্মীর অনুপাত ৩৫ শতাংশ, ২০০২ সালে যা ছিল ২৯ শতাংশ। খুচরা বিক্রয় খাতে এই হার ১৫ শতাংশ, দুই দশক আগে যা ছিল ১২ শতাংশ। অটোমেশন ও অফশোরিং বা আউটসোর্সিংয়ের কারণে যুক্তরাষ্ট্রের মতো দেশে কারিগরি কাজ করা কর্মী ও ক্যাশিয়ারের প্রয়োজনীয়তা কমেছে, সে জায়গায় ব্যবসা বিশ্লেষক ও সিস্টেম বিশেষজ্ঞদের চাহিদা বেড়েছে।

মাথাভারী ব্যবস্থাপনার কারণে এই উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীরা এখন বিপাকে পড়েছেন। কিন্তু তাই বলে এ কথা বলা নিঃসন্দেহে অত্যুক্তি হবে যে শোভন কাজের জগতে মন্দাভাব তৈরি হয়েছে। ডেস্কভিত্তিক কাজের অভাব নেই। আর্থিক খাতে পে রোলে থাকা কর্মীর সংখ্যা প্রাক্-মহামারি পর্যায়ের সমান। সামগ্রিকভাবে প্রযুক্তি খাতে নিয়োজিত কর্মীর সংখ্যা ২০২০ সালের চেয়ে ১০ শতাংশ বেশি। মেটার মতো কোম্পানি ১১ হাজার কর্মী ছাঁটাই করলেও প্রাক্-মহামারি সময়ের তুলনায় এ বছর তারা ৭০ শতাংশ বেশি নিয়োগ দেবে, এমনটাই বলছে দ্য ইকোনমিস্ট।