এডিপি

প্রকল্পে ছোট ছোট অদ্ভুত খরচ 

প্রায় প্রতিটি প্রকল্পেই শিক্ষাভাতা, আনন্দ অনুষ্ঠান, সিল বানানো, জিমনেসিয়ামের যন্ত্রপাতি ও মুঠোফোন কেনার মতো খরচ করা যোগ হয়। 

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)

উন্নয়ন প্রকল্পের খরচ মানেই আমাদের চোখের সামনে ভাসে ইট-পাথর ও রড-সিমেন্ট ক্রয় আর বড় বড় অবকাঠামো নির্মাণের চিত্র। জানলে অবাক হবেন যে বড় বড় খরচের আড়ালে প্রকল্পে ছোট আকারের ‘অদ্ভুত’ সব খরচ দেখা যায়। যেমন শিক্ষাভাতা, আনন্দ অনুষ্ঠান, সিল, জিমনেসিয়ামের যন্ত্রপাতি ও মুঠোফোন—এসবের জন্য অর্থ খরচ করা হয়। এ জন্য প্রকল্পে দুই–চার–ছয় লাখ টাকা করে কিংবা ক্ষেত্রবিশেষে বড় অঙ্কের খরচও ঢোকানো হয়। তবে অভিযোগ আছে, এসব খাতে বরাদ্দের টাকা খুব একটা খরচ হয় না। এগুলো প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা ‘খরচ দেখিয়ে’ উঠিয়ে নেন। 

এ বিষয়ে জানতে চাইলে সাবেক সচিব ও উন্নয়ন প্রকল্প বিশেষজ্ঞ মুহাম্মদ ফাওজুল কবির খান প্রথম আলোকে বলেন, প্রকল্পে অপ্রয়োজনীয় ও অতিরিক্ত বরাদ্দ বাদ দেওয়া উচিত। কারণ, এসব বরাদ্দ উন্নয়ন প্রকল্পের বাজেট আটকে রাখে। এ ধরনের ছোট ছোট বরাদ্দ খরচ হয় না, নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা হওয়ার সুযোগ থাকে। এ ধরনের ছোট বরাদ্দগুলো দুর্নীতির উৎস হিসেবে কাজ করে। 

এ ধরনের ছোট ছোট বরাদ্দ খরচ হয় না, নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা হওয়ার সুযোগ থাকে। এই বরাদ্দ দুর্নীতির উৎস হিসেবে কাজ করে। 
মুহাম্মদ ফাওজুল কবির খান, সাবেক সচিব

এবার এমন কিছু অদ্ভুত খরচ খাতের উদাহরণ দেওয়া যেতে পারে। চলতি ২০২২–২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এখন পর্যন্ত অর্ধশতাধিক প্রকল্প পাস হয়েছে। সরকারিভাবে কৃচ্ছ্রসাধনের নির্দেশনা থাকলেও ছোট ছোট বরাদ্দের খরচ কমানো যাচ্ছে না। প্রায় প্রতিটি প্রকল্পেই এ ধরনের খরচের খাত আছে। 

নারায়ণগঞ্জ সদর উপজেলায় জলাবদ্ধতা নিরসনে চলতি অর্থবছরে ১৪৯ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়। বর্ষাকালে উপজেলার বিভিন্ন এলাকার জলাবদ্ধতা দূর করাই আড়াই বছর মেয়াদি এই প্রকল্পের উদ্দেশ্য। কিন্তু প্রকল্পটির আওতায় তিনজন কর্মকর্তা শিক্ষাভাতা বাবদ অর্থ পাবেন। মূলত তাঁদের সন্তানদের পড়াশোনার জন্য এই ভাতা দেওয়া হবে। এই খাতে বরাদ্দ আছে দেড় লাখ টাকা। এ ছাড়া জলাবদ্ধ এলাকার শোভা বাড়ানোর নামে সাড়ে চার লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। 

নাবিক ও প্রবাসী শ্রমিকদের থাকা ও বিশ্রামের জন্য চট্টগ্রামে সিম্যান্স হোস্টেল নির্মাণে ৫৯ কোটি টাকা খরচ করা হবে। প্রকল্পের মেয়াদ ২০২২ সালের জুন থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত। কিন্তু আড়াই বছর মেয়াদি এই প্রকল্পে কিনা জিমনেসিয়ামের জিনিসপত্র কেনার জন্য ৫৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে! 

দেশের যেসব উপজেলায় দুধের ঘাটতি আছে, সেগুলোতে সমবায় কার্যক্রম বাড়াতে এ বছর ১৫৭ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়। এর মেয়াদ চার বছর। এ প্রকল্পেও কিছু অদ্ভুত খরচ ঢোকানো হয়েছে। যেমন বিভিন্ন সরকারি দপ্তরে চিঠিপত্র পাঠানোর ডাক মাশুল বাবদ ১ লাখ টাকা, তিনজন কর্মীর নাশতার জন্য ২৯ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া প্রকল্প পরিচালকের অতিথি আপ্যায়নের জন্য বরাদ্দ ২ লাখ টাকা। আছে শিক্ষাভাতাও। 

রংপুর জেলার পীরগঞ্জ, হারাগাছ ও বদরগঞ্জ পৌরসভার অবকাঠামো উন্নয়নে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে। ভবন ও রাস্তাঘাট নির্মাণে আগামী দুই বছরে ৫৭ কোটি টাকা খরচ করা হবে। এ প্রকল্পে ঠিকাদারদের সঙ্গে চুক্তিপত্র করতে স্ট্যাম্প কেনা হবে। আবার কর্মকর্তাদের স্বাক্ষরের জন্য বানানো হবে সিল। এ জন্য ৩ লাখ টাকা বরাদ্দ। আবার প্রকল্পের বিভিন্ন ধরনের দলিল মুদ্রণ ও বাঁধাইয়ের জন্য দেড় লাখ টাকা বরাদ্দ আছে। 

দারিদ্র্য বিমোচনে সঞ্চয়কে প্রাধান্য দিতে পল্লী ও সমবায় বিভাগ ১৪৯ কোটি টাকার ‘রূপকল্প ২০৪১: দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র সঞ্চয় যোজন’ শীর্ষক প্রকল্প নেয় গত জুলাই মাসে। তিন বছর মেয়াদি এই প্রকল্পে কর্মীদের জন্য ২০০টি মুঠোফোন কেনা হবে। এ জন্য ৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রশ্ন হচ্ছে, এখন কোনো সরকারি কর্মচারীর কাছে মুঠোফোন নেই, তা কি ভাবা যায়? আবার স্ট্যাম্প-সিল কিনতে ৬ লাখ টাকা ও দুটি সেমিনার করতে ১০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। 

এ বিষয়ে পরিকল্পনাসচিব মো. মামুন আল রশীদ প্রথম আলোকে বলেন, ‘কৃচ্ছ্রসাধনের এ সময়ে আমরা বাহুল্য খরচ কমানোর চেষ্টা করছি। যাচাই–বাছাইয়ের সময় সাধারণত বড় বড় বরাদ্দ কমানোর দিকে বেশি নজর থাকে। অনেক সময় ছোট ছোট বরাদ্দের খাতগুলো চোখ এড়িয়ে যায়। ইতিমধ্যে বহু প্রকল্পে ছোট ছোট অপ্রয়োজনীয় খরচও কমানো হয়েছে।’