রপ্তানির কারণে চলমান ডলার সংকটের মধ্যেও মুনাফা বেড়েছে জুতা তৈরি ও বাজারজাতকারী শীর্ষস্থানীয় দেশীয় কোম্পানি এপেক্স ফুটওয়্যারের। ভালো মুনাফার পাশাপাশি কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ভালো মুনাফাও ঘোষণা করেছে। আজ বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানিটি তাদের লভ্যাংশ ও মুনাফার তথ্য প্রকাশ করেছে।
ভালো মুনাফা ও লভ্যাংশের খবরে আজ প্রথম ২০ মিনিটে লেনদেনের শীর্ষ উঠে আসে এপেক্স ফুটওয়্যার।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় গত জুনে সমাপ্ত আর্থিক বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। ওই সভাতেই লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানিটি এ বছর শেয়ারধারীদের জন্য ৪৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার মধ্যে ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। আগের বছরও কোম্পানিটি নগদ ও বোনাস মিলিয়ে ৪৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল শেয়ারধারীদের।
অ্যাপেক্স ফুটওয়্যার জানিয়েছে, গত জুনে সমাপ্ত অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়ে দাঁড়িয়েছে ১২ টাকা ৮৬ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ১০ টাকা ৬৪ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে অ্যাপেক্সের ইপিএস বেড়েছে ২ টাকা ২২ পয়সা বা প্রায় ২১ শতাংশ।
সাধারণত কোম্পানির এক বছরের যাবতীয় খরচ ও কর বাদ যাওয়ার পর যে মুনাফা থাকে সেটিকে ওই কোম্পানির মোট শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করে ইপিএসের হিসাব করা হয়। তাই ইপিএস হচ্ছে মূলত একটি কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত মুনাফার তথ্য। ইপিএস বেড়ে যাওয়া মানে কোম্পানির মুনাফা বৃদ্ধি পাওয়া। আর ইপিএস কমে যাওয়ার অর্থ হলো কোম্পানির মুনাফা কমেছে। এ কারণে শেয়ারবাজারে যেকোনো কোম্পানির ইপিএসের তথ্যকে অত্যন্ত মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে বিবেচনা করা হয়। ইপিএস বাড়লে বা কমলে তাতে শেয়ারের দামেরও হেরফের হয়।
শেয়ারবাজারে বর্তমানে বোনাস লভ্যাংশকে নিরুৎসাহিত করা হয়। যৌক্তিক কারণ ছাড়া কোনো কোম্পানির বোনাস লভ্যাংশ ঘোষণা করলে তার জন্য জবাবদিহিও করতে হয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসির কাছে। অ্যাপেক্স ফুটওয়্যার জানিয়েছে, গত বছরের মতো এবছরও তারা বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে মূলত কোম্পানির পরিশোধিত মূলধন বাড়াতে। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৩ কোটি টাকা।
গত ২০২১ সালে বিএসইসি এক নির্দেশনা জারি করে। তাতে বলা হয়, শেয়ারবাজারের মূল বোর্ডে ৩০ কোটি টাকার কম মূলধনের তালিকাভুক্ত কোনো কোম্পানি থাকতে পারবে না। এ জন্য তালিকাভুক্ত যেসব কোম্পানির মূলধন কম সেগুলোর মূলধন বাড়াতে সময়ও বেঁধে দেয় বিএসইসি। বিএসইসির ওই নির্দেশনা পূরণ করতে হলে অ্যাপেক্স ফুটওয়্যারকেও মূলধন বাড়াতে হবে। শেয়ারবাজারের কোম্পানিগুলো যত উপায়ে মূলধণ বৃদ্ধি করে তার মধ্যে বোনাস লভ্যাংশও একটি পন্থা।