সম্প্রতি আইডিএলসি ফিন্যান্সের প্রধান কার্যালয়ে যৌথভাবে নতুন এই সেবা চালুর ঘোষণা দেন আইডিএলসি ফিন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন ও বিকাশের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আলী আহম্মেদ
সম্প্রতি আইডিএলসি ফিন্যান্সের প্রধান কার্যালয়ে যৌথভাবে নতুন এই সেবা চালুর ঘোষণা দেন আইডিএলসি ফিন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন ও বিকাশের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আলী আহম্মেদ

বিকাশেই খোলা যাবে আইডিএলসির এফডিআর

মাসের শেষে অনেক মানুষের হাতেই কিছু টাকা থাকে। সেই টাকা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে জমা রাখতে গেলে কাগজপত্র, শাখায় যাওয়া কিংবা নানা আনুষ্ঠানিকতার কথা ভেবে অনেকেই পিছিয়ে যান।

প্রযুক্তির মাধ্যমে সেই দূরত্ব ঘোচানোর চেষ্টা বেশ কয়েক বছর ধরেই চলছে। এত দিন মাসে মাসে ডিপিএসের টাকা জমানো যেত, এবার মুঠোফোনের অ্যাপ থেকে নির্দিষ্ট মেয়াদের জন্য টাকা রাখার সুযোগ তৈরি হয়েছে। খবর বিজ্ঞপ্তি।

আইডিএলসি ফিন্যান্স ও বিকাশ যৌথভাবে চালু করেছে ডিজিটাল এফডিআর সেবা। এর ফলে বিকাশ অ্যাপ ব্যবহার করে কাগজপত্র ছাড়াই আইডিএলসিতে এফডিআর খোলা যাবে। সঞ্চয়ের এই প্রক্রিয়ায় গ্রাহককে আর আলাদা করে আর্থিক প্রতিষ্ঠানের কার্যালয়ে যেতে হবে না।

বর্তমানে ১০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত এফডিআর খোলার সুযোগ আছে। মেয়াদ-ছয় মাস ও এক বছর। অর্থাৎ হাতে থাকা এককালীন কিছু টাকা ভবিষ্যতের জন্য আলাদা করে রাখতে চাইলে এখন মুঠোফোনের কয়েকটি ধাপেই তা করা যাবে।

শুধু এফডিআর খোলার সুবিধাই নয়, সঞ্চয়ের পরের কাজগুলোও ডিজিটাল পদ্ধতিতে করা যাবে। নির্দিষ্ট সময় অন্তর এফডিআরের মুনাফার টাকা গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে চলে আসবে। চাইলে অ্যাপ থেকেই ডিজিটাল রসিদ ডাউনলোড করে সংরক্ষণ করা যাবে। এ ছাড়া মেয়াদ শেষে এফডিআর স্বয়ংক্রিয়ভাবে নবায়নের সুবিধাও থাকছে।

সম্প্রতি আইডিএলসি ফিন্যান্সের প্রধান কার্যালয়ে নতুন এই সেবা চালুর ঘোষণা দেন প্রতিষ্ঠানটির সিইও ও ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন ও বিকাশের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আলী আহম্মেদ। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইডিএলসি ফিন্যান্সের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন বলেন, বিকাশের মাধ্যমে ডিপিএস সেবা চালুর পর এবার মেয়াদি আমানত যুক্ত করা হয়েছে। তাঁর আশা, এর মাধ্যমে আরও বেশি মানুষের কাছে সহজে সঞ্চয়ের সুযোগ পৌঁছে যাবে। প্রথাগত আর্থিক সেবার আওতার বাইরে থাকা মানুষকে প্রযুক্তির মাধ্যমে সঞ্চয়ে উৎসাহিত করার লক্ষ্য আছে বলে জানান তিনি।

বিকাশের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আলী আহম্মেদ বলেন, আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে সঞ্চয় সেবা মানুষের হাতের মুঠোয় নিয়ে আসার কাজ করছে বিকাশ। তাঁর আশা, নতুন এফডিআর সেবার মাধ্যমে মানুষ জমানো টাকা আরও কার্যকরভাবে ব্যবহার করতে পারবেন। তাঁদের ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা আরও ফলপ্রসূ হবে।

এর আগে প্রায় পাঁচ বছর ধরে বিকাশ অ্যাপের মাধ্যমে আইডিএলসি ফিন্যান্সের সাপ্তাহিক ও মাসিক ডিপিএস সেবা পাচ্ছেন গ্রাহকেরা। এবার সেই সেবার সঙ্গে যুক্ত হয়েছে এককালীন সঞ্চয়ের সুযোগ।

খাত–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, সঞ্চয়ের ক্ষেত্রে প্রযুক্তির এই ব্যবহারের কারণে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে মানুষের অভ্যাসে। আগে সঞ্চয়ের জন্য আলাদা জায়গা, সময় ও আনুষ্ঠানিকতার প্রয়োজন হতো। এখন সঞ্চয় চলে এসেছে হাতের মুঠোয় থাকা ফোনের অ্যাপে। ফলে প্রাতাষ্ঠানিক সঞ্চয় আগের চেয়ে অনেক সহজ হয়েছে।