
প্রথম আলো ডটকম আয়োজিত নবম ‘অনলাইন আবাসন মেলা’ সফলভাবে সম্পন্ন হয়েছে। www.abashomela.pro ওয়েবসাইটে ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ১০ দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়।
এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রিয়েল এস্টেট কানেক্ট বাংলাদেশ’ শীর্ষক আয়োজন। ১০ অক্টোবর, শনিবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এটি অনুষ্ঠিত হবে। আয়োজনটিতে দেশের শীর্ষ আবাসন ব্যবসায়ী, ডেভেলপার, ইন্ডাস্ট্রি লিডার, আর্কিটেক্ট, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং মার্কেটিয়ার ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।
আয়োজনের প্রথম পর্বে অনুষ্ঠিত হবে পাঁচটি সেশন। ‘পিভট টু ট্রাস্ট: দ্য রিয়েল এস্টেট ওয়ে’ শীর্ষক প্রথম সেশনের স্পিকার হিসেবে থাকবেন অ্যাচিভ কনসাল্টিংয়ের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল। তিনি গ্রাহকের আস্থা অর্জন এবং তার মাধ্যমে ব্যবসাকে দীর্ঘ মেয়াদে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর কৌশল তুলে ধরবেন।
‘রিয়েল এস্টেট ইন ট্রানজিশন: চ্যালেঞ্জেস, অপরচুনিটিজ অ্যান্ড দ্য ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক দ্বিতীয় সেশনটির স্পিকার হিসেবে থাকবেন বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেডের (বিটিআই) প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান। আবাসন খাতে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থেকে তিনি এ খাতের বর্তমান রূপান্তর, নিত্যনতুন চ্যালেঞ্জ এবং সেগুলো উত্তরণের উপায় নিয়ে কথা বলবেন।
প্রথম প্যানেল ডিসকাশনটি অনুষ্ঠিত হবে ‘ফিউচার অব রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি’ বিষয়ে। সঞ্চালনা করবেন এসিআই প্রপার্টিজের পরিচালক তানভীর শাহরিয়ার রিমন। প্যানেলিস্ট হিসেবে থাকবেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির হোসেন খান, র্যানকনের ডিভিশনাল ডিরেক্টর অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মাশিদ রহমান, ইস্টার্ন ব্যাংক পিএলসির ইভিপি ও হেড অব অ্যাসেট মোহাম্মদ সালেকীন ইব্রাহিম এবং আইপিডিসি ফাইন্যান্সের হেড অব রিটেইল বিজনেস মোহাম্মদ মনিরুল ইসলাম।
এরপর অনুষ্ঠিত হবে বিশেষ ব্রেকআউট সেশন। ‘এআই ইন রিয়েল এস্টেট’ শীর্ষক সেশনটির স্পিকার হিসেবে থাকবেন বিজনেস স্ট্র্যাটেজিস্ট ও করপোরেট ট্রেইনার মার্ক অনুপম মল্লিক। রিয়েল এস্টেট খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের সুযোগ, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে কথা বলবেন তিনি।
দিনের শেষ সেশনটি অনুষ্ঠিত হবে ‘দ্য রিয়েল এস্টেট রিসেট: পলিসি, প্রোগ্রেস অ্যান্ড পসিবিলিটিজ’ বিষয়ে। সঞ্চালনা করবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়েল এস্টেট বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. আমির আহমেদ। প্যানেলিস্ট হিসেবে অংশ নেবেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি ড. আলী আফজাল, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সাবেক সভাপতি ও নগর–পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান, স্পেসজিরো লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ফয়েজ উল্যাহ, বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তানভীরুল হক প্রবাল এবং এবিসি রিয়েল এস্টেটের ম্যানেজিং ডিরেক্টর শ্রাবন্তী দত্ত।
আয়োজকেরা জানান, আবাসন খাতের পেশাজীবী, উদ্যোক্তা ও শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময় এবং শক্তিশালী নেটওয়ার্ক তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ। সংশ্লিষ্ট পেশাজীবী, শিক্ষার্থীসহ আগ্রহীরা নিবন্ধনের মাধ্যমে এ আয়োজনে অংশ নিতে পারবেন। নিবন্ধন করতে হবে ওয়েবসাইটে (https://abashonmela.pro/real-estate-connect-bangladesh)। আসনসংখ্যা সীমিত।
আয়োজনের দ্বিতীয় পর্বে থাকবে অনলাইন আবাসন মেলার পৃষ্ঠপোষক, সহযোগী ও অংশগ্রহণকারীদের নিয়ে সম্মিলন এবং অভিজ্ঞতা বিনিময়। এ ছাড়া এবারের মেলায় প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে তিনটিকে ‘মোস্ট ভিজিটেড প্রজেক্ট’ হিসেবে দেওয়া হবে বিশেষ সম্মাননা।
আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত উদ্যোগ অনলাইন আবাসন মেলার এবারের আয়োজনে দেশের শীর্ষ ২৫টির বেশি আবাসন ও রিয়েল এস্টেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্প প্রদর্শিত হয়। ক্রেতা ও দর্শনার্থীরা ওয়েবসাইটে ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্পেসের তথ্য যাচাই করতে পেরেছেন। এ ছাড়া ভিডিও রিভিউ, বিশেষজ্ঞদের পরামর্শ ও আবাসন কুইজ খেলার পাশাপাশি ব্যাংকিং ও লোন–সুবিধার নানা দিক সম্পর্কে জানার সুযোগ ছিল।