শেয়ারবাজার
শেয়ারবাজার

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ

সম্পদমূল্যের চেয়ে তিন গুণ দাম, সতর্ক করল বিএসইসি

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের প্রতিটি ইউনিটের দাম এক মাসে প্রায় ৯ টাকা বা ৪১ শতাংশ বেড়েছে। গত ৬ সেপ্টেম্বর ফান্ডটির প্রতিটি ইউনিটের বাজারমূল্য ছিল ২১ টাকা ৭০ পয়সা। আজ সোমবার এর প্রতিটি ইউনিটের দাম দাঁড়ায় ৩০ টাকা ৬০ পয়সা। অল্প সময়ে মিউচুয়াল ফান্ডটির এই মূল্যবৃদ্ধিকে অস্বাভাবিক মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মিউচুয়াল ফান্ডের ইউনিটের বাজারমূল্য নির্ভর করে ফান্ডের সম্পদমূল্যের ওপর। সম্পদমূল্য বাড়লে তার সঙ্গে সংগতিপূর্ণভাবে বাজারমূল্য বেড়ে থাকে। তবে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সম্পদমূল্যের তুলনায় বাজারমূল্য বেড়েছে অস্বাভাবিকভাবে।

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, গতকাল রোববার দিন শেষে বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির প্রকৃত সম্পদমূল্য ছিল ৯ টাকা। সেই হিসাবে সম্পদমূল্যের তিন গুণের বেশি দামে বাজারে লেনদেন হচ্ছে ফান্ডটির ইউনিট। ফান্ডটির সর্বশেষ সম্পদমূল্যের তথ্য বিশ্লেষণে দেখা যায়, তহবিলের বিনিয়োগ করা অর্থের ক্রয়মূল্যের ভিত্তিতে সম্পদমূল্য ১০ টাকা। সেই হিসাবে ক্রয়মূল্যের চেয়ে তহবিলটির বাজারমূল্য কম। অর্থাৎ ইউনিটপ্রতি ১ টাকা লোকসানে রয়েছে ফান্ডটি। তারপরও বাজারে এটির ইউনিটের দাম সম্পদমূল্যের কয়েক গুণ বেশি।

এই অবস্থায় আজ সোমবার মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীদের জন্য একটি সতর্কবার্তা জারি করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তাতে বিএসইসি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে তহবিলের প্রকৃত সম্পদমূল্য বিবেচনায় নেওয়ার।

বিএসইসি বলেছে, সম্প্রতি দেখা যাচ্ছে বাজারে কোনো কোনো মিউচুয়াল ফান্ডের ইউনিট প্রকৃত সম্পদমূল্যের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি দামে লেনদেন হচ্ছে। কিন্তু মিউচুয়াল ফান্ডের ইউনিটের বাজারমূল্য ও প্রকৃত সম্পদমূল্যের মধ্যে অস্বাভাবিক ব্যবধান বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্কতার বিষয়। কারণ, মিউচুয়াল ফান্ডের মূল্যায়নের ক্ষেত্রে প্রকৃত সম্পদমূল্য অন্যতম বিবেচ্য। কোনো মিউচুয়াল ফান্ড নগদায়নের ক্ষেত্রে ওই ইউনিটের সম্পদমূল্যের চেয়ে বিনিয়োগকারীর বেশি অর্থ ফেরত পাওয়ার সুযোগ নেই। তাই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকার জন্য বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছে বিএসইসি।

বিএসইসি বলেছে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের আগে ওই ফান্ডের প্রকৃত সম্পদমূল্য ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য বিবেচনায় নিয়ে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া উচিত। বাজারে ইউনিটের দাম বাড়ছে—এমন তথ্য বা গুজবের ভিত্তিতে বা কোনো গোষ্ঠী বা ব্যক্তির প্ররোচনায় বিনিয়োগ সিদ্ধান্ত না নেওয়ার জন্য বিনিয়োগকারীদের পরামর্শ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। বিএসইসি আরও বলেছে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের আগে ফান্ডের প্রকৃত সম্পদমূল্যের পাশাপাশি ফান্ডের মেয়াদ, বিনিয়োগের ধরন, ফান্ডের পোর্টফোলিও এবং প্রকাশিত অন্যান্য তথ্য জেনে–বুঝে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হবে।