মধ্যপ্রাচ্য যুদ্ধবিরতির ঘোষণায় আজ বুধবার দেশের শেয়ারবাজারে সূচকের বড় উত্থান হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন ১৬১ পয়েন্ট বা ৩ শতাংশের বেশি বেড়েছে। আর লেনদেন হওয়া ৩৯৩ প্রতিষ্ঠানের মধ্যে ৩৬৭টি বা ৯৩ শতাংশেরই দাম বেড়েছে। সেই সঙ্গে প্রায় দুই মাসের ব্যবধানে সর্বোচ্চ লেনদেন হয়েছে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে শেয়ারবাজারে তার নেতিবাচক প্রভাব শুরু হয়। যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানিসংকট দেখা দেওয়ার পর এই প্রভাব আরও প্রকট হয়। যুদ্ধের অনিশ্চয়তা ভর করায় শেয়ারবাজারে দেশি-বিদেশি অনেক বিনিয়োগকারী নিষ্ক্রিয় হয়ে পড়েন। তাতে বাজারে লেনদেনের গতিও কমে যায়। এই অবস্থায় যুদ্ধবিরতির ঘোষণা বিনিয়োগকারীদের মধ্যে আবারও আশার সঞ্চার করেছে। এ কারণে আজ সূচকের বড় উত্থানের পাশাপাশি লেনদেনও বড় প্রভাব দেখা যায়। বিনিয়োগকারীদের অংশগ্রহণ বৃদ্ধি পাওয়ায় এই প্রভাব পড়েছে।
ঢাকার বাজারে আজ লেনদেন শুরুর প্রথম তিন মিনিটেই ডিএসইএক্স সূচকটি ১৪১ পয়েন্টের মতো বেড়ে যায়। এরপর সূচকের উত্থানের গতি কিছুটা শ্লথ হলেও দিনের শেষভাগে গিয়ে তা কিছুটা গতি ফিরে পায়। তাতে দিন শেষে সূচকটি আগের দিনের চেয়ে ১৬১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৩১৮ পয়েন্টে। গত ১৬ মার্চের পর এটিই ডিএসইএক্স সূচকের সর্বোচ্চ অবস্থান। ঢাকার বাজারে বুধবার ৩৯৩ প্রতিষ্ঠানের লেনদেন হয়, তার মধ্যে দাম কমেছে ১৫টির আর অপরিবর্তিত ছিল ১১টির।
ডিএসইতে সূচকের উত্থানে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে ব্যাংক খাতসহ ভালো মৌলভিত্তির কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধি। এসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার পাশাপাশি লেনদেনও বেড়েছে। এদিন সূচকের উত্থানে সবচেয়ে বড় ভূমিকা পালনকারী ১০ কোম্পানির মধ্যে ৫টিই ছিল ব্যাংক। এদিন ব্যাংক খাতের লেনদেন হওয়া ৩১ ব্যাংকের মধ্যে সব কটিরই দাম বেড়েছে। শেয়ারবাজারে বর্তমানে তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা ৩৬। এর মধ্যে একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি ব্যাংকের লেনদেন স্থগিত রয়েছে।
মধ্যপ্রাচ্য যুদ্ধ ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে একধরনের আতঙ্ক ও অনিশ্চয়তা দেখেছি বেশ কিছুদিন ধরে। যুদ্ধবিরতির ঘোষণায় আপাতত সেই অনিশ্চয়তার মেঘ সাময়িকভাবে হলেও কেটেছে।মিনহাজ মান্নান,পরিচালক, ডিএসই
শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউস লঙ্কাবাংলা সিকিউরিটিজের তথ্য অনুযায়ী, ঢাকার বাজারে আজ সূচকের উত্থানে বড় ভূমিকা পালনকারী ১০ কোম্পানির মধ্যে ছিল ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, পূবালী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ন্যাশনাল ব্যাংক, গ্রামীণফোন, ওয়ালটন, ইস্টার্ন ব্যাংক ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। এই ১০ কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধিতে ডিএসইএক্স সূচকটি বেড়েছে ৭১ পয়েন্ট। তার মধ্যে ডিএসইএক্স সূচকটি সবচেয়ে বেশি বেড়েছে ব্র্যাক ব্যাংক ও ইসলামী ব্যাংকের শেয়ারের মূল্যবৃদ্ধিতে। এদিন ব্র্যাক ব্যাংকের শেয়ারের ৪ টাকা বা প্রায় ৬ শতাংশ মূল্যবৃদ্ধির কারণে ডিএসইএক্স সূচকটি ১৭ পয়েন্টের বেশি বেড়েছে। আর ইসলামী ব্যাংকের শেয়ারের ২ টাকা বা ৫ শতাংশ মূল্যবৃদ্ধিতে সূচকটি বেড়েছে প্রায় ১২ পয়েন্ট।
জানতে চাইলে ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান প্রথম আলোকে বলেন, ‘গত ফেব্রুয়ারিতে নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর বাজারে উত্থানের প্রত্যাশা ছিল বিনিয়োগকারী থেকে শুরু করে বাজারসংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে। কিন্তু মধ্যপ্রাচ্য যুদ্ধ সেই প্রত্যাশা নস্যাৎ করে দেয়। এই যুদ্ধ ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে একধরনের আতঙ্ক ও অনিশ্চয়তা দেখেছি বেশ কিছুদিন ধরে। যুদ্ধবিরতির ঘোষণায় আপাতত সেই অনিশ্চয়তার মেঘ সাময়িকভাবে হলেও কেটেছে। তাই প্রত্যাশিত সেই উত্থানের পথে ফেরার চেষ্টা দেখা যাচ্ছে। যদি দেশে-বিদেশে বড় ধরনের কোনো বিপর্যয় না ঘটে, তবে এই উত্থান কিছুদিন চলবে। তাতে লেনদেনেও গতি আসবে।’
ঢাকার বাজারে আজ দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৯৯২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৩৯৫ কোটি টাকা বা ৬৬ শতাংশ বেশি। শুধু তা-ই নয়, গত প্রায় দুই মাসের ব্যবধানে ডিএসইতে আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে। এর আগে সর্বশেষ ১৭ ফেব্রুয়ারি ঢাকার বাজারে ১ হাজার ২২২ কোটি টাকার লেনদেন হয়েছিল।
ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে ছিল খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ। এদিন কোম্পানিটির প্রায় অর্ধশত কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। আর দিন শেষে প্রতিটি শেয়ারের দাম বেড়েছ প্রায় ৫ টাকা বা ১০ শতাংশ।