এনবিআরের আংশিক অটোমেশনে মানুষের হয়রানি বন্ধ হবে না

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব আদায় বাড়াতে এবং করদাতাদের হয়রানি বন্ধে অটোমেশন করলেও তা পুরোপুরি বাস্তবায়ন করতে না পারায় করদাতা ও ব্যবসায়ীদের হয়রানি কমছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁরা এনবিআরের অভ্যন্তরে এবং বাইরের সংশ্লিষ্ট বিভাগ ও প্রতিষ্ঠানের সঙ্গে টেকসই অটোমেশন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন।

আজ সোমবার রাজধানীর একটি হোটেলে এসএমএসি আইটি লিমিটেড আয়োজিত ‘ট্রানজিশনিং ট্যাক্স কমপ্লায়েন্স টু ডিজিটাল প্ল্যাটফর্ম’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বিশেষজ্ঞ ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা এসব কথা বলেন।


অনুষ্ঠানে ব্যবসায়ী নেতা ও নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ভ্যাট রিটার্ন অনলাইনে জমা দিতে হয়, আবার অফিসে যাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। অর্থাৎ ডিজিটাল পদ্ধতি হলেও কার্যত ম্যানুয়াল ব্যবস্থা রয়ে গেছে। এতে ব্যবসায়ীদের হয়রানি কমছে না।

ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সাবেক সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘ডিজিটাল করার উদ্দেশ্য হোক যাতে করদাতাদের কর অফিসে না যাওয়া লাগে। সেখানে গেলেই আমিও (করদাতা) শেষ আপনিও (রাজস্ব বিভাগ) শেষ। কারণ, ওখানে যাওয়ার ক্ষেত্রে সবাই ভীত।’ এনবিআরের উদ্দেশে তিনি বলেন, টেকনোলজি আনতে হবে, কিন্তু তা যেন জটিল না হয়। এর বাস্তবায়ন করতে হবে ধাপে ধাপে।

এ সময় ব্যক্তিশ্রেণির করদাতাদের ওপর চাপ প্রয়োগ না করার আহ্বান জানিয়ে মাহমুদুল হাসান বলেন, তাঁদের ওপর চাপ বাড়িয়ে জিডিপিতে করের অবদান (ট্যাক্স টু জিডিপি) বাড়ানো যাবে না।

আলোচনায় অংশ নিয়ে প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন বলেন, আধাআধি কিংবা যৎসামান্য ডিজিটাইজেশন দিয়ে এনবিআরের উদ্দেশ্য পূরণ হবে না। কর কর্মকর্তা ও করদাতা যাতে মুখোমুখি না হতে হয়, তার ব্যবস্থা করতে হবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে কর আদায়ের চাপ আরও বাড়বে, কেননা কর-জিডিপির অনুপাত বাড়ানোর জন্য এনবিআরের সামনে আর কোনো পথ খোলা নেই।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. মাহবুবুল আলম তাঁর বক্তব্যে হয়রানির প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ‘আমরা কর দিতে চাই কোনো হয়রানি ছাড়া। যারা কর দিচ্ছে, বারবার তাদের ওপর চাপ বাড়ে।’

মো. মাহবুবুল আলম বলেন, কর ফাইল জমা দেওয়ার পর একজন কর কমিশনার তা অনুমোদন দেন। নতুন কমিশনার আসার পর তা দ্বৈবচয়নের ভিত্তিতে আবার ওপেন করেন। অটোমেশনের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আয়কর, ভ্যাট দিতে চাই। কিন্তু এনবিআরের বিভিন্ন বিভাগেরই এখনো অটোমেশন হয়নি।’

এনবিআর করদাতার কাছ থেকে অগ্রিম আয়কর কেটে নেওয়ার পর তা আর ফেরত দেওয়া কিংবা সমন্বয় করা হচ্ছে না বলে অভিযোগ ওঠে ব্যবসায়ীদের কাছ থেকে। বিকেএমইএ নেতা মোহাম্মদ হাতেম এমন অভিযোগ করার পর একই প্রসঙ্গে কথা বলেছেন এফবিসিসিআই সভাপতিও। মো. মাহবুবুল আলম বলেন, যদি ফেরত না দেবেন, তাহলে নিচ্ছেন কেন?

অনুষ্ঠানে এসএমএসি আইটি লিমিটেডের পরিচালক স্নেহাশিষ বড়ুয়া ডিজিটাল ব্যবস্থায় আয়কর রিটার্ন পূরণে প্রতিষ্ঠানটির উদ্ভাবিত নতুন সফটওয়্যার ‘ট্যাক্সডু’ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, এ পদ্ধতিতে মাত্র কয়েক মিনিটে একজন করদাতা আয়কর রিটার্ন পূরণ করতে পারবেন এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা অর্থাৎ বিকাশ, নগদ বা এ-জাতীয় সেবার মাধ্যমে করের অর্থ পরিশোধ করতে পারবেন।

অনুষ্ঠানে এনবিআর সদস্য ইকবাল হোসেন এসএমএসি আইটি লিমিটেডের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন এবং এ বিষয়ে এনবিআরের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা করা যায় কি না, তা বিবেচনা করা হবে বলেও জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসএমএসি আইটি লিমিটেডের পরিচালক জেরিন মাহমুদ হোসেন। এ ছাড়া অন্যদের মধ্যে পাঠাও-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ, একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, বাংলাদেশ আয়কর আইনজীবী সমিতির সভাপতি মো. সোহরাব উদ্দিন, ঢাকা আয়কর আইনজীবী সমিতির সভাপতি বি এন দুলাল, বিকাশ-এর সিএফও মঈনউদ্দিন মোহাম্মদ, ব্র্যাক ব্যাংকের সিএফও মো. মাসুদ রানা, রবির হেড অব করপোরেট অ্যাফেয়ার্স শাহেদ আলম, রেনাটা লিমিটেডের সিএফও মোস্তফা আলীম আওলাদ প্রমুখ বক্তব্য দেন।