আয়কর রিটার্ন
আয়কর রিটার্ন

স্ত্রী–সন্তানের নামে ফ্ল্যাট–প্লট কিনলে আয়কর রিটার্নে দেখাবেন কীভাবে

নিজের টাকায় স্ত্রী, সন্তান কিংবা মা-বাবার নামে জমি, ফ্ল্যাট বা বাড়ি কিনলে তা বেআইনি নয়। তবে অর্থের উৎস, উপহার বা ঋণের প্রমাণ এবং সম্পদের মালিকানা নিয়ে অসংগতি থাকলে আয়কর কর্তৃপক্ষের প্রশ্নের মুখে পড়তে পারেন।

পরিবারের সদস্যদের নামে সম্পদ কেনা বাংলাদেশে নতুন কিছু নয়। অনেকে ভবিষ্যৎ নিরাপত্তা, উত্তরাধিকার কিংবা পারিবারিক সম্পদ ব্যবস্থাপনার জন্য স্ত্রী, সন্তান বা মা-বাবার নামে জমি ও ফ্ল্যাট কেনেন। আবার কেউ নিজের অর্থে সম্পত্তি কিনে দলিল করেন পরিবারের অন্য সদস্যের নামে।

কিন্তু এ ধরনের লেনদেনে কয়েকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। সম্পত্তি কেনার টাকা কোথা থেকে এসেছে? যাঁর নামে সম্পত্তি কেনা হয়েছে, তিনি কি ওই সম্পদের প্রকৃত মালিক? অর্থটি কি উপহার, ঋণ, নাকি অন্য কোনো আর্থিক ব্যবস্থার মাধ্যমে দেওয়া হয়েছে? এসব প্রশ্নের সন্তোষজনক ব্যাখ্যা ও প্রমাণ না থাকলে আয়কর রিটার্নে সম্পদের হিসাব এবং কর নির্ধারণের সময় জটিলতা তৈরি হতে পারে।

আয়কর আইন কী বলে

আয়কর আইন ২০২৩-এর ৬৬ ধারায় দান, অনুদান বা উপহারকে সাধারণভাবে ‘অন্যান্য উৎস হতে আয়’ হিসেবে বিবেচনা করা হয়েছে। তবে ষষ্ঠ তফসিলের ৩৫ নম্বর দফায় নির্দিষ্ট আত্মীয়দের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া সম্পদকে মোট আয় থেকে বাদ দেওয়ার সুযোগ রয়েছে।

এই সুবিধার আওতায় রয়েছেন স্বামী-স্ত্রী, মা-বাবা, সন্তান এবং আপন ভাইবোন। তবে শর্ত হলো, দাতা ও গ্রহীতা—উভয়ের আয়কর রিটার্নে উপহারের তথ্য দেখাতে হবে।

ধরা যাক, একজন বাবা তাঁর মেয়েকে এক কোটি টাকার একটি ফ্ল্যাট উপহার দিলেন। বাবার বৈধ ও ঘোষিত আয়ের উৎস থেকে এই অর্থ এসেছে। সে ক্ষেত্রে বাবা তাঁর রিটার্নে উপহার দেওয়ার বিষয়টি দেখাবেন। মেয়ে নিজের রিটার্নে উপহার পাওয়া সম্পদ ও সম্পদের পরিমাণ বৃদ্ধির তথ্য উল্লেখ করবেন। আইনের শর্ত পূরণ হলে মেয়ের হাতে পাওয়া এই উপহার আয়করমুক্ত হতে পারে।

তবে একটি বিষয় মনে রাখতে হবে, আয়করমুক্ত হওয়া আর দানকরমুক্ত হওয়া এক বিষয় নয়। দুটি করের বিধান আলাদাভাবে বিবেচনা করতে হবে।

উপহার সম্পর্কে দানকর আইন কী বলে

বাংলাদেশে দানকর আইন ১৯৯০ অনুযায়ী, একজন ব্যক্তি স্বেচ্ছায় এবং কোনো প্রতিদান ছাড়া অন্য ব্যক্তিকে নগদ অর্থ, জমি, বাড়ি বা ফ্ল্যাট উপহার দিলে তা দান হিসেবে বিবেচিত হতে পারে।

এই আইনের ৪ ধারায় নির্দিষ্ট আত্মীয়দের উপহার দেওয়ার ক্ষেত্রে দানকর অব্যাহতি রয়েছে। তাঁরা হলেন ছেলে-মেয়ে, বাবা-মা, স্বামী-স্ত্রী ও আপন ভাইবোন।

এর অর্থ হলো, বাবা মেয়েকে জমি বা ফ্ল্যাট উপহার দিলে দানকর দিতে হবে না। তবে দাদা-নাতি, নানা-নাতনি, চাচা-ভাতিজা কিংবা মামা-ভাগনের মধ্যে উপহার শুধু পারিবারিক সম্পর্কের কারণে স্বয়ংক্রিয়ভাবে দানকরমুক্ত নয়।

অন্যদিকে জমি বা ফ্ল্যাট উপহার দেওয়া হলে সম্পত্তির মূল্য নির্ধারণে দানকর আইনের সংশ্লিষ্ট বিধান অনুসরণ করতে হয়। এ ক্ষেত্রে দানের তারিখে সম্পত্তিটির সম্ভাব্য বাজারমূল্য বিবেচনায় নেওয়া হবে। দলিলে কম মূল্য উল্লেখ করলেই কর নির্ধারণের ক্ষেত্রে সেই মূল্য গ্রহণ করা হবে, এমন নয়।

দানকর আইন অনুযায়ী, করযোগ্য উপহার দিলে পরবর্তী কর বছরের ১৫ সেপ্টেম্বরের আগে দানকর রিটার্ন জমা দিতে হয়।

ঋণ দিলে কী হবে

অনেকে ফ্ল্যাট বা প্লট কেনার জন্য পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের কাছ থেকে ঋণ নেন। এ ধরনের ঋণ নেওয়া বেআইনি নয়। অনেক সময় বাবা-মা সন্তানকে বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য টাকা দেন। কিন্তু সেটি উপহার নয়, ঋণ হিসেবে দেওয়া হয়। আবার স্বামী-স্ত্রীর মধ্যেও এমন আর্থিক লেনদেন হতে পারে।

আয়কর আইন ২০২৩-এর ৬৭ ধারার ১৩ উপধারা অনুযায়ী, ব্যাংকিং চ্যানেলের বাইরে পাঁচ লাখ টাকার বেশি ঋণ, অগ্রিম বা আমানত গ্রহণ করলে তা নির্দিষ্ট শর্তে ‘অন্যান্য উৎস হতে আয়’ হিসেবে বিবেচিত হতে পারে। তবে আইনে নির্দিষ্ট কিছু সম্পর্কের মধ্যে লেনদেনের ক্ষেত্রে ব্যতিক্রমের সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে ঋণদাতা ও ঋণগ্রহীতা—উভয়ের রিটার্নে লেনদেনের তথ্য দেখানো গুরুত্বপূর্ণ।

তাই পরিবারের সদস্যের কাছ থেকে ঋণ নিলে ঋণের পরিমাণ, শর্ত, পরিশোধের সময়সীমা এবং অর্থ লেনদেনের প্রমাণ সংরক্ষণ করা উচিত। পরে ঋণ মওকুফ করা হলে সেটি উপহার হিসেবে বিবেচিত হতে পারে। সে ক্ষেত্রে উপহারসংক্রান্ত করের বিধানও বিবেচনায় নিতে হবে।

সম্পত্তি কেনার অর্থের উৎসের প্রমাণ রাখুন

ধরা যাক, একজন চাকরিজীবী নিজের স্ত্রীকে মালিক দেখিয়ে এক কোটি টাকার একটি ফ্ল্যাট কিনেছেন। কিন্তু তাঁর আয়, ব্যাংক হিসাবের বিবরণী কিংবা আগের সম্পদের হিসাব থেকে এত টাকা খরচ করার সামর্থ্য পাওয়া যাচ্ছে না। তখন কর কর্তৃপক্ষ জানতে চাইতে পারে, ফ্ল্যাট কেনার অর্থ কোথা থেকে এসেছে।

এ ক্ষেত্রে অর্থের উৎস হতে পারে সঞ্চয়, ব্যবসা থেকে আয়, উত্তরাধিকার কিংবা স্ত্রীর কাছ থেকে নেওয়া ঋণ। তবে যে উৎসের কথা বলা হবে, তার পক্ষে গ্রহণযোগ্য প্রমাণ থাকতে হবে।

আয়কর আইনে ব্যাখ্যাহীন ব্যাংক জমা কিংবা ঘোষিত আয় ও ব্যয়ের সঙ্গে সম্পদের পরিমাণ বৃদ্ধির অসংগতি থাকলে তা ‘অন্যান্য উৎস হতে আয়’ হিসেবে বিবেচিত হওয়ার সুযোগ রয়েছে। তাই সম্পত্তি কেনার অর্থের উৎস এবং আয়কর রিটার্নে দেওয়া তথ্যের মধ্যে সামঞ্জস্য রাখা জরুরি।

যেসব কাগজপত্র সংরক্ষণ করবেন

পরিবারের সদস্যের নামে সম্পত্তি কেনা বা উপহার দেওয়ার ক্ষেত্রে ভবিষ্যতে করসংক্রান্ত জটিলতা এড়াতে কয়েকটি কাগজপত্র সংরক্ষণ করা দরকার। যেমন

১. অর্থের উৎসের প্রমাণ: সঞ্চয়, ব্যবসার আয়, উত্তরাধিকার বা অন্য কোনো উৎস থেকে পাওয়া অর্থের কাগজপত্র।

২. উপহারের দলিল: অর্থ বা সম্পত্তি উপহার দেওয়া হলে তার যথাযথ দলিল ও প্রমাণ।

৩. ঋণের চুক্তিপত্র: পরিবারের সদস্যের কাছ থেকে ঋণ নিলে ঋণের পরিমাণ, শর্ত ও পরিশোধের সময়সীমা উল্লেখ করে চুক্তিপত্র।

৪. ব্যাংক লেনদেনের প্রমাণ: অর্থ দেওয়া ও নেওয়ার ব্যাংক বিবরণী বা লেনদেনের রসিদ।

৫. আয়কর রিটার্ন: দাতা ও গ্রহীতা—উভয়ের রিটার্নে প্রাসঙ্গিক তথ্যের সামঞ্জস্য।