
রাজধানীর উত্তরায় ‘অনিতা সেন্টার’ নামের নতুন এক ভবনে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে স্কয়ার গ্রুপ। এ ভবনটি মূলত স্কয়ার টয়লেট্রিজের। তবে সেখানে স্কয়ার টেক্সটাইলস পিএলসির করপোরেট অফিসের কার্যক্রমও চলবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।
আজ শনিবার ‘অনিতা সেন্টার’ নামের এই ভবনের উদ্বোধন করা হয়। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর স্ত্রী প্রয়াত অনিতা চৌধুরীর নামে এই ভবনের নামকরণ করা হয়েছে। অনিতা চৌধুরী ‘স্কয়ার মাতা’ হিসেবে পরিচিত। আজ অনিতা চৌধুরীর ৯১তম জন্মদিনে তাঁর নামে নতুন ভবনটি যাত্রা শুরু করল।
প্রয়াত স্যামসন এইচ চৌধুরী ও অনিতা চৌধুরীকে স্মরণ করে স্কয়ার গ্রুপের পরিচালক ও স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বলেন, ‘আমাদের বংশের বড় মেয়ে আমাকে বলছিলেন, এই ভবন স্কয়ার টয়লেট্রিজের অবদান। কিন্তু আমি তাকে বলেছি, এটা স্কয়ার ফার্মার জন্য সম্ভব হয়েছে। স্কয়ার টয়লেট্রিজের যাত্রা শুরু হয় ফার্মার আঙিনা থেকেই। তাই স্কয়ার ফার্মা না থাকলে এই ভবনও হতো না।’
জন্মদিনে অনিতা চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে স্কয়ার গ্রুপের আরেক পরিচালক ও স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী বলেন, ‘স্কয়ার গুণগত মানসম্পন্ন পণ্য দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের এই পরিবারের সবাইকে অনুরোধ জানাব যাতে সব ধরনের সেবা ও পণ্যের মান ঠিক থাকে। মা-বাবা উভয়ই আমাদের সেই শিক্ষা দিয়ে গেছেন। আমরা সেভাবেই এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে চাই।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, ভাইস চেয়ারম্যান রত্না পাত্রসহ পরিবারের অন্য সদস্যরা। এ ছাড়া স্কয়ার গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। ‘অনিতা সেন্টার’ নামের নতুন এই ভবনের অবস্থান উত্তরার ৭ নম্বর সেক্টরের ৭ নম্বর রোডের ৭৭ নম্বর প্লটে, যেটি উত্তরা–আজমপুর মূল সড়কের পাশে অবস্থিত।