
দুর্দান্ত গতিতে উত্থান হওয়ার পর দ্রুতই পতন হয়েছে উইওয়ার্কের। ঋণে জর্জরিত হয়ে নিউইয়র্কের আদালতে নিজেদের দেউলিয়া ঘোষণা করার আবেদন করেছে তারা। এই প্রতিষ্ঠানের ব্যবসা ছিল বিভিন্ন সংস্থাকে অফিসের জন্য জায়গা ভাড়া দেওয়া।
অল্প সময়ে বিশ্বজুড়ে ব্যবসা বিস্তার করেছিল উইওয়ার্ক। গত জুন মাসের হিসাবে, ৩৯টি দেশের ৭৭৭টি স্থানে তারা ব্যবসা সম্প্রসারণ করে। একসময় যুক্তরাষ্ট্রের অন্যতম সফল এবং মূল্যবান স্টার্টআপ কোম্পানির খেতাব পায়। বাজারদর ৪ হাজার ৭০০ কোটি ডলারে ওঠে। বিনিয়োগ করতে এগিয়ে আসে জাপানের সফটব্যাংক থেকে শুরু করে আরও অনেক বিনিয়োগকারী প্রতিষ্ঠান।
রয়টার্সের খবরে জানানো হয়, সফটব্যাংকের প্রতিষ্ঠাতা মাসায়োসি সান উই ব্যাংকের সম্ভাবনা অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়েছিলেন; কিন্তু বাস্তবে সেই বেলুন ফেটে গেছে। ২০১৯ সালে উইওয়ার্ক প্রথম আইপিও ছাড়ার কথা ছিল; পরিকল্পনা অনুসারে প্রস্তুতিও নিচ্ছিল তারা। কিন্তু উইওয়ার্ক তখনো মুনাফার মুখ দেখেনি। সেই সঙ্গে তৎকালীন প্রধান নির্বাহী অ্যাডাম নিউম্যানের ব্যবস্থাপনা নিয়েও বিনিয়োগকারীরা প্রশ্ন তোলেন। এসব কারণে কোম্পানির আইপিও ছাড়ার প্রক্রিয়া রীতিমতো মুখ থুবড়ে পড়ে।
যুক্তরাষ্ট্রে উইওয়ার্কের পরিচালনব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে অনেক দিন আগে থেকেই। সেখানে তারা মুনাফা করতে পারছিল না। অ্যাডাম নিউম্যানের বিপুল খরচ ও তাঁর আচরণ সমালোচনার মুখে পড়ে। আইপিও ছাড়ার চেষ্টা ব্যর্থ হওয়ার পর আসে কোভিডের ধাক্কা। তখন এমনিতেই ঘরবন্দী মানুষ বাড়ি থেকে কাজ শুরু করেন; অফিসের জায়গার চাহিদা হারিয়ে যায়। তখন করপোরেট প্রতিষ্ঠানগুলো উইওয়ার্কের সঙ্গে চুক্তি বাতিল করতে শুরু করলে তারা বড় বিপদে পড়ে যায়।
২০২১ সালে উইওয়ার্কের বাজারমূল্য ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলারে নেমে আসে। এরপর চলতি বছরের প্রথমার্ধে ৬৯ দশমিক ৬ কোটি ডলার লোকসান করেছে এই কোম্পানি। আগস্টেই তারা জানিয়েছিল, ব্যবসা চালিয়ে যাওয়া নিয়ে সন্দেহ রয়েছে।
এই পরিস্থিতিতে ঋণ পুনর্গঠনের চেষ্টা করছে উইওয়ার্ক। এখন পর্যন্ত যে ঐকমত্য হয়েছে, তার আলোকে উইওয়ার্কের ৯২ শতাংশ ঋণদাতা তাদের ঋণ ইকুইটিতে রূপান্তরিত করবে। ফলে তারা ঋণের বোঝা থেকে অনেকটা মুক্তি পাবে। এসব সত্ত্বেও তাদের দেউলিয়া হওয়ার আবেদন করতে হয়েছে।
অনেক বিশ্লেষক আবার মনে করেন, উইওয়ার্কের এই দেউলিয়া হওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পত্তি বাজারের বড় সংকটেরই অংশ।
উইওয়ার্ক জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও কানাডার বাইরের কেন্দ্রগুলো এই প্রক্রিয়ার আওতায় পড়বে না।