
দেশে সেমিকন্ডাক্টর শিল্পের ভালো সম্ভাবনা আছে। বেশ কিছু কোম্পানি এ নিয়ে এখন কাজ করছে। তথ্যপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় একটি পথ নকশাও করেছে। এভাবে চললে আগামী পাঁচ বছরের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে কমপক্ষে ২০০ থেকে ৩০০ কোটি (২-৩ বিলিয়ন) মার্কিন ডলার রপ্তানি আয় হতে পারে।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এসব কথা বলেছেন। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে আয়োজিত এক সভা শেষে এসব কথা বলেন তিনি।
‘পলিসি ডায়ালগ অন রোডম্যাপ ফর স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক ওই সভায় আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ।
প্রযুক্তিমনস্ক দক্ষ মানবসম্পদ তৈরি করা না গেলে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলা কঠিন হবে বলে জানান সালমান এফ রহমান।
তিনি বলেন, যেসব দেশের এলডিসি উত্তরণ হয়েছে, তাদের অনেকেই যথাযথ পদক্ষেপ না নেওয়ায় মধ্যম আয়ের ফাঁদে পড়েছে। এটা ভয়ানক ফাঁদ। এ জন্য বাংলাদেশ যেন শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতো মধ্যম আয়ের ফাঁদে না পড়ে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
এ ছাড়া সভায় স্মার্ট অর্থনীতির পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় বাজেট সহায়তা দেওয়া হবে বলে জানান সালমান এফ রহমান।
সভায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, ‘আমাদের বর্তমান মোবাইল নেটওয়ার্ক, ই-সেবা, স্মার্ট কার্ড ইত্যাদির মৌলিক অবকাঠামো হয়ে গেছে। এর ভিত্তিতে ইকো সিস্টেম দাঁড়িয়ে গেছে। এটি ভার্টিক্যালি আমরা আরও ওপরে ওঠাতে পারি।’