পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি রবি আজিয়াটা তাদের ব্যবসায়িক ও আর্থিক সক্ষমতার ধারাবাহিকতা বজায় রেখেছে। দেশের অন্যতম শীর্ষ ঋণমান নির্ধারণকারী সংস্থা ‘এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড’ (ইসিআরএল) কোম্পানিটিকে দীর্ঘ মেয়াদে এএ প্লাস এবং স্বল্প মেয়াদে এসটি-১ রেটিং বা মানে মূল্যায়ন করেছে। আজ মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য বিনিয়োগকারীদের জানিয়েছে কোম্পানিটি।
রবি জানিয়েছে, গত ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত চার বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত রবির সব ধরনের গুণগত ও পরিমাণগত তথ্য বিশ্লেষণ করে ব্যবসায়িক ও আর্থিক সক্ষমতার এই মান নির্ধারণ করা হয়েছে।
সাধারণত কোনো কোম্পানির ঋণ পরিশোধের সক্ষমতা এবং আর্থিক ঝুঁকি বিবেচনা করে এই মান নির্ধারণ করা হয়। বিশ্লেষকেরা বলছেন, দীর্ঘমেয়াদি ঋণমানের ক্ষেত্রে ‘এএ প্লাস’-এর অর্থ হলো কোম্পানিটি তাদের আর্থিক প্রতিশ্রুতি রক্ষার ক্ষেত্রে অত্যন্ত উচ্চ সক্ষমতা রাখে এবং এর ব্যবসায়িক ঝুঁকি অনেক কম। পাশাপাশি স্বল্পমেয়াদি ঋণের ক্ষেত্রে দেওয়া ‘এসটি-১’ রেটিংটি সংশ্লিষ্ট শ্রেণিতে সর্বোচ্চ নিরাপত্তা নির্দেশ করে। রবির ব্যবসায়িক পরিক্রমাকে ‘স্থিতিশীল’, ‘স্ট্যাবল’ হিসেবেও উল্লেখ করা হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, এ ধরনের মান কোম্পানিটির প্রতি বিদেশি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সহায়তা করে।
টেলিকম খাতের বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা ২০২০ সালে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ব্যবসায়িক ও আর্থিক সক্ষমতার বিচারে ঋণমানে শক্তিশালী অবস্থানে থাকলেও আজ মঙ্গলবার শেয়ারবাজারে রবির শেয়ারের দরপতন হয়েছে। এদিন লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ২০ পয়সা কমে দাঁড়িয়েছে ২৯ টাকা ৮০ পয়সায়। গত দুই বছরের মধ্যে রবির শেয়ারের দাম সর্বোচ্চ ৩৫ টাকায় উঠেছিল।